কমিউনিস্ট অশোক মিত্রের ক্রিকেট-প্রিয়তা

কমিউনিস্টদের সঙ্গে ভদ্রতাবোধের বিরোধ আছে কি না, কিংবা থাকলেও কী রকম, যতবার অশোক মিত্রকে দেখতাম, প্রতিবারই কথাটা মনে পড়ত। মনে পড়ার কারণও ছিলেন তিনিই। কেননা, ধপধপে ধুতিতে-পাঞ্জাবিতে পাক্কা বাঙালি বাবুর মতো ফিটফাট থাকলেও একটা আপাত কাঠিন্যর মোড়কে কেন যেন নিজেকে মুড়ে রাখতেন। হাসতেন যেন একটু কষ্ট করেই। ব্যক্তিত্ব ছিল, বাংলা ভাষায় যাকে রাশভারী বলা হয় তেমনই। তা রাশভারী তো বটেই। রাজ্যের অর্থমন্ত্রী বলে কথা। কথায় কথায় রাজনৈতিক কারণে কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনার হিসেব তুলে ধরেন! জ্যোতি বসুর পাশে ফাইল নিয়ে গটগট করে হেঁটে যান। ভদ্র না অভদ্র সেই বোধটুকুই তখন ছিল না।
কিন্তু দু-একবার যখন অর্থনৈতিক বঞ্চনা নিয়ে ব্যাখ্যা চাইতাম, মাস্টার মশাইয়ের মতো ঠিক বুঝিয়ে দিতেন। শিক্ষক-ছাত্রের সেই সম্পর্কের মধ্যে স্বাভাবিক দূরত্ব একটু থাকতই। কিন্তু তাতে অভদ্রজনোচিত কোনো দিন কিছু দেখিনি। অথচ, এই অশোক মিত্রর নামেই কথাটা চালু আছে, ১৯৭৯ সালে রাজ্যের এক ঝানু আমলার মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘আমি ভদ্রলোক নই, আমি কমিউনিস্ট’। কথাটা কাগজে ছাপা হয়েছিল।
সাংবাদিকতার বড়জোর দুটি বছর তত দিনে কাবার হয়েছে। কিন্তু তাতে কী, অশোকবাবুর বলা ওই কথাটা ওঁকে দেখলেই পানাপুকুরের বিজগুড়ির মতো ফুট কাটত। কোনো দিন সাহসই হয়নি কথাটা তোলার। কিন্তু ভাবতাম, ইন্দিরা গান্ধীর আমলে ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব যিনি পালন করেছেন, যিনি ভারত সরকারের কৃষি মূল্য নির্ধারণ কমিশনের চেয়ারম্যান ছিলেন, তাঁর মনে কংগ্রেস সম্পর্কে কী করে এত প্রবল ঘৃণা জন্মাতে পারে? কংগ্রেসি জমানায় অভ্যস্ত শীর্ষ আমলা কী করে বলতে পারেন, ‘আমি ভদ্রলোক নই, আমি কমিউনিস্ট?’
জ্যোতি বসুর মতোই যিনি সবার সমীহ আদায় করতেন, সেই অশোক মিত্রকে খুব কাছ থেকে প্রথম পাই কাশ্মীরে। ১৯৮৪ সাল। ফারুক আবদুল্লার ওপর রেগে গিয়ে ইন্দিরা গান্ধী কাশ্মীরে তাঁর সরকার ফেলে দিয়েছেন। ফারুকের দুলাভাই গুল মহম্মদ শাহকে হাত করে ন্যাশনাল কনফারেন্স ভেঙে নতুন সরকার গড়ে দিয়েছেন ইন্দিরা। গুল মহম্মদ শাহ মুখ্যমন্ত্রী, কংগ্রেসের দেবীদাস ঠাকুর উপমুখ্যমন্ত্রী। কাশ্মীরে তখন উত্তেজনায় খই ফোঁটা ফুটছে। ইন্দিরার বিরোধিতায় দেশে শুরু হয়েছে বিরোধীদের এক জোট হওয়া। হয়ে গেছে ‘অপজিশন কনক্লেভ’। ফারুকের পাশে সমর্থন নিয়ে দাঁড়াতে দেশের তাবড় বিরোধী নেতারা শ্রীনগর চলে এলেন। সিপিএম পাঠাল অশোক মিত্রকে।
সেই প্রথম অশোক মিত্রর সঙ্গে মুখোমুখি বাক্যালাপ। কংগ্রেস রাজনীতি, ইন্দিরা গান্ধীর রাজনৈতিক অভীপ্সা, বিরোধীদের সমস্যা, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং কংগ্রেসের বিরুদ্ধে জোটবদ্ধতার প্রয়োজনীয়তার বিষয়গুলো অশোক মিত্র ব্যাখ্যা করেছিলেন। তাঁর কথা শুনছিলাম এবং সেই সঙ্গে ভাবছিলাম, কোথায়, একটিবারের জন্যও তো মানুষটিকে অভদ্র বলে মনে হলো না! তবে? কেন তিনি ওই বাক্যটিকে অতখানি গুরুত্ব দিয়েছিলেন?
যে বছর রাজীব গান্ধী পশ্চিমবঙ্গ প্রায় জয় করে ফেলেছিলেন, যে বছর পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে ‘ক্যালকাটা ইজ আ ডাইং সিটি’ বলে রাজীব গান্ধী কমিউনিস্ট বাঙালিদের চোখে ভিলেন হয়ে গিয়েছিলেন, সেই ১৯৮৭ সালে অশোক মিত্র রাজ্য মন্ত্রিসভা ছেড়ে দিলেন। জ্যোতি বসুর সঙ্গে তাঁর নানা কারণে বনছিল না। কিন্তু কেন বনছিল না, সে কথা কিন্তু সাতকাহন করে প্রচার তিনি করেননি! অথচ রাজনীতিতে ওটাই নাকি দস্তুর! তখনো ভেবেছি, ভদ্রলোক যদি নাই হবেন, তা হলে কেন এমন চুপচাপ সরে গেলেন? উত্তর পাইনি।
নব্বইয়ের দশকে অশোকবাবু রাজ্যসভার সদস্য হলেন। লোকসভা ও রাজ্যসভার মাঝখানে সেন্ট্রাল হল। সেই ট্রেডমার্ক ধুতি-পাঞ্জাবিতে মাঝে মাঝেই তাঁকে সেন্ট্রাল হলে দেখতাম। ইন্দ্রজিৎ গুপ্ত, সোমনাথ চট্টোপাধ্যায়, গীতা মুখার্জি কি নীরেণ চ্যাটার্জিদের সঙ্গে কখনো-সখনো চা খেতেন। লাইব্রেরিতে সময় কাটাতেন। আর লিখতেন। কলকাতা থেকে প্রকাশিত ‘দা টেলিগ্রাফ’ পত্রিকায় তাঁর লেখা বেরত। প্রায়ই লিখতেন ক্রিকেট নিয়ে। কী যে ভালোবাসতেন ক্রিকেট খেলা কী বলি! আর কী ছিল তাঁর পর্যবেক্ষণ!
পার্লামেন্টের লাইব্রেরিতে একদিন সাহসে ভর করে এগিয়ে গেলাম। আগের দিনই ‘দা টেলিগ্রাফ’-এ তাঁর লেখা বেরিয়েছে। ক্রিকেট নিয়ে। গোগ্রাসে গিলেছি। কাছে গিয়ে সে কথাটা বলতে মুখটা তাঁর হাসি হাসি হলো। সাহস পেয়ে জিজ্ঞেস করি, কবে থেকে তিনি ক্রিকেট ভক্ত এবং ক্রিকেট নিয়েও এত স্মৃতি ধর কীভাবে হতে পারলেন? অশোকবাবু সেই রকম হাসি হাসি মুখ নিয়ে বলেছিলেন, ‘প্যাশন থাকলে সব সহজ হয়ে যায়।’ সেদিন সি কে নাইডু থেকে শুরু করে সুনীল গাভাসকার ও গুন্ডাপ্পা বিশ্বনাথের ক্রিকেট শিল্পর টুকরো টাকরা কাহিনি গল্পগাথার মতো মনে করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, একমাত্র টেস্ট ক্রিকেটেই শিল্পের এই বিচ্ছুরণ ঘটে। পাজামা ক্রিকেট (কেরি প্যাকার স্মরণীয়) মোটেই ক্রিকেট নয়। ওটা ক্রিকেটের মতো অন্য একটা খেলা। সেদিন তাঁর শেষ কথাটা ছিল, ‘যে দুটো খেলা এখনো ভদ্রলোকদের খেলা বলে গণ্য, তার একটা টেস্ট ক্রিকেট, অন্যটা লন টেনিস।’
অনেক দিন ধরে খোঁজা উত্তরটা সেদিনই পেয়ে যাই। অশোক মিত্র ভদ্রলোক ছিলেন যতটা, কমিউনিস্টও ততটাই। কোনো বিরোধ কোনোকালেই ছিল না।