রোনালদোকে বাজারি খেলোয়াড় বললেন রামোস?

এবার না সার্জিও রামোসের সঙ্গে সম্পর্ক চিরতরে শেষ করে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। নয় বছর একই ক্লাবে পাশাপাশি লড়েছেন। রোনালদোর পাশে সব সময়ই দাঁড়িয়েছেন রামোস। কিন্তু ক্লাব ছাড়তেই সম্পর্কের শিকড়ও হয়তো উপড়ে ফেলেছেন। রিয়াল মাদ্রিদ অধিনায়ক এমন মন্তব্য করলেন, যেটা সরাসরি হুল হয়ে বিঁধতে পারে রোনালদোর গায়ে। পরোক্ষে যে রোনালদোকে বাজারি (মোর মার্কেটিং) খেলোয়াড় বলেছেন রামোস!
এবার উয়েফা বর্ষসেরার পুরস্কার না পেয়ে রোনালদো বেজায় খেপেছেন। পুরস্কারটি পাবেন না জেনে হাজিরও হননি অনুষ্ঠানে। এরপর তাঁর পরিবারের লোকজন, এজেন্ট, সাবেক ফুটবলারদের কেউ কেউ কড়া ভাষায় সমালোচনা করেছে। তাঁদের মতে, রোনালদোকে পুরস্কারটি না দেওয়া ছিল অন্যায়। ইউরোপের গত মৌসুমের সেরা খেলোয়াড় তিনিই ছিলেন।
রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪৪ গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগে করেছেন ১৫ গোল। ফাইনালে সেভাবে জ্বলে উঠতে না পারলেও রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ে পালন করেছেন বড় ভূমিকা। হ্যাঁ, বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। পর্তুগালের মতো দল নিয়ে এর বেশি আর কীই-বা করতে পারতেন। তবু এবার ইউরোপের সেরা হতে পারেননি রোনালদো। সেরার পুরস্কার গেছে তাঁর সাবেক ক্লাব সতীর্থ লুকা মডরিচের কাছে।
তবে রামোস মনে করেন, মডরিচ মাঝমাঠে খেলেন বলে আলোটা সেভাবে তাঁর ওপর পড়ে না। গতবার ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। মডরিচ ক্রোয়েশিয়াকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালেও। রামোসের মতে, মডরিচ যোগ্য খেলোয়াড় হিসেবেই সেরা হয়েছেন। শুধু ইউরোপ নয়, ফিফা বর্ষসেরার পুরস্কারও মডরিচের প্রাপ্য।
রিয়াল অধিনায়ক বলেছেন, ‘মডরিচের মতো খুব কম খেলোয়াড়ই আছে যাকে সতীর্থ হিসেবে পেয়ে আমি গর্ব অনুভব করি। বন্ধু হিসেবে ও অসাধারণ, খেলোয়াড় হিসেবে তো অবশ্যই। ও সেই অল্প কজন খেলোয়াড়দের মধ্যে একজন, যে জিতলে আমার মনে হবে পুরস্কারটা আমিই জিতেছি।’
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনেও আছেন মডরিচ। সঙ্গে আছেন মোহাম্মদ সালাহ ও রোনালদো। সেরা তিনে এবার জায়গা করে নিতে পারেননি লিওনেল মেসি। এ নিয়েও কম বিতর্ক হচ্ছে না। মেসির অনুপস্থিতিতে রোনালদো টপ ফেবারিট। তবে নাও তো পেতে পারেন! আর উয়েফা বর্ষসেরা না হয়েই যে ক্ষোভ দেখিয়েছেন, ফিফা বর্ষসেরা না জিতলে তো আরও খেপে যাবেন। যদিও রামোসের এই কথাই তাঁকে খেপিয়ে তোলার জন্য যথেষ্ট, ‘কোনো কোনো খেলোয়াড় আছে, যাদের বাজারদর বেশি। নামটা বড়। কিন্তু এই পুরস্কারের আসল দাবিদার মডরিচ।’
কিন্তু রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস যেখানে উয়েফা বর্ষসেরার ট্রফি মডরিচকে দেওয়া বলছেন পাগুলে সিদ্ধান্ত, সেখানে ফিফা বর্ষসেরা নিয়ে রামোস এক নিঃসংশয় কীভাবে হলেন? রামোস নিজের সিদ্ধান্তে অটল, ‘আমি মেন্দেসকে জবাব দেব না। প্রত্যেকের নিজের মত থাকতে পারে। সেটাকে সম্মান জানাতে হবে। প্রশংসা আর সমালোচনা দুটোই আমাদের পেশার অংশ। তাই যার যা খুশি বলতে পারে। কিন্তু আমার মতে, মডরিচ খুব ভালোভাবেই এই পুরস্কারের দাবিদার।’