সেঞ্চুরি ছাড়া রুচছে না কোহলির

সেঞ্চুরির পর কোহলি, সঙ্গী সকালের সেশনে আনন্দ বিলানো পন্ত। ছবি: এএফপি
সেঞ্চুরির পর কোহলি, সঙ্গী সকালের সেশনে আনন্দ বিলানো পন্ত। ছবি: এএফপি
>
  • দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ভারত: ৫০৬/৫
  • কোহলি অপরাজিত ১২০ রানে

ওয়েস্ট ইন্ডিজের কপালে যে দুঃখ আছে সেটা প্রথম দিনেই বোঝা গেছে। প্রথম দিনেই ৩৬৪ রান তুলে ফেলেছিল ভারত। আজ প্রথম সেশনেই আরও ১৪২ রান যোগ করে ফেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের দুঃখ বাড়াতে এখনো উইকেটে আছেন বিরাট কোহলি। এর মাঝেই পেয়ে গেছেন টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি। রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে স্কোরটা সফরকারীদের নাগালের বাইরে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই তিনি নামবেন দ্বিতীয় সেশনে।

ইংল্যান্ড সফরের শেষভাগটা ভালো কাটেনি বিরাট কোহলির। সিরিজের তৃতীয় টেস্ট জয়ের পর টানা দুই হার দলের। নিজেও দারুণ শুরু করেও বারবার ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। তিন ইনিংসেই আউট হয়েছেন পঞ্চাশের আশেপাশে। এশিয়া কাপের সময়টা বিশ্রাম নিয়ে কাল আবার নেমেছেন মাঠে। ৭২ রানে অপরাজিত থাকা কোহলি, আজ প্রথম সেশন শেষ করেছেন ১২০ রানে। নিজের অন্যতম ধীরগতির এই সেঞ্চুরি (১৮৪ বলে) পাওয়ার পথে মেরেছেন মাত্র ৭টি চার! টেস্টে তাঁর সর্বশেষ সেঞ্চুরিটি ছিল নটিংহামে। ম্যাচ জেতানো সে ইনিংসেও ছিল মাত্র ১০টি চার। ১৯১ বলে তিন অঙ্ক ছোঁয়া সে ইনিংস ছিল তাঁর ক্যারিয়ারের চতুর্থ ধীরতম সেঞ্চুরি। কোহলি কি ধীরে ধীরে ব্যাটিংয়ের ধারা বদলে ফেলছেন?

প্রশ্নটা রাখতে হচ্ছে ঋষভ পন্তের জন্য। কারণ, কোহলিকে যে আক্রমণাত্মক হওয়ার সুযোগই দেননি পন্ত। ১৭ রান নিয়ে দিন শুরু করেছিলেন। প্রথম ঘণ্টায় মাত্র ৫৩ রান তুলেছিল ভারত। এর মাঝে ৩৬ রানই পন্তের। বাকিটা কোহলির। বিরতি থেকে ফিরেই ভয়ংকর মূর্তি ধারণ করলেন। উইন্ডিজ স্পিনারদের বলে প্রায় প্রতি ওভারেই চার নয় তো ছক্কা মারতে শুরু করলেন। দিনের প্রথম ৫৩ রান তুলতে এক ঘণ্টা লাগলেও পরের ৫৩ রান এল ৭ ওভারেই। এর মাঝে ৩৯ রান পন্তের। আর তাঁর কারণে ম্লান হয়ে যাওয়া কোহলি নিয়েছেন ১৪! এর মাঝেই জুটির শতরান হয়ে গেছে। কোহলির মতো ব্যাটসম্যানকে পাশে নিয়েই জুটিতে পন্তের অবদান ৭৪!

শেষ পর্যন্ত ৮৪ বলে ৯২ রান করে থেমেছেন পন্ত। টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া থেকে মাত্র ৮ রান দূরে আটকে দিয়েছেন দেবেন্দ্র বিশু। ৮ চার ও ৪ ছক্কায় কোহলির সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১৩৩ রান তুলেছেন পন্ত। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিদায়ের পর একটু দ্রুত তালে রান নিচ্ছেন কোহলি, চার-ছক্কা না মেরেই। ৪৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ২৪তম সেঞ্চুরিতে এমনিতেই ডন ব্র্যাডম্যান আর জর্জ হ্যাডলির সঙ্গী। টেস্টে কমপক্ষে ১০টি সেঞ্চুরি করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করার দিক থেকে কোহলির ওপরে আছেন কেবল ব্র্যাডম্যান ও কৃষ্ণাঙ্গ ব্র্যাডম্যান। এখন ইনিংস বড় করায় এ দুজনের অনুসারী হতে পারেন কি না সেটাই দেখার বিষয়।