জুভেন্টাসের জার্সিতে রোনালদোর (জুনিয়র) চার গোল

>জুভেন্টাসের অনূর্ধ্ব-৯ দলে যোগ দিয়েছে পর্তুগিজ ফরোয়ার্ডের ৮ বছর বয়সী ছেলে। জার্সিও পরেছে বাবার মতো-‘৭!’ গতকাল লুসেন্তোর বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ছোট রোনালদো করেছে চার-চারটি গোল! প্রথমার্ধে দুটি, দ্বিতীয়ার্ধে আরও দুটি
জুভেন্টাস-জীবনে এমন শুরু কি চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো!
কিছুই যেন ঠিক হচ্ছে না। নেই নেই করে জুভেন্টাসের জার্সিতে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন ইতালিয়ান লিগে, কিন্তু এখনো গোল নেই। সাদা-কালো জার্সিটাতে গোল বলতে প্রাক্মৌসুম প্রস্তুতি ম্যাচে জুভেন্টাসেরই ‘বি’ দলের বিপক্ষে একবার জালের খোঁজ পাওয়া। উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটাও এবার নিয়ে গেছেন তাঁরই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদরিচ। তাঁকে ছাড়া রিয়ালে বেনজেমা-বেলরাও করে চলেছেন গোলের পর গোল।
এখন তো ‘জুভ’ জার্সিতে গোলের সংখ্যায় রোনালদোকে ছাড়িয়ে গেছে তাঁর ছেলে রোনালদো জুনিয়রও! না, না, মজা করেই বলা। জুভেন্টাসের মূল দল আর ‘অনূর্ধ্ব-৯’ দলের গোলের সংখ্যায় তো আর তুলনা চলে না। তবে জুভেন্টাসে ‘অভিষেক’টা বাবার চেয়েও বেশি রঙিন হলো রোনালদো জুনিয়রের।
কদিন আগেই জুভেন্টাসের অনূর্ধ্ব-৯ দলে যোগ দিয়েছে পর্তুগিজ ফরোয়ার্ডের ৮ বছর বয়সী ছেলে। জার্সিও পরেছে বাবার মতো-‘৭!’ গতকাল লুসেন্তোর বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ছোট রোনালদো করেছে চার-চারটি গোল! প্রথমার্ধে দুটি, দ্বিতীয়ার্ধে আরও দুটি। জুভেন্টাসের শিশুদের দলটা জিতেছে ৫-১ গোলে।
তা সঙ্গীর পায়ে গোল এখনো না দেখলেও ‘ছেলে’র পায়ে গোল মাঠে বসেই দেখেছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।