বায়ুদূষণে বেইজিংয়ে সর্বোচ্চ সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ ছড়িয়ে পড়ায় ভারী হয়ে গেছে বেইজিংয়ের বাতাস। তাই মুখোশ পরে রাস্তায় বেরিয়েছেন এই চীনা দম্পতি। গতকালের ছবি l রয়টার্স
কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ ছড়িয়ে পড়ায় ভারী হয়ে গেছে বেইজিংয়ের বাতাস। তাই মুখোশ পরে রাস্তায় বেরিয়েছেন এই চীনা দম্পতি। গতকালের ছবি l রয়টার্স

চীনের রাজধানী বেইজিংয়ে বায়ুদূষণের কারণে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও বড় বড় ভবনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যক্তিগত গাড়ি চলাচল ও কলকারখানার কাজও সীমিত করে দেওয়া হয়েছে।
বেইজিংয়ে বায়ুদূষণ নিয়ে এটাই প্রথমবারের মতো সর্বোচ্চ সতর্কসংকেত। গত সোমবার রাতে জারি করা এই সতর্কাবস্থা আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বহাল থাকবে। খবর বিবিসির।
ফ্রান্সের রাজধানী প্যারিসে এখন বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচনা চলছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর অঙ্গীকার করেছেন। এর মধ্যেই এই সতর্কতা জারি করা হলো।
দুই বছর ধরে চীনে বায়ুদূষণের কারণে ধোঁয়াশা সৃষ্টি হলেও এই প্রথম দেশটিতে চার স্তরের এ সতর্কতা জারি করা হয়েছে। কয়লার ইঞ্জিনে চালিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন এলাকার ধুলাবালু—এসবের কারণে চীনে ঘন ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে।
বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসের বায়ুদূষণ পর্যবেক্ষক জানান, গ্রিনিচ সময় গতকাল মঙ্গলবার রাত ১১টায় যখন এই রেড অ্যালার্ট জারি হয়, তখন বাতাসে থাকা ক্ষতিকর আণুবীক্ষণিক কণার ঘনত্ব ছিল খুব বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ক্ষতিকর এই কণার সহনীয় মাত্রা হচ্ছে প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম।