দিনাজপুরে ঈদের কেনাকাটায় মায়ের সঙ্গে গিয়ে অপহৃত শিশুটি উদ্ধার হয়নি, ফোনে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় শিশু নুসরাত জাহানকে নিয়ে এই অজ্ঞাতপরিচয় নারীকে সটকে পড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় শিশু নুসরাত জাহানকে নিয়ে এই অজ্ঞাতপরিচয় নারীকে সটকে পড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার থেকে অপহৃত আড়াই বছরের শিশু নুসরাত জাহানকে তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। নুসরাতের বাবার মুঠোফোনে অপরিচিত ভিওআইপি নম্বর থেকে ফোন করে অপহরণকারীদের টাকা দিতে দেনদরবারের জন্য পরামর্শ দিয়েছেন অজ্ঞাত ব্যক্তি। সেই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানানোর হুমকিও দিয়েছে ওই ব্যক্তি।

নুসরাতের বাবা আখিনুর ইসলাম আজ সোমবার দুপুরে প্রথম আলোকে জানিয়েছেন, দেনদরবারের জন্য অজ্ঞাতব্যক্তির দেওয়া ভিওআইপি নম্বরে যোগযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। ওই ব্যক্তি বলেছেন, মেয়েকে উদ্ধারের জন্য টাকা দিতে হবে। টাকার অঙ্ক নিয়ে এক ব্যক্তির সঙ্গে আলোচনা করতে হবে। তবে কার সঙ্গে আলোচনা করতে হবে তা জানাননি।
এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন নুসরাতের বাবা-মা। মেয়েকে ফিরে পাওয়ার জন্য ছটফট করছেন তাঁরা।

গত শনিবার আড়াই বছরের একমাত্র সন্তান নুসরাত জাহানকে নিয়ে ঈদের কেনাকাটায় বের হয়েছিলেন মা নাহিদা আক্তার। সঙ্গে ছিলেন নাহিদা আক্তারের মা এবং বড় ভাইয়ের স্ত্রী।
একপর্যায়ে শিশু নুসরাতের হাত ছেড়ে দিয়ে মা নাহিদা আক্তার রানীগঞ্জ বাজারের সাজু গার্মেন্টসে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে অনেক আগে থেকে পিছু নেওয়া এক নারী নুসরাতকে নিয়ে সটকে পড়েন।
ওই রাতে নুসরাতের মা নাহিদা আক্তার ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার দুপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করার সময় আড়াই বছরের শিশু নুসরাত জাহান অপহৃত হয়। ফাইল ছবি
শনিবার দুপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করার সময় আড়াই বছরের শিশু নুসরাত জাহান অপহৃত হয়। ফাইল ছবি

নুসরাতের বাবা আখিনুর ইসলাম প্রথম আলোকে জানান, কেনাকাটার সময় নাহিদা আক্তার তাঁর মেয়ের হাত ধরেই ছিলেন। এ সময় এক নারী নাহিদা আক্তারকে প্রচণ্ড গরমে মেয়েটি কষ্ট পাওয়ায় হাত ছেড়ে দিতে বলেন। এতে কর্ণপাত করেননি নাহিদা আক্তার। পরে কেনাকাটার ব্যস্ত হয়ে পড়লে মনের ভুলে নাহিদা আক্তার মেয়ে নুসরাতের হাত ছেড়ে দেন। এ সময় ওই নারী নুসরাতকে নিয়ে সটকে পড়েন। বিষয়টি পুলিশকে জানান আখিনুর।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে যান। সাজু গার্মেন্টসে গিয়ে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। সিসি টিভির ফুটেজে দেখা গেছে নাহিদা আক্তার মেয়েকে নিয়ে সাজু গার্মেন্টসে যাওয়ার পর একপর্যায়ে অপহরণকারী নারী শিশুটির হাত ধরার চেষ্টা করলে শিশুটি হাত ঝটকা দেয়। পরে মা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে শিশুটিকে নিয়ে ওই নারী সটকে পড়েন।

ওসি জানান, শিশুটিকে উদ্ধারে দেশের সব পুলিশ স্টেশন, বিমানবন্দর, ইমিগ্রেশনে অপহৃত শিশু এবং অপহরণকারী নারীর ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ একটি দল শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তারে কাজ করছে।