পঁচিশের নির্বাচিত
বাংলাদেশ: আমার স্মৃতিতে
প্রথম আলোর বয়স মাত্র ২৫ বছর, কিন্তু এর অর্জন অনন্য। প্রথম আলো তার স্বপ্নের পথে এগােতে এগোতে বাংলাদেশের সংবাদমাধ্যমে অভূতপূর্ব কিছু মাইলফলক স্থাপন করেছে। সাহসী সাংবাদিকতা, উদ্ভাবনী পরিকল্পনা, দেশ ও বিদেশের অগ্রগণ্য মানুষের সম্পৃক্ততা ছিল এর শক্তি। প্রথম আলোর ২৫ বছরের নির্বাচিত ও সংক্ষেপিত বিষয়বস্তু থেকে পাওয়া যাবে এর স্বতন্ত্র পথরেখার নিশানা।
বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হবে যে ভূখণ্ড, সেখানকার মানুষের সঙ্গে আমার প্রথম যোগাযোগ হয়েছিল ১৯৪৩ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমার ব্যাটারি (গোলন্দাজ বাহিনী) তখন সড়কপথে বিহার, অবিভক্ত বাংলা হয়ে তৎকালীন বার্মার আরাকানে যাচ্ছিল। দুর্ভিক্ষের নিদারুণ করুণ অবস্থা আমাকে গভীরভাবে স্পর্শ করে। সন্ত্রস্ত হয়ে উঠেছিলাম আমি। যাওয়ার পথে আমাদের সৈনিকদের রেশন অর্ধেক ছেঁটে ক্ষুধার্তদের মধ্যে বণ্টনে আমরা ব্রত হই। আমরা সেনাশিবির এলাকায় ২০০ সেনার এক সপ্তাহের বরাদ্দ খাবার চট্টগ্রাম ও কক্সবাজারের উপকণ্ঠের অভাবী লোকদের ভেতর বিলি করে দিয়েছিলাম।
ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের সঙ্গে আবার সম্পর্কিত হওয়ার আগে বেশ একটা দীর্ঘ সময় কেটে যায়। সম্ভবত ১৯৬৯ সালে ফোর্ট উইলিয়ামে পৌঁছাই আমি। পূর্ব পাকিস্তানে তখন দ্রুত চলছে ঘটনাপ্রবাহ।
ঘটনাক্রমে ১৯৪৭ সালের আগস্ট মাসে মেজর টিক্কা খান গানারি স্টাফ কোর্সের একজন ছাত্র ছিলেন, দিওলালিতে আমিও সেই প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম। পাকিস্তানের অন্য কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানে ফিরে যান তিনি। মেজর টিক্কা খানের কথা অল্প অল্প মনে আছে আমার। তখন তাঁকে আমার তেমন একটা আকর্ষণীয় ঠেকেনি।
পূর্ব পাকিস্তান পরিস্থিতিতে ভারতের উদ্বিগ্ন সরকার সে দেশের ওপর দিয়ে বিমান চলাচল স্থগিত ঘোষণা করে। ২৩ মার্চ পাকিস্তান দিবসে সারা পূর্ব পাকিস্তানে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ২৫ মার্চের সন্ধ্যায় কলম্বো হয়ে পাকিস্তানে ফিরে যান ইয়াহিয়া খান। ২৫ মার্চ দিবাগত রাত একটায় ক্র্যাকডাউন ‘অপারেশন সার্চলাইট’ শুরু করার নির্দেশ দেন টিক্কা খান। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি দেন এবং জনগণকে শেষ পাকিস্তানি সেনাটিকে বিতাড়ন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
২৫ মার্চ রাত একটায় শেখ মুজিবকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করার আনুমানিক তিন দিন পর করাচিতে নিয়ে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যাংক অধিনায়কদের হুকুম আমি বেতারে অস্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম: ‘বামে যাও। জানালা খোলো, চালাও গুলি,’ ইত্যাদি। নির্মমভাবে প্রতিরোধ দমন করা হয়। বেশির ভাগ বাংলাদেশি নেতা পালিয়ে ভারতে চলে যান। শরণার্থীদের আগমন শুরু হয়। করুণ দৃশ্য ছিল সেটা। সামান্য যা কিছু সম্বল ছিল, তা নিয়েই হাজির হচ্ছিল তারা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভারতে চলে আসে। এ সময় সীমান্তে গিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। এ সময় তাদের সাহায্য করার চেষ্টা করি। ভারতে ওদের চলাফেরা নজরদারি করতে বেনাপোল সীমান্তে একটি পদাতিক ব্যাটালিয়ন নিয়োগ দিই আমি। পূর্ব পাকিস্তানের অভ্যন্তরেই শুল্কচৌকিতে তাজউদ্দীন আহমদের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য গ্রিফিথসের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। তখন পাকিস্তানি অস্ত্র থেকে ওই এলাকায় গুলিবর্ষণ হচ্ছিল। আমি তাজউদ্দীনকে শুল্কচৌকি ত্যাগ করার অনুরোধ জানাই। এখানে বাংলাদেশি পতাকা উড়ছিল। আলোচনার পর আমরা তাজউদ্দীনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাই। পাকিস্তানি বাহিনী এগিয়ে আসছিল। বাংলাদেশি পতাকা নামানোর তৎপরতায় নিয়োজিত পাকিস্তানিদের নিশানা করে গুলির নির্দেশ দিয়েছিলাম আমি। পাকিস্তানিদের আমরা পতাকা নামাতে দিইনি। আত্মসমর্পণ পর্যন্ত সেই পতাকা কিন্তু উড্ডীন ছিল।
মার্চের শেষ নাগাদ বেশ কয়েকজন বাংলাদেশি নেতা এসে পৌঁছান। তাঁদের ভেতর উল্লেখযোগ্য হচ্ছেন তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, কামারুজ্জামান, মনসুর আলী, কর্নেল ওসমানী এবং উইং কমান্ডার এ কে খন্দকার। একটি প্রবাসী সরকার গঠন করা হয়।
মুক্তিবাহিনী গঠনপ্রক্রিয়া শুরু হয়, প্রাথমিকভাবে আটটি শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। সেক্টর কমান্ডারদের মনোনয়ন দেওয়া হয়। সেক্টর কমান্ডাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁদের অধীন যোদ্ধাদের পরিচালনা করেন। মুক্তিবাহিনী ও ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নগুলো মুক্তিসংগ্রামে অধিক গুরুত্বপূর্ণ ও নিষ্পত্তিকারক ভূমিকা রাখে। তারা সর্বত্র পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালায় এবং অবকাঠামোর মারাত্মক ক্ষতি সাধন করে। তারা এমন অবস্থা সৃষ্টি করেছিল, যার ফলে পাকিস্তানি বাহিনীর মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে। পাকিস্তানের পরাজয় ও বাংলাদেশ সৃষ্টিতে তাদের যথোচিত অবদান স্বীকার করতেই হবে।
৪ ডিসেম্বর থেকে ঝটিকা আক্রমণের সূচনা করা হয়। ১৪ ডিসেম্বর নিয়াজি জাতিসংঘের অধীন যুদ্ধবিরতির আবেদন করেন এবং জাতিসংঘের হাতে সরকারের দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেন। ১৫ ডিসেম্বর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভুট্টো, তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ নিয়েছিলেন। আমি আত্মসমর্পণের দলিলের খসড়া তৈরি করি। ১৬ ডিসেম্বর ঢাকার জনগণের সামনে নিয়াজিকে শর্তহীন আত্মসমর্পণে বাধ্য করি। ইতিহাসে এর আর নজির নেই। তিনি যাঁদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছিলেন, তাঁদেরই মুখোমুখি দাঁড় করিয়েছি তাঁকে। পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুরতার বর্ণনা বাংলাদেশে যথার্থভাবে নথিবদ্ধ রয়েছে। প্রস্তাব ছিল যুদ্ধবিরতির। কিন্তু মাত্র চার ঘণ্টার ব্যবধানে সেই যুদ্ধবিরতি রূপান্তরিত হয়েছিল পৃথিবীর একমাত্র শর্তহীন প্রকাশ্য আত্মসমর্পণে।
ভাষান্তর: শওকত হোসেন
জেনারেল জে এফ আর জ্যাকব: ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উপপ্রধান
৪ নভেম্বর ২০১০ (সংক্ষেপিত)