রাজনৈতিক দল: তখন ও এখন

প্রথম আলোর বয়স মাত্র ২৫ বছর, কিন্তু এর অর্জন অনন্য। প্রথম আলো তার স্বপ্নের পথে এগোতে এগোতে বাংলাদেশের সংবাদমাধ্যমে অভূতপূর্ব কিছু মাইলফলক স্থাপন করেছে। সাহসী সাংবাদিকতা, উদ্ভাবনী পরিকল্পনা, দেশ ও বিদেশের অগ্রগণ্য মানুষের সম্পৃক্ততা ছিল এর শক্তি। প্রথম আলোর ২৫ বছরের নির্বাচিত ও সংক্ষেপিত বিষয়বস্তু থেকে পাওয়া যাবে এর স্বতন্ত্র পথরেখার নিশানা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওনক জাহান

১৯৬০-এর দশকের শেষ ভাগে যখন নিজের পিএইচডি থিসিসের গবেষণার জন্য আমি রাজনীতিকদের সাক্ষাৎকার নিয়েছিলাম, সে সময় বাঙালি ও পাকিস্তানি রাজনীতিকদের মধ্যে একটি ব্যাপক পার্থক্য লক্ষ করেছিলাম। যেসব পাকিস্তানি রাজনীতিকের সাক্ষাৎকার আমি নিয়েছি, তাঁরা প্রায় সবাই ছিলেন সম্পদশালী। অন্যদিকে বাঙালি নেতারা থাকতেন খুবই সাধারণ বাড়িতে, তাঁদের কোনো গাড়ি ছিল না, সোফা ছিল না আর কোনো বেয়ারাও ট্রলিতে চা ও নাশতা নিয়ে আসত না। 

৪০ বছর পর ২০১০-১২ সালে আমি যখন আবার সংসদ ও রাজনৈতিক দলের ওপর গবেষণা শুরু করি, এ সময় আমি দেখলাম, বাঙালি রাজনীতিকদের বৈষয়িক ভাগ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। গত কয়েক বছরে যে রাজনীতিকদের সাক্ষাৎকার আমি নিয়েছি, তাঁরা সবাই বনানী ও গুলশান এলাকার বড় বড় বাড়িতে বাস করেন, তাঁদের সবারই গাড়ি আছে।

১৯৬০ ও ১৯৭০-এর দশকে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে রাজনৈতিক দল ও নেতাদের ইতিবাচক ভূমিকার কথা আমরা স্মরণ করেছি, এমনকি ১৯৮০-এর দশকেও গণতন্ত্রের আন্দোলনে তাঁদের উজ্জ্বল ভূমিকা ছিল। কিন্তু ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার হওয়ার পর তাঁদের ভাবমূর্তি ক্রমাগত নিম্নগামী হতে শুরু করে।

প্রস্তাবিত ব্যবস্থা

বাংলাদেশে এ বিশ্বাস ক্রমেই জোরালো হচ্ছে যে রাজনৈতিক দলগুলো দেশে গণতন্ত্র প্রবর্তনের প্রত্যয় ব্যক্ত করলে বা দলের ভেতরে গণতন্ত্রচর্চার চেষ্টা করলেই শুধু গণতন্ত্র টেকসই হতে পারে। দেশে গণতন্ত্র সুসংহত করার জন্য রাজনৈতিক দলগুলোকে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে:

প্রথমত, নিজেদের সমর্থকদের সুবিধা দেওয়া ও প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য রাষ্ট্রীয় শাসনব্যবস্থার ব্যবহার বন্ধ করতে হবে। গণতন্ত্রের একটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে আইনের শাসন। রাজনৈতিক দলগুলো যদি দলীয় স্বার্থে রাষ্ট্রের ব্যবহার বন্ধ না করে, তাহলে আইনের শাসন কখনো প্রতিষ্ঠিত
হবে না। 

দ্বিতীয়ত, উপদলীয় ও আন্তদলীয় কোন্দল নিরসনে সহিংসতার আশ্রয় নেওয়া যাবে না। এক দলের সঙ্গে অন্য দলের, একই দলের ভেতরে বিভিন্ন উপদলের এবং দলগুলোর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাতের কারণে দ্বন্দ্ব নিরসনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। 

তৃতীয়ত, বিরোধী দলে থাকার সময় দলগুলোর সংসদ বর্জনের রীতি বর্জন করতে হবে। সরকারের জবাবদিহির জন্য সংসদকেই কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

চতুর্থত, রাজনৈতিক দলগুলোকে সমর্থকদের সুবিধা বিতরণের জায়গা থেকে সরে এসে বিধান ও নীতিভিত্তিক সংগঠনে পরিণত হতে হবে। দলগুলো পৃষ্ঠপোষক-সুবিধাভোগী নেটওয়ার্ক বিস্তারে ব্যস্ত থাকায় গণতান্ত্রিক ভূমিকা পালন করতে পারছে না। তারা নানা কারণেই দুর্নীতি ও অপরাধমূলক তৎপরতার ওপর নির্ভরশীল।

পঞ্চমত, রাজনৈতিক দলগুলোর উচিত সরকার ও দলের মধ্যে একটি পার্থক্যরেখা টানা। দলের নেতারা, যেমন সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদধারী ব্যক্তিরা পুরো সময় দলের জন্যই ব্যয় করবেন, কোনো সরকারি দায়িত্ব, যেমন মন্ত্রী, প্রতিমন্ত্রী প্রভৃতি পদে তাঁদের নিয়োগ দেওয়া চলবে না। এই পৃথক্​করণ সম্ভব হলে ক্ষমতাসীন দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করা সম্ভব হবে, সব উৎকৃষ্ট গণতন্ত্রেই তারা এ কাজ করে থাকে।

সবশেষে, রাজনৈতিক দলগুলোর কাজ হবে সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর, বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত ও তা ব্যক্ত করা এবং যথাযথ নীতি প্রণয়ন করে সেটা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া। রাজনৈতিক দলগুলো এখন ক্রমাগত ব্যবসায়ী মহলের স্বার্থ সংরক্ষণে ব্যস্ত হয়ে পড়ছে, ফলে সরকারের নীতিতে অন্যান্য সামাজিক মহলের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হচ্ছে না। 

রওনক জাহান: সম্মানিত ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

৬ নভেম্বর ২০১৪ (সংক্ষেপিত)