ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!

প্রথম আলো ২৫ বছর ধরে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে। পেয়েছে অগণিত পাঠকের অকুণ্ঠ প্রশংসা। এর অনেক প্রতিবেদন দুর্নীতির স্বরূপ উন্মোচন করেছে। আবার মানুষের জীবন বদলে দিয়েছে কোনো কোনোটি। এমন একটি প্রতিবেদনের চুম্বক অংশ তুলে আনা হলো এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননার সময় দেওয়া ক্রেস্টে যে পরিমাণ স্বর্ণ থাকার কথা ছিল, তা দেওয়া হয়নি। আর ক্রেস্টে রুপার বদলে দেওয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে। সাত পর্বে দেওয়া ওই সম্মাননার তৃতীয় পর্বে ৬১ ব্যক্তি ও সংগঠনের জন্য তৈরি করা ক্রেস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিএসটিআইয়ের কাছে পরীক্ষার জন্য পাঠায়।

নীতিমালায় বলা আছে, প্রতিটি ক্রেস্টে এক ভরি (১৬ আনা) স্বর্ণ ও ৩০ ভরি রুপা থাকবে। কিন্তু বিএসটিআইয়ের পরীক্ষায় দেখা গেছে, এক ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) জায়গায় ক্রেস্টে স্বর্ণ পাওয়া গেছে মাত্র ২ দশমিক ৩৬৩ গ্রাম (সোয়া তিন আনা)। অর্থাৎ প্রায় ১২ আনাই নেই। আর রুপার বদলে ৩০ ভরি বা ৩৫১ গ্রাম পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু পাওয়া গেছে।

উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়া এই ক্রেস্ট কেনা হয়েছিল। ৩৩৮টির মধ্যে ৬০টি ছাড়া বাকি সব ক্রেস্ট সরবরাহ করেছে এমিকন নামের একটি প্রতিষ্ঠান। তবে ৬০টি ক্রেস্ট কোন প্রতিষ্ঠান সরবরাহ করেছে, তা জানা সম্ভব হয়নি।

২০১১ থেকে ২০১৩ সালের অক্টোবরের মধ্যে এই সম্মাননা দেওয়া হয়েছিল। তখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এ বি তাজুল ইসলাম। বিএসটিআইয়ের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে  বলেন, ‘আমি ইন্দিরা গান্ধীর ক্রেস্টের বিষয়টি তদারক করেছি। কারণ, ওটা পুরোটাই স্বর্ণ ছিল। অন্যগুলোর বিষয়ে নজর দিতে পারিনি।’

ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান দুই সচিব মিজানুর রহমান এবং কে এইচ মাসুদ সিদ্দিকীসহ ১৩ কর্মকর্তা ও দুই সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি নথিপত্র পর্যালোচনা ও বিভিন্ন পর্যায়ের মতামত নিয়ে এবং একটি ক্রেস্ট সংগ্রহ করে আবার পরীক্ষা করিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। 

তদন্ত কমিটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীকে দায়ী করে বলেছে, তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে অবহেলা করেছেন। কোনোরূপ প্রশ্ন বা যাচাই না করে সাবেক প্রতিমন্ত্রীর কাছে নথি পাঠিয়েছেন। প্রতিমন্ত্রী নথি পাওয়ার দিনেই তা অনুমোদন করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী শাখা পর্যায় থেকে উপস্থাপিত নথিতে স্বর্ণের ক্যারেট উল্লেখ না করার দায়ভার অধীন কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে দিয়েছেন, যা অনভিপ্রেত। শেষে ২০১৪ সালের আগস্টে সচিব মাসুদ সিদ্দিকীকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

প্রকাশ: ৬ এপ্রিল ২০১৪