সোহাগ গাজীর বোলিং নিয়ে সন্দেহের তির

কদিন আগেই অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমল। এবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের মধ্যেই বোলিং পরীক্ষা করাতে হবে সোহাগকে।
দ্বিতীয় ওয়ানডেতে সোহাগের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হওয়ায় আইসিসিকে তা পরীক্ষা করে দেখতে বলেছেন ম্যাচ অফিশিয়ালরা। নিয়ম অনুযায়ী, এখন তিন সপ্তাহের মধ্যে বোলিং পরীক্ষা করাতে হবে বাংলাদেশের স্পিনারকে।
হঠাত্ এ অভিযোগে বিপাকে পড়েছে বিসিবি। বোর্ড চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজেই পরীক্ষা করাতে। যাতে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচটি ও টি-টোয়েন্টি, টেস্ট সিরিজটি খেলতে পারেন সোহাগ। ১০ টেস্ট, ১৯ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা সোহাগ এর আগেও একবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন। দুই বছর আগে বাংলাদেশ এ দলের হয়ে ব্যাঙ্গালুরুতে খেলার সময় আম্পায়ার সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁর অ্যাকশন নিয়ে।
গত কয়েক মাসে এ নিয়ে পাঁচজন অফস্পিনারকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত করা হলো। তথ্যসূত্র: ক্রিকইনফো।