যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের পর কিলাউইয়া আগ্নেয়গিরিতে উদ্গিরণ

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে ভূমিকম্পের পর কিলাউইয়া আগ্নেয়গিরিতে উদ্গিরণ শুরু হয়েছে। এ ঘটনায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, গত কয়েক দিনে ধারাবাহিক ভূকম্পনের পর গত বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় সক্রিয় আগ্নেয়গিরিটির লাভা, ধোঁয়া ও ছাই উদ্গিরণ শুরু হয়। এরই মধ্যে গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সংস্থাটি জানায়, ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কিলাউয়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্তে। শুক্রবার ভোরেও ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

ইউএসজিএস টুইটার বার্তায় জানায়, ‘১৯৭৫ সালে যে স্থানে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, প্রায় সেই একই স্থানে ভূমিকম্পটি আঘাত হেনেছে।’
ওই ভূমিকম্পে দুজনের মৃত্যু ও ২৮ জন আহত হয়েছে।
হাওয়াই দ্বীপটিতে থাকা পাঁচটি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে কিলাউইয়া অন্যতম। ড্রোন ও ভিডিও ফুটেজে দেখা গেছে ভূমিতে সৃষ্ট ফাটল দিয়ে কমলা রঙের ম্যাগমা বের নির্গত হচ্ছে। লিলানি এসস্টাটেস ও লানিপুনা গার্ডেনস এলাকার রাস্তার ফাটল দিয়ে গলিত লাভা বের হচ্ছে।
এই অঞ্চলে প্রায় ১ হাজার ৭০০ লোকের বাস এবং ৭৭০টি স্থাপনা ও অবকাঠামো রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের অগ্ন্যুৎপাতে কেউ আহত না হলেও কয়েকটি বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো যারা ওই সব এলাকায় রয়েছে তাদের সরে যেতে বলা হচ্ছে।
গভর্নর ডেভিড ইগে রাজ্যের ন্যাশনাল গার্ড দলকে এই দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকতে বলেছেন।