বার্সেলোনায় এসেও যে আক্ষেপ কাটেনি ভিদালের

>
বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিততে চান ভিদাল। ছবি: রয়টার্স
বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিততে চান ভিদাল। ছবি: রয়টার্স

ভিদালের দাবি, গত দুই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ভিএআর থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেত। এতে রিয়াল মাদ্রিদের দুটো চ্যাম্পিয়নস লিগ কমত আর বায়ার্ন মিউনিখের শিরোপা বাড়ত দুটি।

আর্তুরো ভিদালের জ্বালা এখনো কমেনি। কমবেই-বা কীভাবে? রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা দুই মৌসুমে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে সবার মতো হারের স্বাদ পেয়েছিলেন ভিদালও। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাতে যোগ দিয়েছেন ভিদাল। আর নিজের দেওয়া প্রথম সাক্ষাৎকারেই সেই জ্বালাটা প্রকাশ করে ফেললেন ভিদাল।

২০১৪-১৫ মৌসুমে শিরোপার খুব কাছে গিয়েও ফেরত আসতে হয়েছিল ভিদালকে। ফাইনালে বার্সেলোনার কাছে হেরেই শিরোপাবঞ্চিত থাকতে হয় ভিদাল ও জুভেন্টাসকে। সেই বার্সেলোনায় এসে আক্ষেপ ঘুচাতে চান ভিদাল। ‘আমি এখানে সবকিছু জিততে চাই। আমার সবচেয়ে পছন্দের শিরোপা চ্যাম্পিয়নস লিগ। আমি জানি বার্সা এই শিরোপা আরও কয়েকবার জিতেছে, কিন্তু আমি এটা আবার জিততে চাই।’

এই মৌসুম থেকে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে উয়েফা। যা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে শুরু হবে। এই প্রযুক্তি গত দুই বছর থাকলে ফলাফল অন্যরকম হতে পারত বলে ধারণা ভিদালের, ‘গত দুই বছর চ্যাম্পিয়নস লিগে ভিএআর থাকলে, রিয়াল মাদ্রিদের দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা কম থাকত। আর বায়ার্নের দুইটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা বেশি থাকত।’