সবার ওপরে সাকিবরা, মোস্তাফিজরা সবার শেষে
>এখন পর্যন্ত ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ মানে সাকিবদের দল সবার শীর্ষে। সবচেয়ে দুর্ভাগ্য মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানসের। আইপিএলের সবচেয়ে সফল দল তারা। সবচেয়ে বেশি তিনবার শিরোপা জিতেছে মুম্বাই। বর্তমান চ্যাম্পিয়নও তারা। সেই মুম্বাই এবার প্রথম তিন ম্যাচের প্রতিটাই হেরেছে। প্রতিবারই ম্যাচের শেষ বলে। পয়েন্ট টেবিলে তারা এখন সবার শেষে।

ডেভিড ওয়ার্নারকে হারিয়ে ফেলার ধাক্কাটা শাপে বর হয়ে এল সানরাইজার্স হায়দরাবাদের জন্য? নতুন অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসন যে দুর্দান্ত করছেন। শুধু দল টানা তিন ম্যাচ জয় দিয়ে শুরু করেছে বলে নয়, উইলিয়ামসনের অধিনায়কত্ব প্রতি ক্ষেত্রেই প্রশংসিত হচ্ছে। অথচ ওয়ার্নার থাকলে উইলিয়ামসন হয়তো একাদশেই সুযোগ পেতেন না!
অস্ট্রেলিয়া দলের বল বিকৃতি কেলেঙ্কারির ধাক্কায় ওয়ার্নার এবার আইপিএলে নেই। তাঁর নেতৃত্বে ২০১৬ সালে আইপিএলের ট্রফি ঘরে তুলে ছিল হায়দরাবাদ। গতবার অবশ্য প্রত্যাশামতো খেলেনি দল। এবার বেশ কিছু অদলবদল এনেছে টিম ম্যানেজমেন্ট। তারই সুফল পাচ্ছে। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ মানে সাকিবদের দল সবার শীর্ষে।
আজ অবশ্য চেন্নাইয়ের খেলা আছে। চেন্নাই সুপার কিংস দুই বছরের নির্বাসন শেষে এবারের আইপিএলে ফিরেছে। আর ফিরেই মনে করিয়ে দিচ্ছে, কেন তারা এত রোমাঞ্চকর একটি টি-টোয়েন্টি দল। প্রথম দুটি ম্যাচই জিতেছে শেষ পর্যন্ত স্নায়ুর ওপর চাপ ফেলে। পয়সা উসুল ম্যাচ যাকে বলে। চেন্নাই আজ জিতলে তাদেরও পয়েন্ট হবে ৬।

চেন্নাই আর হায়দরাবাদ ছাড়া বাকি ছয়টি দলেরই হারের স্বাদ পাওয়া হয়ে গেছে। সবচেয়ে দুর্ভাগ্য মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানসের। আইপিএলের সবচেয়ে সফল দল তারা। সবচেয়ে বেশি তিনবার শিরোপা জিতেছে মুম্বাই। বর্তমান চ্যাম্পিয়নও তারা। সেই মুম্বাই এবার প্রথম তিন ম্যাচের প্রতিটাই হেরেছে। প্রতিবারই ম্যাচের শেষ বলে। পয়েন্ট টেবিলে তারা এখন সবার শেষে।
আইপিএল পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট |
হায়দরাবাদ | ৩ | ৩ | ০ | ৬ |
চেন্নাই | ২ | ২ | ০ | ৪ |
পাঞ্জাব | ২ | ১ | ১ | ২ |
কলকাতা | ৩ | ১ | ২ | ২ |
বেঙ্গালুরু | ২ | ১ | ১ | ২ |
দিল্লি | ৩ | ১ | ২ | ২ |
রাজস্থান | ২ | ১ | ১ | ২ |
মুম্বাই | ৩ | ০ | ৩ | ০ |