মেসি ছাড়া বার্সেলোনা চলবে কীভাবে?

বার্সেলোনার জার্সিতে ৫০০০তম গোল করার সময়। ছবি: টুইটার
বার্সেলোনার জার্সিতে ৫০০০তম গোল করার সময়। ছবি: টুইটার
>বার্সেলোনার ৫০০০তম লিগ গোলের পর আবার ৬০০০তম গোলের সঙ্গে নিজের নাম লেখালেন মেসি

গোলবারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলেছেন লিওনেল মেসি, যে সম্পর্ক থেকে বের হওয়ার কোনো উপায়ই দেখছেন না তিনি। বলে পা লাগালেই যেন বল উড়ে গিয়ে লাগছে গোলবারে। থামানোর যেন কোনো উপায়ই নেই। গত মৌসুম থেকেই আফসোস চলছেই, অসাধারণ সব শট, অসাধারণ সব চেষ্টা, সবকিছুই যেন গোলপোস্টে লেগেই থেমে যাচ্ছে। এর মাঝেই রেকর্ডের বন্যা বইয়ে যাচ্ছেন মেসি।

গত কয়েক বছরে বার্সেলোনা দল যেন পুরোপুরি মেসি কেন্দ্রিক হয়ে গিয়েছে। মেসিকে ছাড়া বর্তমান বার্সেলোনা দলে নেতৃত্ব দেওয়ার যেমন কেউ নেই, নেই তাঁর মতো খেলোয়াড়ও। কিন্তু এই বছর না, গত দশ বছর ধরেই বার্সেলোনা নির্ভর করে আছে লিওনেল মেসির ওপর।

গতকালের আগে লা লিগায় বার্সেলোনার গোলসংখ্যা ছিল ৫৯৯৯। ৬০০০তম গোলের দেখা পাওয়ার জন্য মাত্র এক গোলের দরকার ছিল বার্সেলোনার। অধিনায়ক মেসি যেন সেই দায়িত্বই তুলে নিলেন। ম্যাচের দুই-তৃতীয়াংশ শেষ হওয়ার পর ৬৪তম মিনিটে আর্জেন্টাইন জাদুকরের অসাধারণ ফ্রি কিক। সেখান থেকে বার্সেলোনার ইতিহাসে আরেকবার নাম লেখালেন মেসি। লা লিগায় ক্লাবের ৬০০০তম গোলের সঙ্গে নাম যুক্ত হলো লিওনেল মেসির।

গতকাল ৬০০০তম গোলের সময়। ছবি: টুইটার
গতকাল ৬০০০তম গোলের সময়। ছবি: টুইটার

বার্সেলোনার পাঁচ হাজারতম গোলের গোলদাতাও ছিলেন মেসি। ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি বার্সেলোনার হয়ে মালাগার বিপক্ষে দ্বিতীয় গোল করে লা লিগায় বার্সেলোনার হয়ে পাঁচ হাজারতম গোল করেন লিওনেল মেসি। তার পর থেকে নয় বছরে বার্সেলোনার সাফল্যের পেছনে মেসির অবদান কত বেশি, তা সবাই দেখছেন।

মালাগার বিপক্ষে গোল থেকে আলাভেসের বিপক্ষে গোল, বার্সেলোনায় এর মাঝের এক হাজার গোলে সবচেয়ে বেশি কৃতিত্ব লিওনেল মেসিরই। বার্সেলোনার হয়ে লা লিগায় হওয়া শেষ ১০০০ গোলের মাঝে তার মোট অবদান ৪৫.২ ভাগ। অর্থাৎ সরাসরি ৪৫২ গোলে অবদান রেখেছেন লিওনেল মেসি। এই নয় বছরে মেসি গোল করেছেন ৩৩৬ টি। বার্সেলোনায় অন্য যে কারও থেকে চেয়ে বেশি সেটা না বললেও চলছে। তার পরে রয়েছেন লুইস সুয়ারেজ, ১১০ গোল।

গোল বানানোর তালিকাতেও শীর্ষে রয়েছেন মেসি। ১২৬ এসিস্ট করে গোল বানানোতেও শীর্ষে আছেন মেসি। তাঁর পরে আছেন সাবেক দক্ষিণ আমেরিকান সতীর্থ দানি আলভেস (৫৫) এবং সুয়ারেজ (৫৫)।

গত দশ বছরে বার্সেলোনার সেরা এক দশক যে মেসির সুবাদে সেটা সবাই স্বীকার করেন। তবু আবারও যেন সেটা স্পষ্ট করে দিল ৬০০০তম গোল। সে সঙ্গে সবার কাছে প্রশ্নও রেখে গেল, বার্সেলোনা দলটা কি পুরোপুরি মেসি নির্ভর হয়ে গেল?