ইতিহাসের সবচেয়ে দামি বেঞ্চ বার্সেলোনার

>বার্সেলোনার বেঞ্চের তারকাদের দাম দিয়েই গড়ে ফেলা যাবে দু-তিনটি ক্লাব!
দামি সাইড বেঞ্চ বলতেই চোখের সামনে ভেসে আসবে রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকোসের সময়কার কথা। বেঞ্চ বলতেই যে-কারও সেই বেঞ্চের কথাই মনে আসবে। একই সঙ্গে বেঞ্চে বসে আছেন রোনালদো লিমা, রাউল, ডেভিড বেকহাম, লুইস ফিগো আর জিনেদিন জিদান। যে দলের সাইডবেঞ্চের অবস্থা এই, সেই দলের মূল একাদশ কী হতে পারে? গ্যালাকটিকোস আমলে সেই গর্ব করার সুযোগ দিয়েছিলেন তৎকালীন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কালের গর্ভে সেই গ্যালাকটিকোস হারিয়ে গিয়েছে বটে, কিন্তু বেঞ্চে রথী-মহারথী রাখার প্রজ্ঞাটা বদলায়নি।
গত পরশু আলাভেসের বিপক্ষে বার্সেলোনা নেমেছিল সেই প্রজ্ঞা পূরণ করতেই। কোচ ভালভার্দের হাতে এতটাই সুযোগ ছিল যে একাদশে খেলোয়াড় নামিয়ে বেঞ্চে যাঁদের বসিয়ে রেখেছেন, তা দিয়ে দু-একটা দল তৈরি করা কোনোভাবেই অসম্ভব নয়। বার্সেলোনার ইতিহাসে এর আগে এত বিলাসিতা দেখাতে পারেনি কেউই। কোচ ভালভার্দেকে সুযোগ দেওয়া হয়েছে খরচ করার, আর ভালভার্দে খরচ করছেনও প্রচুর। আলাভেসের বিপক্ষে ম্যাচে মোট সাতজন বদলি খেলোয়াড় বেঞ্চে বসে ছিলেন, যাঁদের মোট দাম প্রায় ৩০০ মিলিয়ন ইউরো।
আলাভেসের বিপক্ষে বার্সেলোনার বেঞ্চে ছিলেন গোলকিপার সিলেসেন (১৩ মিলিয়ন), ফিলিপে কুতিনহো (১৫৫ মিলিয়ন), ম্যালকম (৪১ মিলিয়ন), ক্লেমেন্ট লেংলেট (৩৫ মিলিয়ন), আর্থার (৩১ মিলিয়ন) ও আর্তুরো ভিদাল (১৯ মিলিয়ন)। এই ছয়জনেরই দাম ছুঁয়েছে মোট ২৯৪ মিলিয়ন। আরেকজন, যিনি বেঞ্চে ছিলেন, তিনি বার্সেলোনার যুব দল থেকে এসেছেন—রাফিনহা। যাঁকে কিনতে বাড়তি অর্থের প্রয়োজন হয়নি বার্সেলোনার। টাকার অঙ্কে প্রায় ২৮০ কোটি টাকা।
অবাক করা বিষয় হলো, গত বছর ঠিক এই সময়ে বার্সেলোনার বেঞ্চে বসে থাকা খেলোয়াড়ের দাম ছিল মাত্র ১৩১ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় সেই দলের বেঞ্চের দাম ছিল ১২৪ কোটি টাকা। দামের পাল্লাটা অনেকটা বেড়েছে বৈকি, কিন্তু এতে করে ভালভার্দেকে একটা বড়সড় সুযোগ করেছে নিজের দলকে ঝালাই করে নেওয়ার। লা মাসিয়া থেকে ভালো খেলোয়াড় আসার সংখ্যা কমে গিয়েছে, কিন্তু তারা মনোযোগ দিচ্ছে দলবদলের বাজারে, যাতে করে নিজের দলকে ভালো একটা অবস্থানে ধরে রাখা যায়।
এত টাকার বেঞ্চ নিয়ে বার্সেলোনার গর্বের তেমন কিছু নেই, কারণ তবে বড় বড় দলবদলের মাঝে যুব দলের খেলোয়াড়ের জায়গা কিছুটা কমে যাচ্ছে। গত পরশু যুব দল থেকে একমাত্র খেলোয়াড় ছিলেন রাফিনহা। অথচ পাঁচ বছর আগেও পেপ গার্দিওলা একাদশ সাজিয়েছেন সব যুব খেলোয়াড় দিয়ে। সঙ্গে সঙ্গে এমনও দিন ছিল, যেদিন পুরো বেঞ্চও ছিল লা মাসিয়ার খেলোয়াড় দিয়ে। কিন্তু এত টাকার বেঞ্চ নিয়ে বার্সেলোনার চিন্তার কারণও আছে বৈকি।