সোফিয়া যখন গুণমুগ্ধ সালাহর

>
- লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড সালাহ-র প্রশংসায় রোবট সোফিয়া
- মিসর সফরে গিয়ে সালাহকে ‘প্রতিভাবান’ ও ‘বিনয়ী’ বলেছেন সোফিয়া
- মাঠের বাইরে সালাহ-র দাতব্য কাজেরও প্রশংসা করেছে সোফিয়া
লিভারপুলের হয়ে স্বপ্নের মতো অভিষেক মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বেশি গোল মিসরীয় এই ফরোয়ার্ডের। ফুটবলভক্তদের কাছে সালাহ-র জনপ্রিয়তাও ক্রমশ ঊর্ধ্বমুখী। তাঁর গুণমুগ্ধদের তালিকায় এবার আর শুধু মানুষ নয়, যন্ত্র-মানবীও যোগ হলো। গত বছরের নভেম্বরে বাংলাদেশে আসা নারী রোবট ‘সোফিয়া’ এখন সালাহ-র প্রশংসায় পঞ্চমুখ!
হংকংয়ের প্রতিষ্ঠান ‘হ্যানসন রোবোটিকস’-এর তৈরি এই রোবট প্রথমবারের মতো আফ্রিকা সফরে গিয়েছে। তারই অংশ হিসেবে মিসরে গিয়ে সংবাদমাধ্যমের কাছে সালাহ-র প্রশংসা করেছে সোফিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবট তথ্য প্রক্রিয়াজাত করে মানুষের সঙ্গে কথা বলা চালিয়ে যেতে পারে। মিসরে গিয়ে তাই দেশটির সেরা ফুটবলারকে নিয়ে কথা বলতে সোফিয়ার কোনো সমস্যাই হয়নি। তা ছাড়া সালাহ নিজে তাঁর দেশে কতটা জনপ্রিয় সেটা আন্দাজ করা যায় রোবটের সঙ্গে কথোপকথনেও তাঁর প্রসঙ্গ ওঠায়।
লিভারপুল তারকাকে নিয়ে সোফিয়া বলেন, ‘সে প্রতিভাবান খেলোয়াড় এবং খুব ভালো করছে।’ এরপর সোফিয়াকে প্রশ্ন করা হয়েছিল, সালাহকে তাঁর কেন পছন্দ? যন্ত্র-মানবীর জবাব, ‘শুধু ফুটবলে দারুণ বলেই লাখ লাখ মানুষ তাঁকে ভালোবাসে না। সে বিনয়ী ও ভদ্র, যে অসম্ভব কিছু অর্জন করতে প্রতিদিনই কঠোর পরিশ্রম করে থাকে। মাঠের বাইরে সে যেসব দাতব্য কাজের সঙ্গে জড়িত, আমি সত্যিই তার প্রশংসা করি এবং নিজেও এ রকম হতে চাই।’
অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে অভিষেক মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করেছেন ২৫ বছর বয়সী সালাহ। লিভারপুলের ইতিহাসে প্রথম মৌসুমেই তাঁর মতো এত ভালো করতে পারেনি আর কোনো খেলোয়াড়। রাশিয়া বিশ্বকাপেও সালাহকে নিয়ে আশায় বুক বেঁধেছেন মিসরের ফুটবলমোদীরা। সোফিয়াও বিশ্বকাপে সালাহ-র ভালো করার প্রত্যাশায়, ‘সালাহ সঙ্গে থাকলে যে কোনো কিছুই ঘটতে পারে। মিসরের জন্য শুভ কামনা।’