টেস্ট দিয়েই ওয়ানডে সামর্থ্য বোঝালেন মুমিনুল
>
- টেস্ট ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি মুমিনুলের।
- সেঞ্চুরির পর তাঁর উদ্যাপনটা ছিল স্বভাববিরুদ্ধ।

বিলের ধারে বকের মাছ শিকার দেখেছেন? ঠিক যেন ধ্যানমগ্ন ঋষি! সুযোগ না আসা পর্যন্ত এতটুকু নড়বে না। মোক্ষম সময় এলেই কেবল তীক্ষ্ণ নখ দিয়ে খপ করে মাছটা ধরে ফেলবে। ক্রিকেটপ্রেমীরা বলতে পারেন এ তো মুমিনুল হক!
উদাহরণটি রূপক। তবে মুমিনুলের ক্ষেত্রে মোক্ষম। আমাদের চোখ তো তাঁকে এভাবেই দেখে আসছে। সাদা পোশাকে ছোটখাটো গড়নের একটি মানুষ। উইকেটে গিয়ে ধৈর্যের প্রতিমূর্তি, বাজে শট খেলার প্রবণতা নেই বললেই চলে। তবে বাজে বল পেলে ছাড়েন না। সেই সাদা বকের মতো। পানির তল থেকে মাছ উঁকি না দেওয়া পর্যন্ত কোনো অস্থিরতা নেই। কিন্তু প্রশ্ন হলো, চট্টগ্রাম টেস্টের মুমিনুল কি সেই মুমিনুল?
১৬তম ওভারের শেষ বলে মুমিনুল যখন উইকেটে এলেন বাংলাদেশের স্কোর তখন ১ উইকেটে ৭২। ওভার প্রতি গড়ে সাড়ে চার করে রান। ওভারপ্রতি গড়ে প্রায় এই রান ধরে রেখেই চা-বিরতিতে গিয়েছে বাংলাদেশ দল। সেটা মুমিনুলের টেস্ট ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরির সুবাদে! বাংলাদেশিদের মধ্যে টেস্টে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম মুমিনুলের ভীষণ পছন্দের। টেস্ট ক্যারিয়ারের ৫ সেঞ্চুরির চারটিই এই মাঠে। নিউজিল্যান্ডের বিপক্ষে এ মাঠেই দেখা পেয়েছিলেন টেস্টের প্রথম সেঞ্চুরি ( ৯৮ বলে)। আজ শ্রীলঙ্কাকে স্ট্রোকের দ্যুতিতে ছন্নছাড়া করার আগে মুমিনুলের টেস্ট ক্যারিয়ারে সেটিই ছিল দ্রুততম সেঞ্চুরি। কিন্তু তাঁর আজকের সেঞ্চুরিটি ছাপিয়ে গেছে পাঁচ বছর আগের সেই সেঞ্চুরিকে। সেটি শুধুই সংখ্যায় নয়, প্রতিটি শটই যেন ওয়ানডে দলে তাঁকে অবহেলার জবাব!
আন্তর্জাতিক অঙ্গনে ২০১২ সালে মুমিনুলের অভিষেক হয়েছিল ৫০ ওভারের সংস্করণ দিয়ে। রঙিন পোশাকে তাঁর কোনো সেঞ্চুরি নেই। টেস্টে যে পাঁচটি তিন অঙ্কের ইনিংস রয়েছে, তার মধ্যে শেষ চারটি সেঞ্চুরি পেয়েছেন যথাক্রমে ১৬৭, ১৬৯, ১৫৬ ও ৯৬ বল খেলে। অর্থাৎ চট্টগ্রামে আজ মুমিনুলের ৯৬ বলে করা সেঞ্চুরিটি তাঁর টেস্ট ক্যারিয়ারে দ্রুততম। সেটা কী চণ্ডিকা হাথুরুসিংহের জন্য?
হাথুরুসিংহের জমানায় গত তিন বছরে বাংলাদেশের ওয়ানডে দলে ব্রাত্যই হয়ে পড়েছেন ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যান। চট্টগ্রাম টেস্টে হাথুরু প্রতিপক্ষ শিবিরে বলেই হয়তো অবহেলার জবাবটা দিয়েছেন মাঠের চারপাশে স্ট্রোকের দ্যুতি ছড়িয়ে। বুঝিয়েছেন, সাদা পোশাকেও তাঁর ব্যাট রঙিন হতে জানে!
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুল ‘ফিফটি’ থেকে ‘সেঞ্চুরি’ পর্যন্ত যেতে শতভাগ সফল। মানে এ মাঠে ফিফটি পেলেই সেঞ্চুরির দেখা পেয়ে যান। সেটা আজ আরও একবার প্রমাণ করে ১৩ বাউন্ডারির (সেঞ্চুরি পর্যন্ত) ইনিংসটি তিন অঙ্ক ছোঁয়ার সঙ্গে সঙ্গে তাঁর উদ্যাপনটা ছিল স্বভাববিরুদ্ধ। মুঠোবদ্ধ হাতে ঘুষি মেরেছেন বাতাসে! সেঞ্চুরির পরতে পরতে অভিমানের গন্ধ ভেসে বেড়ালে প্রশ্নটা তাই জাগতেই পারে—ঘুষিটা কী কারও প্রতি বার্তা? নাকি এটা বুঝিয়ে দেওয়া যে সিদ্ধান্তটা ঠিক ছিল না!
সে যাই হোক, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ২০৩ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস দিয়ে মুমিনুল কিন্তু নিজের ওয়ানডে সামর্থ্য আরও একবার বুঝিয়ে দিলেন। ছয় বছর আগে ওয়ানডে অভিষিক্ত হয়ে এ সংস্করণে খেলেছেন মাত্র ২৫ ম্যাচ। এই একই খেলোয়াড় পাঁচ বছর আগে টেস্টে অভিষিক্ত হয়ে খেলছেন ২৬তম ম্যাচ। ব্যাটিং গড় ওয়ানডের প্রায় দ্বিগুণ! মুমিনুলকে নিয়ে অনুচ্চারিত প্রশ্নটা তাই রঙিন পোশাকে তাঁর সামর্থ্য নিয়ে নয়, সুযোগ দেওয়া নিয়ে।