কর্ণাটক রাজ্যে পৌর ভোটে কংগ্রেস এগিয়ে

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বড় শহর, আধা শহর ও ছোট শহরগুলোর পৌরসভা ভোটে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গেল কংগ্রেস। অবশ্য সামান্য ব্যবধানে।

মোট ২২ জেলার ২ হাজার ৬৬২ আসনের মধ্যে কংগ্রেস জেতে ৯৮২ আসন, বিজেপি ৯২৯ এবং ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) ৩৭৫টি আসন। জয়ী স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা ৩২৯। বিধানসভা ভোটে জনতা দলের জোট সঙ্গী বহুজন সমাজ পার্টি জিতেছে মাত্র ১৩টি আসন। সিপিআই, সিপিএম ও এনসিপি একটি আসনও জিততে পারেনি।

তিন বড় শহর মাইসুরু, শিবমোগা ও টুমকুরুতে অবশ্য বিজেপি একক গরিষ্ঠ। কিন্তু শুধু মাত্র শিবমোগাতেই তারা বোর্ড গড়তে পারবে যেহেতু ৩৫ আসনের মধ্যে তারা একাই পেয়েছে ২০টি। মাইসুরু ও টুমকুরুতে কংগ্রেস-জেডিএস জোট বিজেপির চেয়ে বেশি। পৌরভোটে হার স্বীকার করে নিয়েছেন বিজেপির নেতা সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

বিধানসভা ভোটে বিজেপি একক গরিষ্ঠ দল হলেও কংগ্রেস ও জনতা দল জোট বেঁধে সরকার গড়েছে। অধিকাংশ পুরসভায় বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতে ভোটের ফল প্রকাশের আগেই দুই দল জোট বেঁধে পুর বোর্ড গঠনের কথা জানিয়ে দেয়। জনতা দলের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়া জানান, বিজেপিকে দূরে রাখতে কংগ্রেস ও জেডিএস একসঙ্গে পথ চলবে। রাজ্যে জোট থাকলেও পৌরসভার ভোটে এই দুই দল অবশ্য আলাদাভাবে লড়েছে। ত্রিমুখী সেই লড়াইয়ে বিজেপিকে হারানোটা কংগ্রেস ইতিবাচক বলেই মনে করছে। দলের নেতারা বলছেন, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জৌলুশ যে কমছে এই ভোট তার প্রমাণ।

ইয়েদুরাপ্পা অবশ্য বলেছেন, রাজ্যের মানুষ বিজেপির দিক থেকে মুখ ফিরিয়েছেন এবং এই ফল আগামী লোকসভার ভোটের আগাম ছবি তেমন মনে করার কোনো কারণ নেই।