বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন কোথায়?

কাল নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। নীলফামারী থেকে এ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
নীলফামারীতে এখন ফুটবলের সুবাস। কারণ, আগামীকাল সেখানে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আয়োজক হিসেবে নীলফামারীর ইতিহাসে যা প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ইতিমধ্যে ম্যাচের টিকিট শেষ বলেও জানা গেছে।
ম্যাচটি নীলফামারীতে অনুষ্ঠিত হবে বলে শুধু সেখানকার মানুষের আগ্রহই যে আছে, তা নয়। সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ দলের অবস্থা কেমন, তা জানার আগ্রহ আছে দেশের ফুটবলপ্রেমীদের। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেরই প্রশ্ন, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি দেখা যাবে কোথায়? তাঁদের জন্য সুখবর, নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ ছাড়া বাংলাদেশ বেতারেও ম্যাচের ধারাবিবরণী দেওয়া হবে।
দেশের মাটিতে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা খুবই পরিচিত এক নাম। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর যশোরে ও ২৭ অক্টোবর রাজশাহীতে লঙ্কানদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যশোরে ১-১ গোলে ড্র করলেও রাজশাহীতে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। এ ছাড়া ২০১৬ সালের ৮ জানুয়ারি যশোর শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-২ গোলের জয়টি ভুলে যাওয়ার কথা নয়। অনেক দিন বাদে আবারও বাংলাদেশের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা।