কামিনীগাছ ও প্রথম আলোর মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ তলার এই কামিনীগাছ যখন দেখি, আমার চিন্তায় অন্য কিছু আসে
ছবি: প্রথম আলো

১৩ তলায় প্রথম সংস্করণের কাজ শেষ হলে ১২ তলায় নিজের চেয়ারে এসে বসি। এরপর আমার দুই সিট পেছনে উৎপল শুভ্রদার টেবিলের সামনে কামিনীগাছটার কাছে গিয়ে দাঁড়াই। গাছটায় সারা বছরই ফুল ফোটে। কখনো কখনো এত ফুল ফোটে যে দেখে মনে হয়, সাদা পরিরা গল্পের আসর বসিয়েছে। ফুল ফোটা অবস্থায় গাছটি দেখতে ভালো লাগে। কিছু ফুল ঝরে নিচে গড়াগড়ি খায়, তা–ও দেখতে ভালো লাগে।

আমি হৃদয়-মন ভরে কামিনীর ঘ্রাণ নিই। কাজের ক্লান্তি দূর হয়। জেগে উঠি, বেঁচে উঠি। রাত দেড়টা বা দুইটায় নগর সংস্করণের কাজ শেষ করে বাসার পথ ধরার আগে আরেকবার কামিনী ফুলের ঘ্রাণ নিই।

প্রথম আলো বাংলাদেশে অনলাইন ও প্রিন্ট উভয় ক্ষেত্রেই সাংবাদিকতার নেতৃত্ব দিচ্ছে সুসাংবাদিকতা দিয়েই। আগামী দিনগুলোতে এই নেতৃত্ব অব্যাহত রাখতে হলে এখনই তরুণ কর্মীদের সর্বোচ্চ দক্ষ করে গড়ে তোলা দরকার।

কখনো কখনো গাছটির সঙ্গে মুঠোফোনে ছবি তুলি। কখনো কখনো রাতে গাছটির গোড়ায় পানি দিই। পাশ দিয়ে যাওয়ার সময় মনে হয়, গাছটি বলছে, ‘আমার খিদে পেয়েছে। আমাকে খাবার দাও।’ তাড়াতাড়ি এক মগ পানি গোড়ায় ঢেলে দিই।

এ রকম কামিনী ফুলের গাছ যদি প্রথম আলোর বিভিন্ন ফ্লোরে আরও রাখা যায়, তাহলে অন্য কর্মীরাও ফুলের ঘ্রাণ নিয়ে কাজের ক্লান্তি দূর করতে পারবেন। ভালো মন নিয়ে কাজ করতে পারবেন।

১২ তলার এই কামিনীগাছ যখন দেখি, আমার চিন্তায় অন্য কিছু আসে। মনে হয়, প্রথম আলোর প্রতে৵ক কর্মীই একেকটি কামিনীগাছ। প্রথম আলোর প্রতে৵কেরই এই গাছের মতো সারা বছর ফুলের সৌরভ ছড়ানোর ক্ষমতা রয়েছে। সামর্থ্য আছে নতুন পাতা গজানোর। দরকার কেবল যথাযথ ও নিবিড় পরিচর্যা।

সেদিন দ৵ ইকোনমিস্ট পত্রিকায় পড়ছিলাম, মাইকেল নগুয়েন নামে এক করপোরেট ব্যক্তিত্বের একটি কথা। পড়ার পর ভাবছিলাম অনেকক্ষণ ধরে। খুব যে নতুন কথা তিনি বলেছেন তা–ও নয়, তবে কথাটি জরুরি। ভদ্রলোক নামকরা উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের ভিয়েতনামপ্রধান। তিনি বলেন, ভিয়েতনামকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া বা তাইওয়ান হতে গেলে কেবল অবকাঠামোয় বিনিয়োগ করলে হবে না, মানুষের ওপরও বিনিয়োগ করতে হবে। তবেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় নেতৃত্ব দিতে পারবে দেশটি।

মাইকেল নগুয়েনের কথার সঙ্গে মিলিয়ে বলতে চাই, নতুন নতুন প্রযুক্তি ও অবকাঠামোয় বিনিয়োগ এখন সময়ের দাবি। আর এই প্রযুক্তি ও অবকাঠামোর সর্বোচ্চ সুবিধা নিতে হলে দরকার যথাযথ প্রশিক্ষণ। প্রতে৵ককে প্রশিক্ষণ নিয়ে যেমন দক্ষ হতে হবে, তেমনি সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের দরকার শিল্প-সাহিত্য-সংস্কৃতি আর ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান। এই দুই দিকেই মানুষকে দক্ষ হয়ে ওঠার সুযোগ করে দিতে হবে; আর কর্মী বা মানুষেরও সে সুযোগ নিতে হবে।

প্রথম আলো বাংলাদেশে অনলাইন ও প্রিন্ট উভয় ক্ষেত্রেই সাংবাদিকতার নেতৃত্ব দিচ্ছে সুসাংবাদিকতা দিয়েই। আগামী দিনগুলোতে এই নেতৃত্ব অব্যাহত রাখতে হলে এখনই তরুণ কর্মীদের সর্বোচ্চ দক্ষ করে গড়ে তোলা দরকার।

প্রথম আলো সম্পাদক শ্রদ্ধেয় মতিউর রহমান সব সময় বলেন, প্রথম আলো সব ক্ষেত্রেই বাংলাদেশের বিজয় দেখতে চায়। সে লক্ষ্য ঘিরেই প্রথম আলোর সমস্ত কাজ।

প্রথম আলোর উদ্যোক্তা প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান একাধিকবার বলেছেন, তাঁর ইচ্ছা, এই গণমাধ্যম প্রতিষ্ঠান শত বছর বেঁচে থাকুক।

প্রথম আলো পরিবারের সব সদস্যই সম্পাদক ও প্রয়াত চেয়ারম্যানের ইচ্ছাকে মনেপ্রাণে ধারণ করেন। সে জন্যই এর প্রতে৵ক কর্মীকে ১২ তলার পুষ্পিত এই কামিনীগাছ হয়ে উঠতে হবে। আর তখন প্রথম আলোর প্রতে৵ক পাঠকই ফুলের ঘ্রাণ পাবেন।

প্রিয় কবি মহাদেব সাহার ‘মানুষের সাথে থাকো’ কবিতা দিয়ে শেষ হোক এ অনুভূতি প্রকাশ—‘মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই/মানুষের সাথে থাকো সব দুঃখ দূর হয়ে যাবে/কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস।’

  • কাজী আলিম-উজ-জামান, প্রথম আলোর উপবার্তা সম্পাদক।
    [email protected]