জাতীয় সংগীত বিতর্কে ইগলসের হোয়াইট হাউস পরিদর্শন বাতিল করলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপার বোল চ্যাম্পিয়ন ফিলাডেলফিয়া ইগলস
সুপার বোল চ্যাম্পিয়ন ফিলাডেলফিয়া ইগলস


সুপার বোল চ্যাম্পিয়ন ফিলাডেলফিয়া ইগলসের হোয়াইট হাউস পরিদর্শনে আসা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) খেলা শুরুর আগে সৃষ্ট জাতীয় সংগীতের সময় দাঁড়ানো নিয়ে বিতর্কের জের ধরে গতকাল সোমবার ট্রাম্প এ সিদ্ধান্ত নেন বলে সিএনএনের খবরে বলা হয়।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আগামীকাল আনন্দ করতে ফিলাডেলফিয়া ইগলস তাদের পুরো দল নিয়ে হোয়াইট হাউসে আসতে পারবে না। তারা তাদের প্রেসিডেন্টের সঙ্গে একমত হতে পারেনি। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন জাতীয় সংগীতের সময় খেলোয়াড়েরা দাঁড়িয়ে বুকে হাত রেখে দেশের সামরিক বাহিনীর মহান নারী-পুরুষের প্রতি এবং দেশের জনগণের প্রতি সম্মান জানাবেন। ইগলস ছোট একটি প্রতিনিধিদল পাঠাতে চেয়েছিল। কিন্তু তাদের এক হাজার ভক্ত তাদের কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করে।

গত ফেব্রুয়ারিতে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টকে হারিয়ে সুপার বোল চ্যাম্পিয়ন হয় ইগলস। এটি ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে প্রথম সুপার বোল চ্যাম্পিয়নশিপ।

ট্রাম্প এমনটা আগে কখনো না করলেও অনেক দল ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) চ্যাম্পিয়ন গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সও গত বছর হোয়াইট হাউস থেকে পাওয়া আমন্ত্রণ গ্রহণ করেনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ও এমন ঘটনা ঘটেছে। ২০১২ সালে বোস্টন ব্রুইনসের গোলটেন্ডার টিম টমাসও প্রেসিডেন্ট ওবামার নীতির সঙ্গে একমত না হওয়ায় তিনি হোয়াইট হাউসের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন।


মার্কিন প্রেসিডেন্ট সাধারণত বড় বড় পেশাদারি খেলা এবং কলেজ স্পোর্টস চ্যাম্পিয়নদের বিজয় উদ্‌যাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে থাকেন।

কৃষ্ণাঙ্গ লোকজনের ওপর পুলিশি নির্যাতনসহ নিপীড়নের প্রতিবাদে ২০১৬-এর চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়েরা জাতীয় সংগীতের সময় হাঁটু গেড়ে বসেছিলেন। এ প্রতিবাদটি শুরু করেছিলেন সান ফ্রান্সিসকো ফোরটিনাইনার্সের সাবেক খেলোয়াড় কলিন কাপেরনিক। ২০১৬ সালের আগস্টে কাপেরনিক এনএফএল মিডিয়াকে বলেন, যে দেশে কৃষ্ণাঙ্গ ও বর্ণবাদের নামে মানুষকে নির্যাতন করা হয়, সেই দেশের পতাকার প্রতি সম্মান জানাতে আমি দাঁড়াব না।’

তবে প্রেসিডেন্ট ট্রাম্প খেলোয়াড়দের এ ধরনের আচরণের বরাবরই প্রতিবাদ করেছেন। এমনকি তিনি দলের মালিকদের খেলোয়াড়দের ছাঁটাই করতে বলেন।
এর প্রতিক্রিয়ায় এনএফএল জানিয়েছে, খেলা শুরুর সময় জাতীয় সংগীতের সময় দাঁড়াতে হবে। তবে তাদের নতুন নীতি অনুযায়ী, খেলোয়াড়েরা জাতীয় সংগীতের সময় মাঠে দাঁড়াতে না চাইলে লকার রুমে থাকতে পারবেন।

ট্রাম্প পরে টুইটারে লেখেন, ‘ফিলাডেলফিয়া ইগলস ফুটবল দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। দুর্ভাগ্য যে খুব কমসংখ্যক খেলোয়াড় আসতে রাজি হয়েছেন। আমরা এই অনুষ্ঠান বাতিল করেছি। জাতীয় সংগীতের সময় লকার রুমে থাকা মাঠে হাঁটু গেড়ে বসে যাওয়ার মতোই অসম্মানজনক।’

হোয়াইট হাউস
হোয়াইট হাউস

ট্রাম্পের এ ঘোষণাকে ইগলসের সাবেক খেলোয়াড় টোরি স্মিথ ‘কাপুরুষোচিত আচরণ’ বলে মনে করেন।

সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলোতে ইগলসের কয়েকজন খেলোয়াড় খুবই স্পষ্টভাষী। গত দুই সিজনে একাধিক খেলোয়াড় জাতীয় সংগীতের সময় এই প্রতিবাদে অংশ নেন। ট্রাম্প, তাঁর নীতি ও হাঁটু গেড়ে বসা খেলোয়াড়দের প্রতি তাঁর বিষোদগারের বিরুদ্ধে অনেক খেলোয়াড় হোয়াইট হাউসের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

তবে এনএফএলের একটি সূত্র জানিয়েছে, ইগলসের কোনো খেলোয়াড় নিয়মিত সিজনের কোনো খেলায় জাতীয় সংগীতের সময় হাঁটু গেড়ে বসেননি। একজন খেলোয়াড় নিয়মিত সিজন শুরুর আগের খেলায় মাঠে হাঁটু গেড়ে বসলেও নিয়মিত সিজনের আগেই বাদ পড়েন তিনি।