মোদি দেখালেন ট্রাফিক আইন কতটা মেনে চলেন

গাড়িতে চড়েই সিট বেল্ট বেঁধে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: টুইটারের সৌজন্যে
গাড়িতে চড়েই সিট বেল্ট বেঁধে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: টুইটারের সৌজন্যে

গাড়িতে উঠেই মোদি আসনবন্ধনী বা সিট বেল্ট বেঁধে নিলেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে এমনটি দেখা গেছে। ট্রাফিক আইন মেনে চলায় অন্যদের উৎসাহ জোগাতে এই ভিডিও প্রকাশ করা হয়। সড়কের নিরাপত্তায় জনসচেতনতাবিষয়ক এই ভিডিওতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এ ব্যাপারে কতটা সচেতন।

ভারতের সড়ক, পরিবহন ও হাইওয়ে মন্ত্রণালয় সড়কের নিরাপত্তার জন্য সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। এই মন্ত্রণালয়ের বার্তা হলো, ‘সড়কের সুরক্ষা, জীবন রক্ষা’।

ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে পিআইবি বলেছে, সিট বেল্ট বেঁধে ট্রাফিক আইন মেনে চলুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সিট বেল্ট বাঁধলে ৪৫ থেকে ৬০ শতাংশ দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ২০১৭ সালে পরিচালিত জরিপ বলছে, যাঁরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, তাঁদের মাত্র ২৫ শতাংশ নিয়মিত সিট বেল্ট ব্যবহার করেন।

এ মাসের শুরুতে ভারতের অভিনেতা অক্ষয় কুমার ‘সড়ক সুরক্ষা জীবন রক্ষা’ নামে সচেতনতামূলক প্রচার চালান।