রাখাইনে অভিযান, আতঙ্কে রোহিঙ্গারা

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইনের বাসিন্দাদের ভর করেছে আতঙ্ক। সম্প্রতি এক হামলার ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য নিহত হওয়ার সঙ্গে জড়িত লোকজনকে ধরতে রাজ্যে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। বাসিন্দাদের আশঙ্কা, হামলাকারীদের ধরার অভিযানের নামে আবারও নির্যাতন-নিপীড়নের শিকার হবেন তাঁরা।
পুলিশের ওপর ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে বৌদ্ধ-মুসলিম দাঙ্গাপ্রবণ এ রাজ্যে উত্তেজনা বেড়ে গেছে। উত্তেজনার মধ্যে সেনা অভিযান শুরু হওয়ায় গতকাল স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।
গত রোববার মিয়ানমারের ভেতর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় হামলায় পুলিশের নয় সদস্য আহত হন। এ ঘটনায় রাখাইনের উত্তরাঞ্চলীয় শহর মংদোতে এরই মধ্যে অভিযান শুরু করেছেন সেনারা। অভিযান চলাকালে সোমবার অন্তত চারজন নিহত হন।
রাখাইনে মূলত মুসলিম রোহিঙ্গাদের বাস। মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের অভিযোগ, রোহিঙ্গারা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।
নতুন করে উত্তেজনা, শঙ্কা সৃষ্টির প্রেক্ষাপটে গতকাল রাখাইন রাজ্যের রাজধানী সিতউইয়ে গেছেন সরকারের কয়েকজন মন্ত্রী ও সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা। উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। অন্যদিকে, কিছু আইনপ্রণেতা মিয়ানমারের রাজধানী নেপিডোতে আলোচনা চালাচ্ছেন।
অভিযানে লোকজনকে ধরে হত্যা ও গণগ্রেপ্তারের বিভিন্ন খবর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এতে মুসলিমদের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন শিক্ষক বলেন, রোববার পুলিশের ওপর হামলাকালে ঘটনাস্থলের কাছাকাছি একটি গ্রামের এক বাড়িতে তিনিসহ ২০ জনের মতো স্কুলকর্মী ও শিক্ষার্থী লুকিয়ে ছিলেন। বন্দুকযুদ্ধের কারণে তাঁরা সেখান থেকে বাইরে বের হতে ভয় পাচ্ছিলেন। মংডুর ৪২ কিলোমিটার দূরে এনগাখুরা এলাকা থেকে এএফপিকে তিনি আরও বলেন, ওই দিন থেকে দুদিন ধরে তাঁরা না খেয়ে আছেন। এলাকার পরিস্থিতি ভালো নয়।
এই শিক্ষক বলেন, ‘আমরা এখানে-সেখানে লড়াইয়ের খবর শুনছি। বাইরে বেরোনোর সাহস হচ্ছে না।’
ইতিমধ্যে কর্তৃপক্ষ সন্ধ্যা সাতটা থেকে ভোর ছয়টা পর্যন্ত স্থানীয় পর্যায়ে জারি করা কারফিউর মেয়াদ বাড়িয়েছে। রাখাইনের শিক্ষা বিভাগের প্রধান খিন অং জানান, দুই সপ্তাহের জন্য এখানকার প্রায় ৪০০ স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ বলেন, রাখাইনের গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটানোর কথা জানাচ্ছেন। কিছু প্রত্যক্ষদর্শী ব্যক্তি তাঁদের জানিয়েছেন, সোমবার সেনাবাহিনীর হাতে লোকজনকে মরতে দেখেছেন তাঁরা।
ম্যাথিউ স্মিথ বলেন, তিনি নিজেও এ ব্যাপারে উদ্বিগ্ন যে সেনাবাহিনী সীমান্তের ওই রাজ্যে তল্লাশির আড়ালে সুদীর্ঘ বঞ্চনার শিকার রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে দমন অভিযান শুরু করে থাকতে পারে। তিনি আরও বলেন, ‘ওই এলাকায় রোহিঙ্গাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের মারণাস্ত্র ব্যবহারের নজির আগেই রয়েছে। আমরা শঙ্কিত যে আরেকটি দমন অভিযান শুরু হতে যাচ্ছে।’
এদিকে পুলিশের ওপর হামলাকারী ও তাদের উদ্দেশ্য সম্পর্কে সামান্য তথ্যই প্রকাশ করেছে সরকার। বলেছে, রোববারের অভিযানে হামলাকারীদের আটজন নিহত হয়েছে। দুজনকে জীবিত ধরা হয়েছে। রাখাইন থেকে এএফপিকে পাঠানো একজন আলোকচিত্রীর ছবিতে দেখা যায়, সিত্তি শহরে গোয়েন্দা কর্মকর্তারা এক ব্যক্তিকে জেরা করছেন। তাঁকে বিধ্বস্ত দেখাচ্ছে এবং গায়ে কাপড় নেই।
কিছু কর্মকর্তা পুলিশের ওপর হামলার জন্য রোহিঙ্গাদের দিকে আঙুল তুলেছেন। ইঙ্গিত করেছেন আরএসও নামের একটি নীরব সশস্ত্র গোষ্ঠীর দিকেও। আর অপর কয়েক কর্মকর্তা ‘বাংলাদেশি’ ও মাদক চোরাকারবারিদের অভিযুক্ত করেছেন।