বেছে বেছে গণহত্যা

প্রথম আলোর বয়স মাত্র ২৫ বছর, কিন্তু এর অর্জন অনন্য। প্রথম আলো তার স্বপ্নের পথে এগোতে এগোতে বাংলাদেশের সংবাদমাধ্যমে অভূতপূর্ব কিছু মাইলফলক স্থাপন করেছে। সাহসী সাংবাদিকতা, উদ্ভাবনী পরিকল্পনা, দেশ ও বিদেশের অগ্রগণ্য মানুষের সম্পৃক্ততা ছিল এর শক্তি। প্রথম আলোর ২৫ বছরের নির্বাচিত ও সংক্ষেপিত বিষয়বস্তু থেকে পাওয়া যাবে এর স্বতন্ত্র পথরেখার নিশানা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্চার কে ব্লাড

আমরা পররাষ্ট্র দপ্তরের লোকজন কোনো টেলিগ্রাম পাঠানোর সময় একটা শিরোনাম দিয়ে দিতাম। যেমন ধরুন মুজিবের সঙ্গে বৈঠক। এর ফলে যাদের দৈনিক কয়েক শ টেলিগ্রাম নাড়াচাড়া করতে হয়, তাদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবার্তাটি বেছে নিতে সুবিধা হতো। আর বেশির ভাগ শিরোনাম থাকত সরাসরি বর্ণনাত্মক। তবে কখনো কখনো আমরা দৃষ্টি আকর্ষক শিরোনামও দেওয়ার চেষ্টা করতাম।

মার্চের ২৮ তারিখে আমি ‘বেছে বেছে গণহত্যা’ শিরোনাম দিয়ে একটা টেলিগ্রাম পাঠালাম। যত দূর জানি, এ ধরনের শিরোনামের ব্যবহার সেই প্রথম। হতাশা আর ক্রোধ থেকেই এই বার্তা পাঠালাম। তিন দিন ধরে আমরা ইসলামাবাদ ও ওয়াশিংটনে নৃশংস সেনা হামলার সচিত্র প্রতিবেদন পাঠিয়ে সয়লাব করে ফেললাম। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এই প্রতিক্রিয়াহীন পরিবেশে এই বিষয় নিয়ে গলা ফাটিয়ে আমিও রেগে বোবা হয়ে পড়লাম। ঠিক করলাম, আমাদের এই ব্যাপক প্রতিবেদন লক্ষণীয় সাফল্য অর্জন না করা পর্যন্ত অবস্থার ভয়াবহতা আরও চড়া মাত্রায় পরিবেশন করব। সেই বিপুল পরিমাণ টেলিগ্রামের কিছু অংশ নিচে উদ্ধৃত করা হলো:

১. ঢাকায় পাকিস্তানি সেনারা তাদের প্রভুত্ব বিস্তারের জন্য যে সন্ত্রাস চালাচ্ছে, আমরা তার নীরব ও আতঙ্কগ্রস্ত সাক্ষী। মার্শাল ল কর্তৃপক্ষের কাছে আওয়ামী লীগ সমর্থকদের একটা তলিকা আছে। সেই তালিকা ধরে ধরে তাদের বাড়ি থেকে ডেকে এনে গুলি করে সুচারুভাবে হত্যা করা হচ্ছে। আর এর সপক্ষে তথ্য-প্রমাণও ক্রমে বাড়ছে।

২. পাকিস্তানি বাহিনীর এই খতম তালিকায় আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি, ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম আছে; আছে বহু জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য (এমএনএ) এবং প্রাদেশিক পরিষদের সদস্যের (এমপিএ) নাম।

৩. এ ছাড়া পাকিস্তানি সেনাদের মদদে অবাঙালি মুসলিমরা নিয়ম করে দরিদ্র লোকজনের বাড়িঘর আক্রমণ করছে এবং খুন করছে বাঙালি ও হিন্দুদের। ঢাকার রাস্তাগুলোয় হিন্দু আর ঢাকা ছেড়ে যেতে ব্যস্ত অন্য লোকজনে ভর্তি। অনেক বাঙালি মার্কিনদের বাড়িঘরে আশ্রয় প্রার্থনা করেছে এবং তাদের বেশির ভাগকে আশ্রয়ও দেওয়া হয়েছে।

৪. কারফিউ আজ আরও জোরদার করা হয়েছে (দুপুর থেকে কারফিউ পুনরায় জারি হয়েছে)। সব দেখেশুনে মনে হচ্ছে, পাকিস্তানি সেনারা তাদের তল্লাশি ও ধ্বংসযজ্ঞ চালানোর কাজ সহজতর করতেই কারফিউ জারি করেছে। অথচ ঢাকায় সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো প্রতিরোধ নেই।

৫. পাকিস্তানি সেনাদের নৃশংসতার ভয়াবহ চিত্র আজ হোক, কাল হোক প্রকাশিত হবেই। সুতরাং পাকিস্তান সরকারের (জিওপি) মিথ্যা দাবি মেনে নেওয়ার ভান করা এবং এই অফিস থেকে বিস্তারিত তথ্য পাঠানোর পরও পূর্ব পাকিস্তানের পরিস্থিতি বুঝতে অস্বীকৃতি জানানোয় বর্তমান যুক্তরাষ্ট্র সরকারের যুক্তিগ্রাহ্য মনোভাব নিয়ে, অতঃপর আমি প্রশ্ন তুলি।

ওয়াশিংটন থেকে পররাষ্ট্র দপ্তরের পাকিস্তানবিষয়ক কান্ট্রি ডিরেক্টর আমাকে জানালেন, তিনি বুঝতে পারছেন, ঢাকায় অবস্থানরত মার্কিনরা তাঁদের বাড়িতে পূর্ব পাকিস্তানিদের আশ্রয় দিতে পারেন। তিনি এমন ‘বিপজ্জনক’ কাজকে নিরুৎসাহিত করার জন্য আমাকে নির্দেশ দিলেন। উত্তেজিত অবস্থায় আমি তাৎক্ষণিকভাবে একটা উত্তর দিলাম। বললাম, ঢাকার সরকারি ও বেসরকারি মার্কিন নাগরিক তাঁদের কাজের লোকের ঘরে বহু ভীত ও সন্ত্রস্ত হিন্দু-মুসলিম বাঙালিকে আশ্রয় দিচ্ছেন। আমি এ-ই বলে শেষ করলাম যে আমাদের কাজের লোকেরা মানবিক মমত্ববোধ ও নিজেদের ঝামেলার কথা চিন্তা করেও যে কাজ করেছে, তাকে নিরুৎসাহিত করার কোনো অভিপ্রায় আমার নেই। এরপর এ ব্যাপারে আর টুঁ শব্দটি শুনতে পাইনি।

আর্চার কে ব্লাড: মুক্তিযুদ্ধের সময় ঢাকায় মার্কিন কনসাল জেনারেল।

২৩ মার্চ ১৯৯৯ (সংক্ষেপিত)