এনআরসির জেরে বাংলাভাষীদের হেনস্তার অভিযোগ

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকায় বাদ পড়েছে ৪০ লাখ বাঙালির নাম। এই এনআরসির জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাভাষীদের ধরপাকড় ও হেনস্তা করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি ও মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী।
অধীর চৌধুরী বলেছেন, এখন দিল্লিতে বাংলাভাষীদের অকারণে সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে পুলিশ ধরে নিয়ে হেনস্তা শুরু করেছে। বিশেষ করে আসামের এনআরসির তালিকা পেশের পর দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গ থেকে কাজের জন্য যাওয়া বাংলাভাষীদের ধরপাকড় ও হেনস্তা করা শুরু করেছে।
মুর্শিদাবাদের এই সাংসদ বলেন, কাজের জন্য এখন পশ্চিমবঙ্গের বহু মানুষ দিল্লিতে পাড়ি জমাচ্ছেন। মূলত তাঁরা আবাসনশ্রমিক হিসেবে দিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকা নয়ডা ও গাজিয়াবাদ অঞ্চলে থাকেন এবং কাজও করছেন। এই সব শ্রমিকের বেশির ভাগ পশ্চিমবঙ্গের মালদহ এবং মুর্শিদাবাদের। তাঁরা ওই সব এলাকার ছোট ছোট ঘর ভাড়া নিয়ে বাস করেন। কিন্তু এনআরসি প্রকাশের পর হেনস্তার শিকার হচ্ছেন এই বাংলাভাষী শ্রমিকেরা। তাঁদের সন্দেহজনক চিহ্নিত করে ধরে থানায় নিচ্ছে দিল্লি পুলিশ। শুধু নির্মাণশ্রমিকই নন, বহু নারীও এসব এলাকায় গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করছেন।
এই হেনস্তার বিরুদ্ধে মুখ খুলে মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে এই অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। বাংলাভাষীদের যেন মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ হেনস্তা না করে—এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।