ফলোঅন চোখ রাঙাচ্ছে অস্ট্রেলিয়াকে

>সিডনি টেস্টের তৃতীয় দিনে ফলোঅন চোখ রাঙাচ্ছে অস্ট্রেলিয়াকে
সিডনি টেস্টে ৭ উইকেটে ৬২২ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৪ রানে কাল প্রথম দিন শেষ করলেও আজ ফলোঅনের শঙ্কায় পড়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় তৃতীয় দিনে ১৬.৩ ওভার বাকি থাকতেই বন্ধ হয়ে যায় খেলা। তার আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ২৩৬। শুধু ফলোঅন এড়াতেই এখনো ১৮৭ রান দরকার অস্ট্রেলিয়ার। হাতে মাত্র ৪ উইকেট।
আজ টেস্টের তৃতীয় দিনে দুই ওপেনার মার্কাস হ্যারিস ও উসমান খাজা ভালোই শুরু করেছিলেন। নিজেদের জুটিতে ৭২ রান তোলার পর কুলদ্বীপ যাদবের শিকার হন খাজা (২৭)। অন্য প্রান্তে হ্যারিস ৭৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন। দলীয় ১২৮ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর ৬৪ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের মিডলঅর্ডারকে উইকেট কামড়ে থাকতে দেননি দুই স্পিনার যাদব-জাদেজা। লাবুশেন, শন মার্শ ও ট্রাভিস হেড দ্রুত ফিরে দলের বিপর্যয় আরও বাড়িয়েছেন। উইকেটে রয়েছেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্স।
তৃতীয় দিনের প্রথম সেশনে শুধু খাজাকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় সেশনে তাঁরা ৪ উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পড়ে যায়। অবশ্য সিডনির মেঘাচ্ছন্ন আকাশ দেখে কিছুটা আশা খুঁজে নিতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন। ওদিকে ভারত এখনই সিরিজ জয়ের সুবাস পাচ্ছে। টেস্ট ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলই প্রথম ইনিংসে ছয় শ-র বেশি রান করে হারেনি। সর্বোচ্চ ৮ উইকেটে ৫৯৫ রান তুলেও হারের নজির বাংলাদেশের, গত বছর ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে।