ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্য প্রিন্স লুইসের ঘরোয়া ছবি প্রকাশ

ঘুমিয়ে থাকা ভাইয়ের কপালে চুমু খাচ্ছে ছোট্ট প্রিন্সেস। এক হাত দিয়ে আলিঙ্গন করে রেখেছে ভাইকে। মায়ামাখা আদুরে ছবিটি প্রকাশ করেছেন এই শিশুদের বাবা-মা প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্য প্রিন্স লুইস আর্থার চার্লসের দুটি ছবি প্রকাশ করেছেন এই দম্পতি। বাড়িতে তোলা নবজাতক প্রিন্সের ছবি এই প্রথম প্রকাশ করলেন তাঁরা।

আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেনসিংটন প্যালেসে ঘরোয়া আবহে রাজপরিবারের নতুন এই শিশুর দুটি ছবি প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী যুবরাজ প্রিন্স উইলিয়ামের তৃতীয় সন্তান লুইস। নতুন এই রাজপুত্র প্রিন্স লুইস অব কেমব্রিজ নামেও পরিচিত হবে। গত ২৩ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে লুইসের জন্ম হয়।

২ মে ছিল লুইসের বোন প্রিন্সেস শার্লটের তৃতীয় জন্মদিন। বাড়িতে ঘুমিয়ে থাকা ভাইয়ের কপালে শার্লটের চুমু খাওয়ার ছবিটি সেদিন তোলা হয়। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে, সাদা কুশনে সাদা পোশাক পরে তাকিয়ে রয়েছে নবজাতক লুইস। ছবিটি গত ২৬ এপ্রিল তোলা হয়। ওই সময় লুইসের বয়স ছিল তিন দিন। কেনসিংটন প্যালেসে দুটি ছবিই তুলেছেন ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটন।
তবে নতুন প্রিন্সের সঙ্গে তার ভাই প্রিন্স জর্জের কোনো ছবি দেওয়া হয়নি। এ বছরের জুলাই মাসে জর্জের পাঁচ বছর হবে। সর্বশেষ জর্জকে জনসমক্ষে দেখা গিয়েছিল লুইসের জন্মের দিন। ওই দিন বাবা ও বোনের সঙ্গে সে সেন্ট মেরি’স হাসপাতালে নতুন ভাইকে দেখতে যাচ্ছিল।

কেনসিংটন প্যালেস জানিয়েছে, ছবি দুটি প্রকাশ করতে পেরে প্রিন্স ও রাজবধূ খুবই আনন্দিত। প্রিন্স লুইসের জন্মের পর এবং প্রিন্সেস শার্লটের তৃতীয় জন্মদিন উপলক্ষে জনসাধারণ যে ভালোবাসা প্রকাশ করে বার্তা দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।