ভারতের বিভিন্ন স্থানে প্রচণ্ড ধূলিঝড়, কমপক্ষে ৯৫ জনের প্রাণহানি

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশ ও রাজস্থানে ধূলিঝড়ে কমপক্ষে ৯৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবারের ওই ঝড়ে ওই সব রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় এবং অসংখ্য বাড়িঘর ধ্বংস ও গাছ উপড়ে যায়। ঝড়ে অনেক গবাদিপশুও মারা গেছে।
বুধবার উত্তর প্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ডে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঝড়বৃষ্টিতে পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশেও ব্যাপক ক্ষতি হয়েছে। দিল্লিতে ঝড়ে বিদ্যুৎবিভ্রাট ঘটে। বিমান চলাচল ব্যাহত হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, গ্রীষ্মকালে ভারতের উত্তরাঞ্চলে প্রায়ই ধূলিঝড় হয়ে থাকে। তবে এই বিপুল হারে প্রাণহানির ঘটনা বেশ অস্বাভাবিক। উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর মধ্যে আগ্রা শহরেই মারা গেছেন ৪৩ জন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ত্রাণ কার্যক্রমে জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রাজস্থানের তিনটি শহরেও ধূলিঝড় হয়েছে। এই শহরগুলো হলো-আলওয়ার, ভরতপুর ও ঢোলপুর। এই তিন শহরে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, বিজনরে ৩ জন, সাহারানপুরে ২ জন ও বেরিলিতে ১ জনের মৃত্যু হয়েছে।
ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি অনেক গাছ উপড়ে গেছে। ঘরবাড়ি ধসে পড়েছে। বাড়ি ধসে পড়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজস্থানের কর্মকর্তারা। হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও সেবা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তিনি। এক টুইট বার্তায় বসুন্ধরা রাজে বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। পরিস্থিতি সামলানোর জন্য আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল প্রতিকূল আবহাওয়ার কারণে ১৫টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইটও ছিল। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শহরে আঘাত হানে।
এদিকে আকস্মিক ধূলিঝড়ে লন্ডভন্ড হয়েছে পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশও। পাঞ্জাবের মহালি, জিরাকপুর, লুধিয়ানা ও মুকটসার জেলা ধূলিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার। রাস্তায় যান চলাচল ব্যাপক বাধাগ্রস্ত হয়। হরিয়ানা প্রদেশের পঞ্চকুলা, কারনাল, মহেন্দ্রনগর ও আমবালাতেও ধূলিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজধানী দিল্লিতেও আঘাত হানে ধূলিঝড়। গতকাল সন্ধ্যা পর্যন্ত সেখানে ভারী বৃষ্টিপাত হয়েছে। ধূলিঝড়ে প্রাণহানির ঘটনায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় ভারতের বিভিন্ন প্রান্তে ধূলিঝড়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।