এসে গেছেন 'বাবা নেইমার'

ফ্রেঞ্চ লিগে দেখা মিলেছে আরেক নেইমারের। বিনা মূল্যে দিঁজতে যোগ দিয়েই নজর কেড়েছেন জুলস কেইটা নামের এই মিডফিল্ডার
ফ্রেঞ্চ লিগে দারুণ শুরু হয়েছে নেইমারের। তিন ম্যাচেই তিন গোল। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে রসায়নটাও যে বেশ জমেছে সেটা বোঝা গেছে গত দুই ম্যাচে। দুই ম্যাচে একে অপরকে দিয়ে গোল করিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার। কিন্তু এ নিয়ে আলোচনা জমার আগেই নেইমারকেও ছাপিয়ে গেছেন আরেকজন। যিনি নিজেকে আবার পরিচয় করিয়ে দিচ্ছেন ‘বাবা নেইমার’ বলে!
গিনির অনূর্ধ্ব ১৭ ও ২০ দলের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। ব্যস, ফ্রেঞ্চ লিগে আসার আগে জুলস কেইটার এটুকুই ছিল অভিজ্ঞতা। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের পুরো নাম আবদুলায়ে জুলস কেইটা। লিগে প্রথম দুই ম্যাচে সব মিলিয়ে ১৪ মিনিট খেলেছেন এ মৌসুমেই বিনা মূল্যে দিজঁতে যোগ দেওয়া এই গিনিয়ান। আজ নিসের বিপক্ষে মাঠে নামার সুযোগ হলো তাঁর।
নিজের দক্ষতা দেখানোর সুযোগ মিলতেই নজর কাড়লেন তিনি। ৮৩ মিনিটে প্রথমে সতীর্থ ওসামা হাদ্দাদিকে দিয়ে গোল করালেন। ৩ মিনিট পরেই ইউরোপে নিজের প্রথম গোলটিও পেয়ে গেলেন। ৯২ মিনিটে নিজেই বল কেড়ে নিয়ে দারুণভাবে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে ভ্যালেন্টাইনকে পাস দিয়েছেন। ফিরতি বল থেকে তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় গোলও। নিসের মাঠে এসে তাই ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে দিজঁ।
ম্যাচ শেষে তাই সবাই কেইটার অপেক্ষায় ছিল। মাঠে প্রতিপক্ষকে চমকে দেওয়া এই ড্রিবলার প্রশ্নোত্তর পর্বেও সবাইকে চমকে দিয়েছেন, ‘নেইমার আমার আদর্শ। আমার দেশে সবাই তো আমাকে “বাবা নেইমার” বলেই ডাকে। এবং ইনশাআল্লাহ, আমি তাঁর চেয়েও শক্তিশালী হতে পারব। কারণ, চ্যাম্পিয়নশিপ এখনো শুরু হয়নি।’
গোলে নেইমারের চেয়ে এখনো পিছিয়ে কেইটা। তারকাখ্যাতির তুলনা টানাটা তো সম্ভবই নয়। তবে একটি দিক বিচারে নেইমারের সঙ্গে টক্কর দিতেই পারেন কেইটা। নেইমারের মতো তাঁর দলও যে তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে।