মিনা থাকলেন ৮ মাস, বার্সার মুনাফা ১৭৭ কোটি টাকা

মিনা (বামে) ও গোমেজকে এভারটনের কাছে বেচেছে বার্সা। ছবি: টুইটার
মিনা (বামে) ও গোমেজকে এভারটনের কাছে বেচেছে বার্সা। ছবি: টুইটার
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে এ বছরের জানুয়ারিতে ইয়েরি মিনাকে ১১.৮ মিলিয়ন ইউরোয় কিনেছিল বার্সেলোনা। মাত্র আট মাসের ব্যবধানে তাঁকে এভারটনের কাছে ৩০ মিলিয়ন ইউরোয় বেচেছে তারা। কলম্বিয়ান এই খেলোয়াড়ে বার্সার মুনাফা ১৭৭ কোটি টাকা।


পালমেইরাস থেকে এ বছরের জানুয়ারিতে ইয়েরি মিনাকে কিনেছিল বার্সেলোনা। তিনি ছিলেন ন্যু ক্যাম্পে পা রাখা প্রথম কলম্বিয়ান। ‘ছিলেন’—কথাটা বলতে হচ্ছে কারণ রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো ডিফেন্ডারটি এখন আর বার্সার কেউ নন। কাল ইংলিশ ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে মিনাকে এভারটনের কাছে বেচে দিয়েছে বার্সা। এতে তাঁদের লাভের ঝুলিটা দারুণ সমৃদ্ধ।

ব্রাজিলিয়ান ক্লাবটি থেকে মিনাকে ১১.৮ মিলিয়ন ইউরোয় কিনেছিল বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা ১১৫ কোটি ২ লাখ টাকা। গত মৌসুমে বার্সার হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এ সেন্টারব্যাক। রাশিয়া বিশ্বকাপে গড়েছেন প্রথম ডিফেন্ডার হিসেবে হেডে তিন গোলের রেকর্ড। এরপরই মিনাকে নিয়ে বেড়ে যায় সবার আগ্রহ। বার্সাও সুযোগটার সদ্ব্যবহার করল দারুণভাবে। মিনাকে তাঁরা এভারটনের কাছে বিক্রি করেছে ৩০ মিলিয়ন ইউরোয়। অর্থাৎ মাত্র আট মাসের ব্যবধানে একজন খেলোয়াড় থেকে ১৮.২ মিলিয়ন ইউরো বা ১৭৭ কোটি টাকা মুনাফা তুলে নিল তারা। এ ছাড়াও আরও দেড় মিলিয়ন ইউরো ‘অ্যাড অনস’ শর্ত রয়েছে এই চুক্তিতে।

ইংলিশ ক্লাবটিতে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিনা। তবে বার্সা চাইলে মিনাকে পুনরায় কিনে দলে ফিরিয়ে আনতে পারবে—এমন শর্তও রাখা হয়েছে চুক্তিপত্রে। মিনা ছাড়াও বার্সা থেকে আরেক খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে এভারটন। সেটি অবশ্য ধারে। তিনি আন্দ্রে গোমেজ। পর্তুগালের হয়ে ইউরো জেতা ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে ২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছে এভারটন। এ ছাড়াও শেষ দিনে শাখতার দোনেতস্কের ব্রাজিলিয়ান উইঙ্গার বেনার্দকেও কিনেছে ইংলিশ ক্লাবটি।