খুনে ইনিংস দিয়ে 'চিটাগং'কে সুখবর দিলেন শাহজাদ

>শারজায় টি-টেন লিগে ১৬ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ শাহজাদ। জানুয়ারিতে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই আফগান ক্রিকেটার খেলবেন চিটাগং ভাইকিংসের হয়ে।
চিটাগং ভাইকিংসের খুশি না হওয়ার কোনো কারণ নেই। ব্যাটে আগুন ঝরাতে পারেন বলেই এবার তাঁকে টেনেছে বিপিএলে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিটি। আর নিজেদের খেলোয়াড় কোথাও নেমে স্ট্রোকের ফুলকি ছোটালে তাদের তো খুশি হওয়াই স্বাভাবিক। বিপিএলে চিটাগংয়ের প্রতিপক্ষ দলগুলোর জন্য এ তো সতর্কবার্তাও। সাবধান, চিটাগংয়ের আছেন মোহাম্মদ শাহজাদ!
শারজায় গতকাল টি-টেন লিগের প্রথম ম্যাচেই আফগান ওপেনার খেললেন বিস্ফোরক ইনিংসটি। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৯৪ রান তুলেছিল সিন্ধিজ। তাড়া করতে নেমে রাজপুত প্রতিপক্ষ দলকে লড়াইয়ের কোনো সুযোগই দেয়নি। বলা ভালো, শাহজাদ তা হতে দেননি। রাজপুত এই ম্যাচ ১০ উইকেট জিতেছে ৩৬ বল হাতে রেখে! ঠিকই ধরেছেন। ‘সুপারসনিক’ গতিতে রান তোলায় মাত্র ৪ ওভারেই জয়ের মুখ দেখেছে রাজপুত। আর এই ‘সুপারসনিক’ ব্যাটিংয়ের ‘পাইলট’ ছিলেন শাহজাদ—১৬ বলে খেলেছেন ৭৪* রানে বিধ্বংসী ইনিংস দিয়ে।
শাহজাদের এই ইনিংসে শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৭২ রান। বাকি ২ রান নিয়েছেন দুইবার প্রান্ত বদল করে। অর্থাৎ ৮ ছক্কা আর ৬ চারে এই ইনিংস সাজান ৩০ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। টি-টোন লিগে এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ রানের ইনিংস। শুধু কি তাই? শাহজাদ ফিফটি তুলেছেন মাত্র ১২ বলে—এটিও টি-টেনে এখনো পর্যন্ত দ্রুততম। এই সংস্করণে শাহজাদের মতো ৮ ছক্কাও আর কেউ মারেননি। তাঁর এই ইনিংসে ছিল না কোনো ‘ডট’ বল! আর রাজপুতও এই বিস্ফোরক ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে মাত্র ১৭ মিনিটের ব্যাটিংয়ে। অবিশ্বাস্যই!
আফগানিস্তানের এই ব্যাটসম্যানের ছক্কা প্রীতি নতুন কিছু নয়। সংস্করণ ও ম্যাচের পরিস্থিতি যাই হোক শাহজাদ ছক্কা মারতে ভীষণ ভালোবাসেন। শরীরটা একটু বেঢপ হওয়ায় অনেকে তাঁর ফিটনেসের সমালোচনা করেন। এর জবাবও দিয়েছেন শাহজাদ, ‘দেখুন আমি প্রচুর ঘাম ঝরানোর সঙ্গে প্রচুর খাবারও খাই। কোহলির মতো ফিট থাকার কথা বললে সেটি সম্ভব না। আমি কোহলির চেয়ে বড় ছক্কা মারতে পারি, তাই খাবারে বিধিনিষেধ মেনে চলার দরকার কি?’
বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি থেকে। শারজায় শাহজাদের এমন খুনে ইনিংস দেখার পর চিটাগং ভাইকিংস নিশ্চয়ই শাহজাদের রসনায় বাঁধ সাধবে না!