মেসি-রোনালদো-নেইমার মুখোমুখি হচ্ছেন না

>চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র আজ। আটটি গ্রুপে ভাগ হবে ৩২টি দল। জানা যাবে, কে মুখোমুখি হলো কার। এবার একই গ্রুপে পড়ে যেতে পারে চারটি বড় দল। হয়ে যেতে পারে একাধিক গ্রুপ অব ডেথ
বিশ্বকাপে আর্জেন্টিনা-নাইজেরিয়া যেমন, চ্যাম্পিয়নস লিগে অনেকটাই তা বার্সেলোনা-পিএসজি। চ্যাম্পিয়নস লিগে নিকট অতীতে এই দুই দল একাধিকবার মুখোমুখি হয়েছে। বিষয়টি এখন নতুন কৌতূহলের জন্ম দেয়। কারণ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েই তো সেই আলোচিত দলবদলের জন্ম দিয়েছিলেন নেইমার। ব্রাজিল তারকা অবশ্য এই সেদিন বার্সেলোনায় এসে বলেছিলেন, বার্সেলোনার মুখোমুখি হতে তিনি চান না। দুটি কারণে। প্রথম কারণ তো অবশ্যই এই দলে তাঁর বন্ধুসংখ্যা অনেক। দ্বিতীয়ত, ভালো দলের মুখোমুখি কে-ইবা হতে চায়!
নেইমারের জন্য সুখবর। অন্তত গ্রুপ পর্বে এবারও বার্সেলোনার সঙ্গে দেখা হচ্ছে না তাঁর। যেমন দেখা হওয়ার সম্ভাবনা নেই ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ও বর্তমান ক্লাবের। চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, পিএসজি ও বার্সেলোনা একই পাত্রে পড়েছে। পাত্র নম্বর ১ থেকে ৮ গ্রুপের প্রথম আটটি দল বেছে নেওয়া হবে। এই পাত্রের সবগুলো দল পড়বে ভিন্ন গ্রুপে। ফলে গ্রুপ পর্বে এই তিন বড় তারকা কেউই মুখোমুখি হবেন না।
ড্রয়ে আরেকটি বিষয় নিয়ে কৌতূহল থাকে সবার। কোন গ্রুপটা কঠিন হলো, কোন গ্রুপটা গ্রুপ অব ডেথ। এবার একাধিক কঠিন গ্রুপ দেখা যাওয়ার একটা শঙ্কা আছে। বিশেষ করে প্রথম পাত্রে থাকা স্পেনের তিন ক্লাবের জন্য কঠিন গ্রুপ পড়ে যেতে পারে। লিভারপুল, ভ্যালেন্সিয়া, মোনাকো, শালকের মতো দলগুলো আছে তৃতীয় পাত্রে, চতুর্থ পাত্রে আছে ইন্টার মিলান। ফলে রিয়াল, বার্সেলোনা বা অ্যাটলেটিকোর গ্রুপে ডর্টমুন্ড (দ্বিতীয় পাত্র থেকে), লিভারপুল (তৃতীয় পাত্র থেকে) ও ইন্টার মিলান (চতুর্থ পাত্র থেকে) পড়ে যেতে পারে!
এমন শঙ্কা আছে রোনালদোর নতুন ক্লাব জুভেন্টাস ও নেইমারের পিএসজির জন্যও। ইংল্যান্ডের চারটি ক্লাব তিনটি ভিন্ন পাত্রে পড়েছে। ফলে ইংলিশ ক্লাবগুলো তুলনামূলক সহজ দল পেতে পারে (একই দেশের দল গ্রুপ পর্বে মুখোমুখি হবে না)। তবে কোনো না কোনো ইংলিশ ক্লাবের জন্য কঠিন গ্রুপও হয়তো অপেক্ষা করছে। এমনও হতে পারে কোনো গ্রুপের ছবি: ম্যানচেস্টার সিটি, বরুসিয়া ডর্টমুন্ড, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান!
প্রতি গ্রুপ থেকে দুটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে। ফলে একই গ্রুপে তিনটি বড় দল থাকলেই সমস্যা। সেখানে এবার কোনো গ্রুপে চারটি বড় দলও পড়ে যেতে পারে। এ-ই না হলে গ্রুপ অব ডেথ!
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ড্র। এবার সাবেক ব্রাজিল তারকা কাকা হবেন ড্রয়ের মূল অতিথি। এই অনুষ্ঠানে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচন করা হবে। রোনালদো, মোহাম্মদ সালাহ ও লুকা মডরিচের মধ্যে হবে এই ভোটাভুটি।
চ্যাম্পিয়নস লিগে কে কোন পাত্রে
পাত্র ১ | পাত্র ২ | পাত্র ৩ | পাত্র ৪ |
রিয়াল মাদ্রিদ | বেনফিকা | লিওঁ | ক্লাব ব্রুজ |
বার্সেলোনা | টটেনহাম | মোনাকো | ইন্টার মিলান |
ম্যানচেস্টার সিটি | শাখতার দোনেৎস্ক | আয়াক্স | ভিক্তোরিয়া প্লজেন |
জুভেন্টাস | বরুসিয়া ডর্টমুন্ড | পিএসভি | গ্যালাতাসারে |
| পিএসজি | রোমা | শালকে | হফেনহাইম |
অ্যাটলেটিকো মাদ্রিদ | নাপোলি | ভ্যালেন্সিয়া | ইয়াং বয়েজ |
| লোকোমোটিভ | পোর্তো | সিএসকেএ | এইকে এথেন্স |
বায়ার্ন মিউনিখ | ম্যানচেস্টার ইউনাইটেড | লিভারপুল | রেড স্টার বেলগ্রেড |