'আনপ্রেডিক্টেবল' শব্দে অরুচি পাকিস্তান কোচের

>পাকিস্তান ক্রিকেট দল ‘আনপ্রেডিক্টেবল’—ঐতিহাসিকভাবেই এটি মানেন ক্রিকেটপ্রেমীরা। দলটি কখন কেমন পারফরম করবে, এ দলের কোন খেলোয়াড় কবে কী করে বসবেন, এটি সব সময়ই অননুমেয়। বর্তমান কোচ মিকি আর্থারের এই ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পছন্দ নয়। তিনি এটির বদল চান
একদম হাতের মুঠোয় থাকা ম্যাচ অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়া, কিংবা জয়ের জন্য পর্বতসমান লক্ষ্য অনায়াসে পেরিয়ে যাওয়া—বছরের পর বছর ধরে ক্রিকেট বিশ্ব পাকিস্তান ক্রিকেট দলের এমন কাণ্ডের সঙ্গে পরিচিত। সে কারণে দলটিকে ক্রিকেট দুনিয়া ‘আনপ্রেডিক্টেবল’ তকমা দিয়েছে। বর্তমান কোচ মিকি আর্থারের এই তকমা পছন্দ নয়। তিনি এটির পরিবর্তন চান।
পাকিস্তান দলের অন্য কোচিং স্টাফরাও এই নাম পছন্দ করেন না বলে জানিয়েছেন আর্থার, ‘আনপ্রেডিক্টেবল এমন একটা শব্দ, যেটাকে কোচিং স্টাফের সবাই ঘৃণা করি। আপনি বিশ্বকাপের জন্য বিভিন্ন লেখা পড়লেই বুঝতে পারবেন, সবাই বলছে পাকিস্তান বিশ্বকাপের সেরা চারটা দলের মধ্যে একটা হবে তাদের এই অননুমেয় বৈশিষ্ট্যের কারণে। আমার কাছে এর কোনো মূল্য নেই। আমরা যদি বিশ্বকাপের সেরা চার দলের মধ্যে একটা হই, তাহলে সেটা আমাদের পরিশ্রম, প্রতিভা ও অধ্যবসায়ের কারণেই হব। অন্য কিছুর জন্য নয়।’
২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে জানপ্রাণ দিয়ে পরিশ্রম করে যাচ্ছে পাকিস্তান, জানিয়েছেন আর্থার, ‘আমরা পরিশ্রম করে যাচ্ছি। ঠিকভাবে অনুশীলন করছি। আমাদের রুটিন ঠিকমতো অনুসরণ করছি। আমি জানি, এভাবে এগোতে থাকলে এসব “আনপ্রেডিক্টেবল” তকমা থাকবে না। আমরা জানি, নিজেদের দিনে যে–কাউকে হারাতে পারি আমরা।’
বিশ্বকাপে পাকিস্তানকে উদ্বুদ্ধ করার জন্য পিসিবি একটা স্লোগান বানিয়েছে, ‘আমরা পেরেছি, আমরা পারব (উই হ্যাভ, উই উইল)’। স্লোগানে মুগ্ধ আর্থার, ‘পিসিবি অসাধারণ একটা স্লোগান বানিয়েছে, আমরা পেরেছি, আমরা পারব। আমরা আগে জিতেছি, সাফল্য দেখিয়েছি, বড় উপলক্ষে আমরা আগেও জ্বলে উঠেছি। আমরা আবারও সেটা করতে যাচ্ছি।’