ভারতের মহারাষ্ট্রে ছেলেধরা সন্দেহে ৫ জনকে পিটিয়ে হত্যা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসী-অধ্যুষিত একটি জেলা ধুলে। এ জেলার রানীপাড়ায় গতকাল রোববার ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। এলাকায় বেশ কিছুদিন ধরে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়েছিল। তারই রেশে গতকাল গ্রামবাসী পাঁচজনকে ছেলেধরা সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।

পুলিশ জানিয়েছে, রানীপাড়ায় বেশ কজন যাত্রী বাস থেকে নামে। এ সময় ওই বাসস্ট্যান্ডে কয়েকজন যাত্রীকে একটি শিশুর সঙ্গে কথা বলতে দেখে এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে তাদের ছেলেধরা সন্দেহে মারধর শুরু করে। পরে পাঁচজনই মারা যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে পাঠিয়ে দেয় স্থানীয় পিলখানার হাসপাতালে।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেধরা আসার গুজব ছড়ায়। ১৪ শিশুকে ছেলেধরা নিয়ে গেছে বলে প্রচার পায়। এর ভিত্তিতে গুজরাট, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকে একের পর এক ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছে।