পত্রিকা বিক্রেতাদের সুখী গ্রাম বাংপাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংপাই গ্রামের বাসিন্দারা পত্রিকার হকারদের নিয়ে গর্ব করেন
ছবি: এম সাদেক

দেশভাগ হওয়ার আগে ভারতের কলকাতা ও আগরতলায় পত্রিকা বিক্রি করতেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মোকারম আলী। এরপর তিনি দেশে ফিরে ঢাকায় পত্রিকা বিক্রি শুরু করেন। পরে নিজের গ্রামের ছেলেদের এই পেশায় যুক্ত করেন।

ঢাকা শহরে পত্রিকা ব্যবসায় জড়িত ব্যক্তিদের বড় অংশ বাংপাই গ্রামের। পত্রিকা বিক্রি করে এই গ্রামের চেহারা বদলে দিয়েছেন তাঁরা। কেউ সন্তানকে বিদেশ পাঠিয়েছেন। কেউ জমি কিনেছেন। কেউ ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। দোকানপাট করেছেন। বড়দের দেখাদেখি ছোটরাও এই পেশায় জড়িয়ে পড়েন। এই গ্রামের সবাই পত্রিকা বিক্রি করেই স্বাবলম্বী।

গ্রামটি এলাকাবাসীর কাছে হকারের গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামের ২৪৫ জন ঢাকায় পত্রিকার হকার। ভোরের আলো ফুটতে না ফুটতেই তাঁদের হাত ধরেই টুংটাং শব্দে ঘরে ঘরে পৌঁছে যায় খবরের কাগজ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাংপাই গ্রাম। ২০ অক্টোবর কার্তিকের এক বাড়ন্ত দুপুরে বাংপাই গ্রামে গিয়ে দেখা গেল, পুরো গ্রাম যেন এক টুকরো শহর।

গ্রামটি এলাকাবাসীর কাছে হকারের গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামের ২৪৫ জন ঢাকায় পত্রিকার হকার।

গ্রামের একেকটি বাড়ির সামনে পাকা দেয়াল। রয়েছে পানিনিষ্কাশনের জন্য নালাও। দেয়ালের ভেতরে পাকা বাড়ি। কোনোটি একতলা, কোনোটি দোতলা। কোনোটি ডুপ্লেক্স। গ্রামের ভেতরে এ–বাড়ি ও–বাড়ি ঘুরেই দেখা মেলে পত্রিকা বিক্রেতাদের ঘর। কেউ ছুটিতে বাড়ি এসেছেন। কেউ ঢাকায় রয়েছেন।

বাংপাই গ্রামের কালাম মার্কেটের বিল্লাল জেনারেল স্টোরের সামনে কথা হয় হকার মো. মাসুম বিল্লাহর (৩৮) সঙ্গে। তিনি রাজধানীর নাজিমউদ্দিন সড়ক, চানখাঁরপুল এলাকায় পত্রিকা বিক্রি করেন। ২০০১ সাল থেকে তিনি ঢাকায় পত্রিকা বিক্রি করেন। মাসুম বিল্লাহ এ প্রতিবেদকের পরিচয় পেয়ে বললেন, ‘মোক্ষম সময়ে এসেছেন। আজ (২০ অক্টোবর) গ্রামে এসেছেন বহু হকার। ‘এদের ডেকে আনি, আলাপ করলে সব জানতে পারবেন।’ মিনিট পাঁচেকের মধ্যে একে একে জড়ো হন সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ অন্তত ১১ জন হকার। তাঁদের সঙ্গে কালাম মার্কেটের দুটি বসার টুলে আলাপচারিতায় মেতে উঠি।’

সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ভাষ্য, বাংপাই গ্রামের মোকারম আলী, চান মিয়া, আবুল কাশেম ঢাকায় পত্রিকা ব্যবসা শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালের ২৩ মার্চ পর্যন্ত এজেন্ট দিয়ে পত্রিকা ব্যবসা চলত ঢাকা শহরে। পরে ১৯৭৩ সালের ২৪ মার্চ সমিতি প্রতিষ্ঠা করা হয়। তখন এজেন্ট প্রথা বাতিল হয়। শুরু হয় সমিতি। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ৮৫৩। এই গ্রামের হকার আছে ঢাকা শহরে বর্তমানে ২৪৫ জন। এর মধ্যে সমিতির সদস্য আছেন ১০০ জনের মতো। ঢাকা শহরের পত্রিকা ব্যবসা নিয়ন্ত্রণ করে, কুমিল্লা ও ফেনীর লোকজন।

জাহাঙ্গীর আলম জানান, তাঁদের সমিতির সভাপতির বাড়ি ফেনী। তাঁর নাম আবদুল মান্নান। বাংপাই গ্রাম থেকে ফেনীর দূরত্ব একেবারেই কম। ঢাকায় পত্রিকা ব্যবসায়ীদের মধ্যে ৬০ শতাংশ কুমিল্লার। বাংপাই গ্রামেরই ৫০ শতাংশ। সবার মধ্যে ভালো বোঝাপড়া। একে অপরের সুখে–দুঃখে পাশে থাকেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘পত্রিকা বিক্রি করে আমি স্বাবলম্বী। ১৯৮৫ সালে এসএসসি পাস করে আমি ঢাকায় যাই। এরপর হাবীবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি ও জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর পাস করি। রামপুরা এলাকা থেকে ব্যবসা শুরু করি। পত্রিকার ব্যবসা করেই পরিবার নিয়ে সুখে আছি। আমার এক ছেলে কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পঞ্চম বর্ষে পড়ে। আরেক ছেলে ঢাকায় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। একমাত্র মেয়ে এসএসসি পরীক্ষার্থী। পত্রিকা বিক্রির টাকা দিয়েই ওদের পড়ার খরচ জোগান দিই। এই পেশায় থেকেই এলাকায় সামাজিক নানা ধরনের কাজ করছি। এলাকার মাদ্রাসা ও স্কুলের অভিভাবক সদস্য হয়ে ভূমিকা রাখছি।’

জাহাঙ্গীর আলমের ছোট ভাই ফখরুল ইসলাম টিপুও পত্রিকা ব্যবসার সঙ্গে জড়িত। তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাস। তিনি বলেন, ছোটবেলা থেকে ঢাকা শহরে পত্রিকা বিক্রি শুরু করি। সকালে পত্রিকা বিক্রি করে সকাল ১০টায় কলেজে যেতাম। তখন পত্রিকার রমরমা অবস্থা ছিল। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে পত্রিকা ব্যবসায় ধস নামে। অন্তত ৫০ শতাংশ লোক আগের চেয়ে পত্রিকা কম কেনেন। কোনোভাবেই বাসাবাড়ি, অফিস, আদালতে, দোকানপাটে আগের মতো পত্রিকা ঢোকানো যাচ্ছে না। প্রতিটি পত্রিকার মালিক ও সম্পাদকেরা পত্রিকা মার্কেটে রাখতে চান। মানুষের হাতে হাতে পৌঁছাতে চান।

বাংপাই গ্রামের আবদুল মজিদ একসময় ঢাকায় পত্রিকার ব্যবসা করতেন। তিনি তাঁর বড় ছেলে মো. মনিরকে ঢাকায় এই পেশায় যুক্ত করেন। মনিরের পর তাঁর ছোট ছেলে মো. নয়নও এই পেশায় যোগ দেন। এক যুগ আগে মনির পত্রিকার ব্যবসা ছোট ভাইয়ের হাতে তুলে দেন। এরপর তিনি সপরিবার ইতালিতে চলে যান। ইতালিতে মনির ব্যবসা করেন। মনিরের ভাই মো. নয়ন বলেন, ‘পত্রিকার ব্যবসাই আমাদের জীবন বদলে দিয়েছে।’

বাংপাই গ্রামের কালাম মার্কেটে যাওয়ার পথে সড়কের উত্তর পাশে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। বাড়ির নাম ‘আমাদের আঙিনা’। এই বাড়ি বানিয়েছেন রাজধানীর আজিমপুর এলাকার পত্রিকা ব্যবসায়ী নুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বাবা আলী হোসেন ভূঁইয়া ঢাকায় পত্রিকা ব্যবসা করতেন। বাবার সঙ্গে আমিও ১৯৯৭ সালে যুক্ত হই এই কাজে। পরে আমার ছোট ভাই মো. হানিফও যুক্ত হন। বাবা ২০০৫ সালে গত হন। এরপর আমি এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। পত্রিকা ব্যবসার টাকা দিয়ে বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করি। আমার স্ত্রী চৌদ্দগ্রাম উপজেলার ফুলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এই ব্যবসা আমাদের আলোর মুখ দেখিয়েছে।’

কালাম মার্কেটের অন্তত ২০টি দোকানের মধ্যে বেশির ভাগই হকারদের দোকান। এঁদের একজন মোবারক হোসেন ওরফে জিতু। তিনি মানিক জেনারেল স্টোর নাম দিয়ে স্টেশনারি ব্যবসা করছেন। তিনি বলেন, ‘১৯৬৫ সাল থেকে পত্রিকা ব্যবসা শুরু করি। তখন আট আনায় পত্রিকা বিক্রি করতাম। তখন পত্রিকা ব্যবসাকে স্বর্ণের মতো মনে করা হতো। পরিবার–পরিজন নিয়ে দারুণভাবে চলতাম। এখন আর সেই জৌলুশ নেই। তাই পত্রিকা ব্যবসার পাশাপাশি এলাকায় এসে দোকান দিয়েছি। লোক দিয়ে ঢাকায় ব্যবসা চালাই।’

এই গ্রামের পত্রিকা ব্যবসায়ী মো. নয়ন বলেন, পত্রিকা ব্যবসায় মন্দার কারণে অনেকে ব্যবসা ছেড়ে বিদেশে যাচ্ছেন। আগে এই গ্রামের ৪০০ হকার ঢাকায় ছিলেন। এখন ২৪৫ জন। পত্রিকার টাকা দিয়েই বেশির ভাগ বিদেশে গেছেন। গ্রামে এখন বিদেশি আর পত্রিকার হকার বেশি।

বাংপাই গ্রামের পশ্চিমপাড়ায় ঢুঁ মেরে জানা গেল, এই পাড়াতেই ২৮ জন হকার রয়েছেন। যাঁরা সংবাদপত্রশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁরা হলেন মো. নয়ন, মনির হোসেন, বিল্লাল হোসেন, মহিন মিয়া, জালাল আহমেদ, আবুল কাশেম, আবু বকর, মাহবুবুল হক, মোবারক হোসেন, রুহুল আমিন, খোরশেদ আলম, রফিকুল ইসলাম, শাহ আলম, নিজাম উদ্দিন, শাহাদাত হোসেন, বেলাল মিয়া, হেলাল উদ্দিন, জাকির হোসেন, জহিরুল হক, বাবুল মিয়া, কামাল হোসেন, সুমন মিয়া, আবদুল খালেক, মো. ইমরান, খোরশেদ আলম (২), ফখরুল আলম, জাহাঙ্গীর আলম, পাপ্পু মিয়া।

মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজ বলেন, পত্রিকা হকারের গ্রাম হিসেবে বাংপাই পরিচিত। এই গ্রামের বেশির ভাগ পরিবার সংবাদপত্রশিল্পের আয় দিয়ে চলে। এই ব্যবসা থেকে স্বাবলম্বী হয়ে বিদেশে যান। ঢাকা শহরের বেশির ভাগ হকার এই গ্রামের।

বাংপাই গ্রামের জনসংখ্যা তিন হাজারের ওপরে। পুরো গ্রামের বাসিন্দারা পত্রিকা হকারদের নিয়ে গর্ব করেন। তাঁদের জ্ঞানের ফেরিওয়ালাও বলা হয়। চৌদ্দগ্রামের বাসিন্দা কুমিল্লা জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক গোপাল দত্ত চৌধুরীর ভাষ্য, ‘সংবাদপত্র বিক্রি মহৎ কাজ। দেশ-বিদেশের অজানা তথ্য নিয়েই তাঁরা মানুষের দুয়ারে কড়া নাড়েন। তাঁদের শ্রমে–ঘামে জ্ঞানের আলোয় বিকশিত হন প্রবীণ থেকে নবীন পত্রিকাপড়ুয়ারা। বাংপাই গ্রামের যুবদের স্যালুট জানাই।’