
>কাল খেলা হয়েছে ৩৫.২ ওভার। আর তাতেই অলআউট ভারত। প্রথম ইনিংসে তুলতে পেরেছে মাত্র ১০৭ রান। জেমস অ্যান্ডারসন ২০ রানে ভারতের ৫ উইকেট শিকার করেন।
প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। শুক্রবার দ্বিতীয় দিনেও বৃষ্টির সঙ্গে লড়াই চলেছে। বৃষ্টিবিঘ্নিত দিনে জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড আর স্যাম কারেন—ইংল্যান্ডের পেস আক্রমণের কাছে লর্ডসে অসহায়ই হয়ে পড়েছিল ভারতের ব্যাটিং। ১০৭ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
টেস্ট অভিষেকের অপেক্ষার প্রহর ঘুচল ওলি পোপের। বৃষ্টি-বাধা পেরিয়ে কাল দ্বিতীয় দিনে লর্ডস টেস্টটা মাঠে গড়াতে পেরেছে। আর তাতেই টেস্টে নিজেদের ৬৮২তম খেলোয়াড়কে পেয়ে গেল ইংল্যান্ড, ৭১ বছর পর পেয়ে গেল নিজেদের দ্বিতীয় পোপকেও। ১৯৪৭ সালে এই লর্ডসেই ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন জর্জ পোপ।
পোপের অপেক্ষা ফুরিয়েছে, তবে ভারতীয়রা এখন হয়তো মাথা কুটছে, কেন যে ম্যাচটা শুরু হলো! কাল খেলা হয়েছে ৩৫.২ ওভার। আর তাতেই অলআউট ভারত। শেষবার যখন বৃষ্টি এসে খেলা থামায়, মাত্রই তৃতীয় উইকেটটা হারিয়েছে ভারত। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট হয়েছেন শিখর ধাওয়ানের জায়গায় দলে ঢোকা চেতেশ্বর পূজারা। সঙ্গে সঙ্গেই বৃষ্টি এল ঝেঁপে। পূজারার পিছু পিছু মাঠ ছাড়েন বাকি সবাইও।

উইকেটে পড়ে থাকতে হবে—এই ভরসাতেই পূজারাকে ফিরিয়েছিল ভারত। রানআউটের আগে ২৫ বলে মাত্র ১ রান। দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথম ওভারেই ফণা তুলছিল জেমস অ্যান্ডারসনের হাত থেকে বেরোনো বল। পঞ্চম বলে অ্যান্ডারসনের সুইং পড়তে না পেরে বোল্ড মুরালি বিজয়। আরেক ওপেনার লোকেশ রাহুল যান সপ্তম ওভারে, অ্যান্ডারসনের বলে উইকেটকিপার জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে।
অ্যান্ডারসনের পর ভারতীয় ব্যাটসম্যানদের সুইংয়ে নাচিয়েছেন ক্রিস ওকস। আক্রমণে এসে উইকেট পেয়েছেন ১৬তম বলে। সেটাও সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির। নিজের পরের ওভারে ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। দুটি আউটেই ব্যাটসম্যান সুইং পড়তে পারেননি। এরপর কারেন দিনেশ কার্তিককেও তুলে নিলে ৬২ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত।
সেখান থেকে অবশ্য অশ্বিনকে নিয়ে লড়াই করছিলেন রাহানে। তবে সপ্তম উইকেট জুটিতে দুজনে তুলতে পারেন মাত্র ২২ রান। ভারতের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২৯ রান করে অশ্বিন সর্বোচ্চ রান সংগ্রাহক। কোহলি করেছেন ২৩ রান।