আসামের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ

ভারতের আসাম রাজ্যের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ। আসামও চায় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সফল রূপ দিতে। গতকাল বৃহস্পতিবার গুয়াহাটিতে আসাম সরকারের মুখ্য সচিবের সঙ্গে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের বৈঠকে এই আলোচনা হয়।
আসামের রাজধানী গুয়াহাটির রাজ্য সচিবালয় জনতা ভবনে আসামের মুখ্য সচিব অলোককুমার এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাহ মহম্মদ তানভির মনসুর সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়।
বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাহ মহম্মদ তানভির মনসুর জানান, বৈঠক খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। বৈঠকে যোগাযোগব্যবস্থার উন্নয়ন বিশেষ প্রাধান্য পায়। তবে দ্বিপক্ষীয় প্রায় সব বিষয় নিয়েই খোলামেলা আলোচনা হয়। বৈঠকে সড়ক, নৌ ও বিমান তিন ক্ষেত্রেই যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে ঢাকা ও গুয়াহাটির মধ্যে বিমান চলাচল নিয়ে কথাবার্তা হয়। ঢাকা-শিলং বাস সার্ভিসকে গুয়াহাটি পর্যন্ত নেওয়া নিয়ে আলোচনা হয়।
সম্প্রতি আসামের সঙ্গে নৌপরিবহন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে। বৈঠকে দুজনই যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের উন্নতির বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মোটরযান চলাচল চুক্তির বাস্তবায়ন নিয়েও তাঁদের মধ্যে কথা হয়। আসামের সঙ্গে বাংলাদেশের পর্যটক বিনিময় নিয়েও কথা হয়।
বৈঠকের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে আসামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের সহকারী হাইকমিশনার। আসামের প্রশাসনিক প্রধানও দুই দেশের উন্নত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। বৈঠকে গুয়াহাটি মিশনের আরেক আধিকারিক ওয়াহিদুজ্জামান মামুনও উপস্থিত ছিলেন।
কিছুদিন আগে গুয়াহাটিতে সহকারী হাইকমিশন খোলা হয়েছে। নতুন দায়িত্ব নিয়েছেন মনসুর।