আগে ওদের উদ্ধার করুন

বাড়ির চারপাশে পানি বেড়ে যাচ্ছে হু হু করে। পানি ঢুকে পড়েছে ঘরেও। বন্যাকবলিত অঞ্চলে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৪০০ মানুষ। মানুষের সঙ্গে আটকা পড়েছে বিপুলসংখ্যক পোষা প্রাণী। এমন পরিস্থিতিতে নিজের জীবন বাঁচানোটাই প্রধান ও প্রাথমিক কাজ। কিন্তু সুনিথা আর তাঁর স্বামী উদ্ধারকারী দলকে পরিষ্কার জানিয়ে দিলেন, ‘আমাদের সঙ্গে ২৫টি পোষা কুকুর রয়েছে। আগে ওদের উদ্ধার করুন। তারপর আমরা যাব।’
সুনিথা বলেন, ‘আমাদের প্রতিবেশীরা আশপাশের বিদ্যালয় এবং আশ্রয়কেন্দ্রগুলোতে চলে গেছেন। উদ্ধারকারী দল বলেছে, কুকুরগুলোকে রিলিফ ক্যাম্পে নেওয়া যাবে না।’
উপায় না দেখে উদ্ধারকারী দল ফিরে যায়। ২৫টি কুকুরসহ একই বিছানায় ঠাসাঠাসি করে দিন কাটাতে শুরু করেন সুনিথা ও তাঁর স্বামী। এরপর প্রাণী উদ্ধারকারী দল এসে কুকুরগুলোকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। উদ্ধার করা হয় ওই দম্পতিকেও। ভারতের বন্যাকবলিত অঞ্চল কেরালার থ্রিসুরের এক দম্পতির গল্প এটি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একজন উদ্ধারকর্মী তাঁর নিজের লাইফজ্যাকেট খুলে একটি কুকুরকে পরিয়ে দিচ্ছেন, যাতে কুকুরটি সহজে পাড়ে উঠতে পারে। উদ্ধারকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দারাও দেশীয় নৌকায় করে কুকুর, বিড়াল, ছাগলসহ অন্যান্য পোষা প্রাণী উদ্ধারে কাজ করছে।
কেরালায় এখন এমন ঘটনা পাওয়া যাবে ভূরি ভূরি। বলা হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী উদ্ধারকাজ চলছে কেরালায়। উদ্ধার করা হচ্ছে হাজারো পোষা প্রাণী। হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল নামের একটি প্রাণী উদ্ধারকারী দলের সদস্য শেলী ভার্মা বিবিসি অনলাইনকে জানান, তাঁদের স্বেচ্ছাসেবী সদস্যরা কুকুরগুলোকে উদ্ধারে শিগগিরই পৌঁছাবে। বন্যায় আক্রান্ত প্রাণীগুলো উদ্ধারে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভার্মা বলেন, তিনি এর মধ্যেই অর্থ সংগ্রহ শুরু করেছেন, যাতে বন্যার পানি নেমে যাওয়ার পর কুকুরগুলোর মালিকের বাড়িতে কুকুরের জন্য আলাদা ঘর বানানো যায়।
শতাব্দীর ভয়াবহ বন্যার শিকার হয়েছে কেরালা। নারী-শিশুসহ হাজারো মানুষ এখনো আটকা পড়ে আছে। ১০ লাখের বেশি মানুষ হয়েছে বাস্তুচ্যুত।