পঁচিশের নির্বাচিত সাক্ষাৎকার : স্যার ফজলে হাসান আবেদ

আমি নারী-পুরুষের সমতার স্বপ্ন দেখি

প্রথম আলোর বয়স মাত্র ২৫ বছর, কিন্তু এর অর্জন অনন্য। প্রথম আলো তার স্বপ্নের পথে এগোতে এগোতে বাংলাদেশের সংবাদমাধ্যমে অভূতপূর্ব কিছু মাইলফলক স্থাপন করেছে। সাহসী সাংবাদিকতা, উদ্ভাবনী পরিকল্পনা, দেশ ও বিদেশের অগ্রগণ্য মানুষের সম্পৃক্ততা ছিল এর শক্তি। প্রথম আলোর ২৫ বছরের নির্বাচিত ও সংক্ষেপিত বিষয়বস্তু থেকে পাওয়া যাবে এর স্বতন্ত্র পথরেখার নিশানা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেগুনা নিয়ে বেরিয়েছেন মুক্তি রানী। সাভারের আশুলিয়ায়। ২৯ এপ্রিল ২০২৩
ছবি: মানসুরা হোসাইন
প্রথম আলো:

প্রথম আলো: ভবিষ্যতের ব্র্যাক—আপনার
স্বপ্নটা কী?

স্যার ফজলে হাসান আবেদ: ব্র্যাকের সাফল্য অনেক। তবে সামনে আমাদের বহু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলো দিনের পর দিন আরও জটিল হতে থাকবে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের অগ্রাধিকারগুলোকে চিহ্নিত করতে পেরেছি। জনসংখ্যার চাপ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। বাংলাদেশ এবং বিশ্বের অন্য যে দেশগুলোতে আমরা কাজ করছি, সেখানে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ও উদ্ভাবনী সমাধান বের করতে হবে। এই কাজে তরুণ প্রজন্মের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

একটা প্রতিষ্ঠানকে যদি টিকে থাকতে হয়, তবে সমাজের সঙ্গে প্রতিনিয়ত তার সম্পৃক্ততা বাড়াতে হবে এবং বুঝতে হবে কখন সমাজের জন্য কী প্রয়োজন। একেক সময়ে একেকটা ধারা আসবে, চাহিদা আসবে, প্রয়োজনীয়তা আসবে। নতুন কর্মসূচি গ্রহণ করে সেই প্রয়োজনীয়তা যদি পূরণ করতে পারি, তবে মানুষের কাছে ব্র্যাক গ্রহণযোগ্যতা হারাবে না।

আগামী ১০ বছরে আমরা আমাদের কাজের প্রভাব পৃথিবীর আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২৫০ মিলিয়ন মানুষের কাছে ব্র্যাক যেন পৌঁছে যায়, সেটিই আমার প্রত্যাশা।

প্রথম আলো:

প্রথম আলো: কোন চিন্তা থেকে ব্র্যাক শুরু করেছিলেন? এখন ব্র্যাক যে পর্যায়ে গেছে, এটাই কি আপনার চিন্তা বা পরিকল্পনায় ছিল?

ফজলে হাসান আবেদ: ছোটবেলা থেকে আমি বেড়ে উঠেছি যথেষ্ট সচ্ছল পরিবেশে। তরুণ বয়সে এনজিও গড়ে তুলে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করব, এ রকম কোনো ভাবনা আমার একেবারেই ছিল না। ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকায় যে ভয়ংকর ঘূর্ণিঝড় হয়েছিল, তার ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে আমি মনপুরা দ্বীপে গিয়েছিলাম। সেখানে দেখলাম পানিতে শত শত মানুষ আর গরু-ছাগলের মৃতদেহ একই সঙ্গে ভাসছে! এই দৃশ্য আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। আমার মনে হয়েছিল, গরিব মানুষদেরই সবচেয়ে বেশি জীবন দিতে হয়। মনে হলো, দরিদ্র মানুষের জীবন ও জগৎ থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন। এর ঠিক পরপরই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। এবার লাখ লাখ মানুষকে যুদ্ধে মৃত্যুবরণ করতে দেখলাম। এসব ঘটনা আমাকে সম্পূর্ণই বদলে দিল। মুক্তিযুদ্ধের সময় লন্ডনে আমরা কয়েকজন বন্ধু মিলে ‘অ্যাকশন বাংলাদেশ’ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলাম। এর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করতাম। সেই সঙ্গে ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে বাংলাদেশের পক্ষে স্বীকৃতি ও সমর্থন আদায়ের চেষ্টা চালাতাম।

১৯৭২ সালের শুরুর দিকে আমি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসি এবং যুদ্ধবিধ্বস্ত দেশের এক প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের শাল্লায় প্রায় ২ লাখ মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং পুনর্বাসনের কাজ শুরু করি। সে সময় বাংলাদেশে দারিদ্র্য এতটাই প্রকট ছিল যে আমি বুঝেছিলাম, ত্রাণকাজ শেষ হলেও এই মানুষদের এভাবে ফেলে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ তখন বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। আমাদের মাথাপিছু আয় ছিল ৭০ ডলারের নিচে। তার ওপর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৩ শতাংশ। একেকজন নারী গড়ে ছয়টির বেশি সন্তান জন্মদান করতেন। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের চল ছিল না বললেই চলে। সব মিলিয়ে দারিদ্র্য বিমোচন ছিল এক বিশাল চ্যালেঞ্জ।

সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে আমি যখন ব্র্যাক শুরু করেছিলাম, দেশের মানুষকে বাঁচাতে হবে, এটাই ছিল তখন একমাত্র ভাবনা। কখনো ভাবিনি যে ব্র্যাক একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এনজিও হবে কিংবা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজের বিস্তার ঘটাবে।

স্যার ফজলে হাসান আবেদ
প্রথম আলো:

প্রথম আলো: আপনি বাংলাদেশের খারাপ অবস্থাগুলো দেখেছেন। দুর্যোগ, দুর্ভিক্ষ, শরণার্থী, অর্থনৈতিক অব্যবস্থা—এসব। আবার আপনি বাংলাদেশের অনেক ভালো কিছুও দেখছেন। অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, সামাজিক সূচকেও বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো করছে। দেশের এই অগ্রযাত্রায় ব্র্যাকের অবদান আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

ফজলে হাসান আবেদ: বেশ কিছু বিষয়ে আমরা দেশ হিসেবে দারুণ সাফল্য অর্জন করেছি। গত ৪৭ বছরে আমাদের শিশুমৃত্যুর হার ২০০ থেকে কমে ৪০-এর নিচে দাঁড়িয়েছে, মাতৃমৃত্যুর হার ৮০০ থেকে কমে ১৫৫-এর নিচে এবং জন্মের সময় প্রত্যাশিত গড় আয়ু ৪০ বছর থেকে
বেড়ে ৭০ বছর হয়েছে। অন্যদিকে জন্মহার, যা ১৯৭২ সালে ছিল ৬ দশমিক ৫, তা নেমে গেছে ২ দশমিক ২-এ।

বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব একক কোনো প্রতিষ্ঠানের নয়। তবে আমাদের গর্ব এই, এসব সাফল্য অর্জনে ব্র্যাক সরকারের বিভিন্ন কর্মসূচি এবং উদ্যোগকে সার্বক্ষণিক সহায়তা জুগিয়ে গেছে। শিশুদের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন থেকে শুরু করে খাওয়ার স্যালাইনের প্রচার ও প্রসার, বিপুলসংখ্যক গ্রামীণ স্বাস্থ্যসেবাকর্মী গড়ে তোলা, মায়েদের জন্য নিরাপদ প্রসবের ব্যবস্থা করা, যক্ষ্মারোগ মোকাবিলা থেকে শুরু করে পয়োনিষ্কাশন, পরিচ্ছন্নতা ইত্যাদি জনস্বাস্থ্য বিষয়ে ব্র্যাকের কর্মকাণ্ড দেশের স্বাস্থ্যসংক্রান্ত প্রতিটি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গত ৪৪ বছরে বাংলাদেশের সাক্ষরতার হার ২৫ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশে উন্নীত হয়েছে। স্বাস্থ্যের মতো শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে ব্র্যাকের তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে। এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের বেশি শিশু ব্র্যাকের প্রাথমিক ও প্রাক্​প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষালাভ করেছে, যাদের ৬০ শতাংশের বেশি মেয়ে। অন্যদিকে আমাদের রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উৎকর্ষের অন্যতম কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যে সুনাম অর্জন করছে।

গত ৪৭ বছরে দেশের জনসংখ্যা দ্বিগুণ হলেও শ্রমশক্তি বেড়েছে সাড়ে তিন গুণ। মজুরি শ্রমের বাজারে বিপুলসংখ্যক নারীর প্রবেশ শ্রমশক্তি বৃদ্ধির একটি বড় কারণ। ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দিয়ে এবং বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে দিয়ে আমরা লাখ লাখ দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছি। দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান করতে গিয়ে আমরা হস্তশিল্প, হাঁস-মুরগি পালন, দুগ্ধজাত পণ্য, বীজ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে শিল্প স্থাপনে অগ্রণী ভূমিকা রেখেছি।

আমি বলব, উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ দারুণ সফল হয়েছে এবং সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে ব্র্যাক সব সময় এই উন্নয়ন অভিযাত্রার অগ্রভাগে ছিল।

 ৭ অক্টোবর ২০১৯ (সংক্ষেপিত)