গরম নিয়ে ভাবছেন মাহমুদউল্লাহ
>

এশিয়া কাপ খেলতে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে দলের সম্ভাবনা ও সমস্যা নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সবাই দেশে ফিরে এলেও মাহমুদউল্লাহ রিয়াদ থেকে যান সিপিএলে খেলতে। দেশে ফিরলেন দিন দুয়েক আগে। পরিবার ছাড়া দুই মাসের বেশি সময় পার করতে হয়েছে। মাত্র তিন দিন দেশে থেকে আবার আজই ধরেছেন দুবাইয়ের বিমান। তার আগে এশিয়া কাপ নিয়ে গণমাধ্যমের সঙ্গে অনেক বিষয়েই খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা স্তম্ভ।
এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার আশা দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্রিকেটে দলের সাম্প্রতিক ফর্মের কারণেই তাঁর এই আশাবাদ। দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘যদি আত্মবিশ্বাসের কথা বলি, আমরা দল হিসেবে খুব ভালোভাবে যাচ্ছি বলে আমার মনে হয়। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে খুব ভালো ক্রিকেট খেলে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতেছি। আর এশিয়া কাপের কথা যদি বলি, গত এশিয়া কাপটা আমাদের ভালো গেছে। আমরা দুইটা এশিয়া কাপের ফাইনাল খেলেছি।’
বাংলাদেশ যেমন এখন ভালো অবস্থানে আছে, ঠিক তেমনি ভারত-পাকিস্তানও ভালো অবস্থানে আছে বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘প্রতিটি দলই ভালো এবং সবাই ভালো ক্রিকেট খেলছে। সব ম্যাচই তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। এভাবে চিন্তা করেই আমরা মাঠে নামব।’ তবে শ্রীলঙ্কা সেখানে নিয়মিত খেলে বলে বাড়তি সুবিধা পাবে বলেও মনে করেন তিনি।
টুর্নামেন্টে প্রতিপক্ষের চেয়ে তাঁকে বেশি ভাবাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের গরম। তাপমাত্রা বেশি থাকায় সেখানে খেলাটা একটু কঠিন হতে পারে বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘আরব আমিরাতের কন্ডিশন একটু কম বা বেশি আমাদের মতোই। কিন্তু গরমটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের মানিয়ে নিতে হবে।’
এমনিতেই বাংলাদেশ দলের কয়েকজন তারকা ক্রিকেটারের সেখানে খেলার অভিজ্ঞতা আছে। দুবাইয়ে খেলেছেন সাকিব, তামিম, মুশফিকুর রহিম। ফলে কন্ডিশন সম্পর্কে তাঁদের জানাটাও সুবিধার মনে করেছেন এই ব্যাটসম্যান, ‘তামিম খেলছে, সাকিব খেলেছে, মুশফিক খেলেছে। ওখানকার কন্ডিশন সম্পর্কে জানি। একটা নির্দিষ্ট দিনে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমরা সেটা করার দিকেই মনোযোগী।’