নিষ্প্রভ রোনালদোর দিন ফ্যান্টাস্টিক মেসি
>

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসি জোড়া গোল করেছেন। দারুণ একটি ফ্রি কিক নিয়েছেন। দুটি শট পোস্টেও লেগেছে
‘যত দূরে যাও, বন্ধু আমার, ছায়া হয়ে রব...।’ গানটা তো আর লিওনেল মেসি জানেন না। জানলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউটিউব লিংকটা শেয়ার করতে পারতেন। দুজন দুই লিগে চলে গেলেও ছায়া তাঁদের পিছু লেগে থাকবে। লা লিগায় যেমন তুলনা হতো, তুলনা হবে এখনো। হচ্ছেই তো!
কাল ইতালিয়ান লিগে অভিষেক হলো রোনালদোর। একই রাতে খেলা ছিল মেসিরও। রোনালদোর অভিষেকটা ঠিক রোনালদোর মতো হয়নি। আর ওদিকে মেসি আবারও বার্সেলোনার জার্সি গায়ে চাপাতেই বিশ্বকাপের ধুলো ঝেড়ে আবার জাদুকর! আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু হলো বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার মিশন। মেসি নিজে জোড়া গোল করেছেন। অন্য গোলটি কুতিনহোর।
মেসি গোল পেতে পারতেন আরও দুটি। গতবারের ভূতটা এবার আরও বেশি করে না পেয়ে বসে তাঁকে। মেসি যে কাল দুবার বল লাগালেন পোস্টে! এর মধ্যে একবার ফ্রি কিক থেকে। তবে পরে সেই ফ্রি কিক থেকেই দুর্দান্ত গোল করেছেন। লাফিয়ে ওঠা ওয়ালের নিচ দিয়ে চালান করে দিয়েছেন বল। এমন একটা ফ্রি কিক গোল বিখ্যাত হয়ে আছে রোনালদিনহোর সৌজন্যে। মেসি অবশ্য গত মৌসুমেও ওয়ালের নিচ দিয়ে বল জালে পাঠিয়েছিলেন।
শট | ৮ |
অনটার্গেট | ৪ |
গোল | ২ |
উডওয়ার্ক | ২ |
সুযোগ তৈরি | ৫ |
সফল ড্রিবল | ৬ |
সঠিক লং বল | ৭ |
সঠিক থ্রু বল | ৩ |
রেটিং | ১০ |
নিজে দারুণ খেলেছেন, সতীর্থদের খেলা বানিয়ে দিচ্ছেন...বিশ্বকাপ-ক্ষত এখনো টাটকা বলে আর্জেন্টিনা সমর্থকদের অস্ফুট দীর্ঘশ্বাস বেরিয়ে যেতে পারে, আকাশি-সাদা জার্সিতে এই মেসি কোথায় থাকে? দল না হয় পারে না, কিন্তু নিজের একক জাদু প্রদর্শনীগুলোও তো...।
সে যাক। মেসি নিজেই বিশ্বকাপ তো বটেই, জাতীয় দলকেও আপাতত মাথা থেকে দূরে সরিয়ে রাখছেন। এবার ক্লাবের হয়ে আরও বেশি দায়িত্ব চেপেছে কাঁধে। বার্সেলোনার অধিনায়ক হিসেবে এই মৌসুমে দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ আর হুয়ান গাম্পার ট্রফি হাতে তুলেছেন। তবে ওসব তো ছেলেভোলানো ট্রফি। আসল লড়াই শুরু হলো কাল। আর মেসিও দেখা দিলেন নিজের সেরা ছন্দে।
কাল আলাভেসও অবশ্য প্রথমার্ধে বার্সেলোনাকে আর্জেন্টিনা বানিয়ে রেখেছিল। বার্সেলোনা সব আক্রমণ মেসিকে দিয়ে সাজাচ্ছে দেখে তাঁকে বোতলবন্দী করে রেখেছিল। মেসির পায়ে বল গেলেই ঘিরে ধরো। প্রয়োজন হালকা ফাউল করে ফেলে দাও। এই কৌশলে সফল আলাভেস প্রথমার্ধে গোলশূন্য রাখল স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে কুতিনহোকে নামিয়ে দিলেন ভালভার্দে। তাতে মেসি পেয়ে গেলেন বাড়তি জায়গা। এই একটা কৌশলই বদলে দিল পুরো খেলা। আর মেসিও বল পোস্টে গিয়ে লাগছিল বলেই হয়তো পরেরবার মেরে দিলেন নিচ দিয়ে!