ওয়াশিংটনে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বর্ষবরণ অনুষ্ঠিত

বর্ষবরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা
বর্ষবরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা

বাংলা আর বাঙালি সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার অঙ্গীকারের মধ্যে দিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র বর্ষবরণ অনুষ্ঠান বৈশাখী মেলা ১৪২৫। ওয়াশিংটনের অদূরে পোটম্যাক নদীর তীরে অবস্থিত ভার্জিনিয়ার আরলিংটনের গেটওয়ে পার্কে এই বৈশাখী মেলার আয়োজন করা হয়।
লেখক ও সাংবাদিক শিব্বীর আহমেদ এবং সারা তান্নীর উপস্থাপনায় অনুষ্ঠিত এই বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি মিশন প্রধান মাহবুব হাসান সালেহ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীনের স্ত্রী ইয়াসমিন জিয়াউদ্দীন, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরলিংটন কাউন্টি বোর্ড সুপারভাইজার কেইট ক্রিস্টাল, কংগ্রেস প্রার্থী এলিশন ফ্রাইডম্যান, কংগ্রেস প্রার্থী জাসমিন মোয়াদ ও মুসলিম ককাস অব আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি গাজালা সালাম।
বেলা সাড়ে ৩টার দিকে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে বৃহত্তর ওয়াশিংটন প্রবাসীরা পয়লা বৈশাখকে স্বাগত জানায়। অনুষ্ঠানে একক সংগীত, দলীয় সংগীত ও নৃত্যে অংশগ্রহণ করেন শান্তনু বড়ুয়া, এরিকা, বৃষ্টি, জাফর বাউল (মেট্রো), শিল্পী রোজারিও, পিটার, সান্দ্রা, মনীষা, রিতা, শেরিল, সামান্তা, এলিজাবেথ, সারা, রাফি, দীপ্তি, উৎপল বড়ুয়া, বনানী চৌধুরী, অঙ্কিতা, অবন্তি, সুস্মিতা ও অতশী। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন শিশির, কি বোর্ডে সৌমি, ড্রামে ক্যানী, গিটারে তুর্ঘ, তবলায় আশিস, বেইজে নাফিস ও রাফি এবং অক্টোপ্যাডে প্রান্তিক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু রুমি, শামসুন পারভিন, আকতার হোসাইন ও ফাহমিদা শম্পা।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর ডাটা গ্রুপ, গোল্ডেন স্পনসর ইঅ্যান্ডআর হেলথ, কবির পাটোয়ারি ও পারভিন পাটোয়ারি, গো ঢাকা ডট কম, অলস্টেট মোহাম্মদ আলী, রিয়েস্টেট আবু তারেক ও মাসুদ, ঘরের খাবার, কাবাব কিং মোহাম্মদ হোসাইন, ইঅ্যান্ডআর ট্যাক্স, আয়কর বিশেষজ্ঞ সালাউদ্দীন ইয়াহিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য অ্যান্থনী অ্যান্থনি গোমেজ, সুবীর কাশ্মীর পেরেরা, ফকির সেলিম, রাজিব বড়ুয়া, বিপ্লব দত্ত, কচি খান, বনানী চৌধুরী, শিল্পী রোজারিও, করিম সালাউদ্দীন ও মোস্তফা হোসাইন মুকুলকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয় শামসুন পারভিন ও ফাহমিদা হোসাইনকে। এ সময় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির দুই কর্মকর্তা আবু রুমি ও আকতার হোসাইন উপস্থিত ছিলেন।
বৈশাখী মেলায় প্রায় ৪০টি স্টল ছিল। স্টলগুলোতে শাড়ি, চুড়ি, দেশীয় পোশাক, খেলনা ও খাবারসহ নানাবিধ পণ্যের সমাহার ছিল। স্টলে মানুষের উপচে পড়া ভিড়ও লক্ষণীয় ছিল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে আসা শফিক ঢোলকীয়, কলকাতা থেকে আগত শিল্পী প্রিয়ংবদা ব্যানার্জি ও বাংলাদেশ থেকে আসা বাউল শিল্পী নাসিমা দেওয়ান।
নাসিমা দেওয়ান ‘বুড়ি হইলাম তোর কারণে’; ‘সোনা বন্ধু ভুইল না আমারে’; ‘সাধের লাউ’; ‘তোমার লেখা গান আমি গাইব’; ‘বন্ধু বিনে পাগল মনে’; ‘আমায় ঘর ছাড়া করিল মরার কোকিলে’ ইত্যাদি জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। রাত সাড়ে ৮টার দিকে আবু রুমি ও আকতার হোসাইন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।