এনআরসির বিরুদ্ধে সোচ্চার নমশূদ্র বিকাশ পরিষদ
ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকায় ৪০ লাখ বাঙালির নাম বাদ দেওয়ার বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছে সর্বভারতীয় নমশূদ্র বিকাশ পরিষদ।
গতকাল শনিবার কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন সংগঠনটির নেতারা। সংগঠনটি বলেছে, তারা আসামের এনআরসি মানছে না। মানবে না মোদি সরকারের ‘শরণার্থী তত্ত্ব’।
পরিষদের নেতারা বলেছেন, এনআরসির নামে বাঙালিদের নাম বাদ দেওয়া চলবে না। এর প্রতিবাদে তাঁরা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবেন। এনআরসি বাতিলেরও দাবি তাঁদের।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পরিষদের নেতারা জানিয়েছেন, দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা ২৩ সেপ্টেম্বর আসাম অভিমুখে লংমার্চ করবেন।
সংগঠনের সর্বভারতীয় সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন, ‘এনআরসি বাতিল এবং আসামে বাঙালিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমরা ২৩ সেপ্টেম্বর আসাম অভিমুখে লংমার্চ করব। ওই দিন আসামের কামাখ্যাগুড়ি থেকে রাজ্যের রাজধানী গুয়াহাটির অভিমুখে লংমার্চ করা হবে।’
এনআরসি ইস্যুতে এখনো শান্ত হয়নি আসাম। আসামের রেশ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও।
গত ৩০ জুলাই আসাম সরকার দ্বিতীয় দফায় এনআরসির দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশ করে। এই তালিকায় বাদ দেওয়া হয় আসামের ৪০ লাখের বেশি বাঙালির নাম। এরপরই আসাম ও পশ্চিমবঙ্গজুড়ে এনআরসি নিয়ে শুরু হয় আন্দোলন। আন্দোলনের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে আসামের পুলিশ চারটি মামলা করে। পশ্চিমবঙ্গের পুলিশও আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের বিরুদ্ধে দায়ের করে তিনটি মামলা।