টানা ছয়বার সেরা করদাতা
গণমাধ্যমজগতে করদাতা হিসেবে শুল্ক-করের পাওনা বুঝিয়ে দেওয়ায় মিডিয়াস্টার লিমিটেডের বেশ সুনাম আছে।
আয়কর দেওয়ায় সারা দেশে সেরা করদাতা প্রথম আলো। টানা ছয় বছর ধরে প্রথম আলো এই সম্মাননা পেয়ে আসছে। প্রতিবারই গণমাধ্যম শ্রেণিতে সবচেয়ে বেশি কর দিয়ে শীর্ষস্থানে থাকে প্রথম আলো। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রথম আলো যেমন ঈর্ষণীয়, তেমনি রাষ্ট্রের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রেও প্রথম আলো সেরাদের কাতারে।
২০১৬ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছর বিভিন্ন শ্রেণিতে শীর্ষ করদাতাদের সম্মাননা ও কর কার্ড দেয়। গণমাধ্যম শ্রেণিতে প্রতিবছরই শীর্ষ করদাতা প্রতিষ্ঠান হিসেবে এই বিশেষ সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড। মিডিয়াস্টার লিমিটেড থেকে দৈনিক প্রথম আলো প্রকাশিত হয়। গণমাধ্যমজগতে করদাতা হিসেবে শুল্ক-করের পাওনা বুঝিয়ে দেওয়ায় মিডিয়াস্টার লিমিটেডের বেশ সুনাম আছে।
প্রথম আলোর মালিক ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদেরও কর দেওয়ায় বেশ সুনাম আছে। এই পরিবারের সদস্যরা প্রতিবছরই শীর্ষ করদাতার তালিকায় থাকেন। ২০১৭ সালে এনবিআর দেশের ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ হিসেবে বিশেষ সম্মান দেয়। ওই সময় লতিফুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের এই অভূতপূর্ব সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে একবারই বিভিন্ন পরিবারকে দেওয়া হয়েছে এমন সম্মাননা। গত বছর পর্যন্ত প্রয়াত লতিফুর রহমান প্রতিবছরই ব্যবসায়ী হিসেবে শীর্ষ তিনজন সেরা করদাতার তালিকায় ছিলেন। এ ছাড়া তাঁর স্ত্রী শাহনাজ রহমানও একাধিকবার সেরা করদাতা হয়েছেন।
শুধু প্রথম আলো নয়; প্রথম আলো সম্পাদক মতিউর রহমানও প্রতিবছর সাংবাদিক শ্রেণিতে সেরা করদাতাদের তালিকায় থাকেন। তিনিও টানা ছয়বার এই বিশেষ সম্মাননা পেয়েছেন। এ ছাড়া ট্রান্সকম গ্রুপ সম্পৃক্ত মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড থেকে প্রকাশিত হয় দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম সাংবাদিক হিসেবে এবং গণমাধ্যম শ্রেণিতে মিডিয়া ওয়ার্ল্ড লিডিটেডও প্রতিবারই শীর্ষ করদাতাদের তালিকায় থাকেন।
প্রথম আলো পত্রিকাটি ছাপা হয় ট্রান্সকম গ্রুপের আরেক প্রতিষ্ঠান ট্রান্সক্রাফট লিমিটেড থেকে। এই প্রতিষ্ঠানও গণমাধ্যম শ্রেণিতে একাধিকবার শীর্ষ করদাতা হয়েছে।
এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, মিডিয়াস্টার লিমিটেডসহ ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠানগুলো সব সময় সময়মতো শুল্ক-কর পরিশোধ করে থাকে। তাদের সঙ্গে শুল্ক-কর নিয়ে বিরোধ হয় না।
লেখক: জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রথম আলো