তাঁর সেরা দলে টেন্ডুলকার, ধোনি, সাকিব...

নিজের পছন্দের ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিবকে বেছে নিয়েছেন ব্রাভো। ছবি: প্রথম আলো
নিজের পছন্দের ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিবকে বেছে নিয়েছেন ব্রাভো। ছবি: প্রথম আলো
>ডোয়াইন ব্রাভো বেছে নিয়েছেন নিজের পছন্দের ফ্র্যাঞ্চাইজি একাদশ। বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলার অভিজ্ঞতা থেকে সাকিব আল হাসানকে নিয়ে একাদশ সাজিয়েছেন ব্রাভো

২০১৬-১৭ মৌসুমে সাকিব আল হাসানের সঙ্গে ঢাকা ডায়নামাইটসের বিপিএল খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। একই বছর ব্রাভোর ওয়েস্ট ইন্ডিজ সতীর্থ আন্দ্রে রাসেলও ছিলেন সে দলে। সম্প্রতি পছন্দের সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি একাদশ গড়তে গিয়ে বিপিএল দল ঢাকা ডায়নামাইটসে খেলার অভিজ্ঞতা স্মরণ করেন ব্রাভো।

ডায়নামাইটসে খেলা সাকিব ও রাসেলকে ব্রাভো তাঁর সেরা একাদশে রেখেছেন।দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্রাভো খেলেছেন মোট ২০টি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে । আইপিএল তো আছেই, বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একাধিক দলের হয়ে খেলেছেন। বিপিএলেই খেলেছেন তিনটি ভিন্ন দলের হয়ে। ব্রাভোকে ২০১১-১২ মৌসুমে চট্টগ্রাম কিংস, ২০১৬-১৭ মৌসুমে ঢাকা ডায়নামাইটস, ২০১৭-১৮ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দেখা গেছে।

ব্রাভোর পছন্দের ফ্র্যাঞ্চাইজি দলে ওপেনার হিসেবে থাকছেন মুম্বাই ইন্ডিয়ান্সের শচীন টেন্ডুলকার ও মেলবোর্ন রেনেগেডসের অ্যারন ফিঞ্চ। চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না ও ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান আছেন তিন ও চারে। চেন্নাই এর মহেন্দ্র সিং ধোনি উইকেটরক্ষক ব্যাটসম্যানের দায়িত্ব পালন করবেন।

মুম্বাইয়ের কাইরন পোলার্ড, ঢাকার আন্দ্রে রাসেল আছেন লোয়ার মিডল অর্ডারে। ত্রিনিবাগো নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারিন আছেন ব্রাভোর দলে। ত্রিনিদাদ অ্যান্ড টোবেগোর পেসার রবি রামপলকে ব্রাভোর পছন্দ। রেনেগেডসের পেসার কেন রিচার্ডসন ও ত্রিনিদাদ লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি খেলবেন মূল স্পিনার হিসেবে।

আরেক বিগ ব্যাশ দল মেলবোর্ন স্টার দলের গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের ড্যারেন ব্রাভো থাকবেন ব্রাভোর একাদশের বেঞ্চে।

ব্রাভোর পছন্দের ফ্র্যাঞ্চাইজি একাদশ : শচীন টেন্ডুলকার, অ্যারন ফিঞ্চ, সুরেশ রায়না, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রবি রামপল, কেন রিচার্ডসন, স্যামুয়েল বদ্রি।
বেঞ্চ : গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ড্যারেন ব্রাভো।