পঁচিশের নির্বাচিত
অবরুদ্ধ ঢাকা থেকে ভারতে, তাজউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ
প্রথম আলোর বয়স মাত্র ২৫ বছর, কিন্তু এর অর্জন অনন্য। প্রথম আলো তার স্বপ্নের পথে এগোতে এগোতে বাংলাদেশের সংবাদমাধ্যমে অভূতপূর্ব কিছু মাইলফলক স্থাপন করেছে। সাহসী সাংবাদিকতা, উদ্ভাবনী পরিকল্পনা, দেশ ও বিদেশের অগ্রগণ্য মানুষের সম্পৃক্ততা ছিল এর শক্তি। প্রথম আলোর ২৫ বছরের নির্বাচিত ও সংক্ষেপিত বিষয়বস্তু থেকে পাওয়া যাবে এর স্বতন্ত্র পথরেখার নিশানা।
১২ মে (১৯৭১) সকাল ১০টায় আমি বালিগঞ্জ সার্কুলার রোডের একটি দোতলা বাড়িতে পৌঁছাই। এরপর আমাকে নিয়ে যাওয়া হয় দোতলার ছোট একটা কক্ষে। সেখানে আমি দেখতে পাই তাজউদ্দীন আহমদ দরজার পাশে তাঁর চিরাচরিত হাসিমুখে, তাঁর নিত্যদিনের হালকা ধূসর রঙের ট্রাউজার আর সাদা ছোট আস্তিনের শার্ট পরা অবস্থায়। অবয়বে একজন বিদ্রোহী নেতার কোনো দৃশ্যমান ছাপ ছাড়াই দরজার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি মৃদু অভিযোগ জানালেন, কেন আমি এত দেরিতে এলাম। তিনি এই ধারণার বশবর্তী ছিলেন যে দুই সপ্তাহ আগে তাঁর পাঠানো বার্তা আমি পেয়েছিলাম, যা আদতে আমার কাছ পৌঁছায়নি।
এর আগে তাজউদ্দীনের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঘটে ৫ মার্চ। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন আমি যাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আগাম আক্রমণের বিষয়ে মেজর মসিহ-উদ-দৌলার পাঠানো বার্তা নিয়ে তাজউদ্দীনের সঙ্গে আলাপ করি। কারণ, দৌলা চেয়েছিলেন এ রকম সিদ্ধান্ত আসতে হবে সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্বের কাছ থেকে। তাজউদ্দীন আমাকে বলেছিলেন, এ ক্ষেত্রে এ ধরনের পরামর্শের কোনো সুযোগ নেই। তাজউদ্দীন আরও বলেছিলেন, তাঁর দলের অভ্যন্তরে তখন এই মতামতই প্রবল ছিল যে পাকিস্তান সেনাবাহিনী কোনো রকম বাড়াবাড়ি করতে সাহস করবে না; যেহেতু যুক্তরাষ্ট্র এই প্রদেশে শান্তি–শৃঙ্খলা বজায় রাখার অনুকূলে কাজ করছে।
তাজউদ্দীন চেয়েছিলেন আমি যেন এই ধারণার যৌক্তিকতা যাচাই করে দেখি। কিছুটা অনুসন্ধান চালানোর পর দ্বিতীয়বার আমি তাঁর সঙ্গে দেখা করি মার্চের ১১ তারিখে। তখন তাঁকে বলি যে যুক্তরাষ্ট্রও ঢাকার অন্য দেশের কনস্যুলেটগুলোর মতোই অত্যাবশ্যক নয়—এমন কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নিতে শুরু করেছে। এটা ইঙ্গিত করছে তাঁদের এমন আশঙ্কাই রয়েছে যে পাকিস্তান শিগগিরই একটা গভীর সংকটের দিকে পা বাড়াবে।
দ্বিতীয়বার দেখা করার সময় আমি তাঁকে জিজ্ঞাসা করি, এই অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁরা মেজর দৌলার আগাম আক্রমণের প্রস্তাবকে কাজে লাগাবেন কি না। তিনি বলেন, তিনি তা করা ছাড়া অন্য কোনো বিকল্প দেখছেন না। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে তাঁর একেবারেই কোনো ক্ষমতা নেই।
তৃতীয়বার আমি স্বল্প সময়ের জন্য তাঁর সঙ্গে মিলিত হই মার্চের ২২ তারিখ সকালে। উদ্দেশ্য ছিল ইয়াহিয়ার ক্ষমতা হস্তান্তরের নতুন বিকল্প প্রস্তাব বিষয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে। কিন্তু অন্য অনেকের উপস্থিতিতে কথা বলতে তাঁর অসুবিধা হচ্ছিল। তবু তিনি আসন্ন ঘটনা বিষয়ে অনিশ্চয়তার স্পষ্ট ইঙ্গিত করেছিলেন। তারপর সমুদ্রসম বিশাল পরিবর্তন ঘটে যায়।
যাহোক, কলকাতায় বালিগঞ্জের বাড়িতে দেখা হওয়ার পর ব্যক্তিগত কুশলাদি বিনিময় শেষে প্রথম যে প্রশ্নটি তাজউদ্দীন করলেন, তা হলো, ঢাকায় আমার দেখা লোকজনের কত অংশ মনে করে যে প্রয়োজনীয় কার্য সম্পাদনে প্রবাসী বাংলাদেশ সরকারের সক্ষমতা সম্পর্কে তাদের কতখানি আস্থা আছে? আমি স্বীকার করি যে এ বিষয়ে নির্দিষ্ট কিছু আমার জানা নেই। মোটের ওপর জনগণ তখন পর্যন্ত এতটাই ভীতসন্ত্রস্ত ছিল যে রাজনৈতিক বিষয়াদি নিয়ে কোনো আলাপ–আলোচনা করত না। তাদের মধ্যে খুব অল্পসংখ্যক এসব বিষয়ে কথা বলত এবং তারা সম্ভবত বিশ্বাস করত যে এই ভীতিকর পরিস্থিতি থেকে মুক্ত হওয়ায় চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নেই।
তাজউদ্দীনকে আরও বলেছিলাম, মানুষের আস্থা সম্ভবত তাদের পক্ষেই তৈরি হবে, যারা দেশের অভ্যন্তরে প্রতিরোধযুদ্ধের পুনরুজ্জীবন ঘটাতে এবং সীমান্তের এপার থেকে আক্রমণ সংগঠিত করতে পারবে। এটা একটা ভালো লক্ষণ যে সম্প্রতি কিছুসংখ্যক গুপ্ত সংগঠন এবং যাদের সামর্থ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা নেই, তারা ঢাকা শহর ও আশপাশের অঞ্চলে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কিন্তু বুঝতে পারা যায়, সাধারণ মানুষের রাজনৈতিক মনোবল ক্রমেই তলানিতে চলে যাচ্ছে। তড়িৎগতিতে এটা ফিরিয়ে আনার চেষ্টা করা প্রয়োজন। আমার মনে হয় একমাত্র যে উপায়ে এই মনোবল বৃদ্ধি করা যেতে পারে, তা হলো সীমান্তের এপার থেকে ইবিআর ও ইপিআরের বিদ্রোহীদের পাঠিয়ে তুলনামূলক দুর্বল পাকিস্তানি অবস্থানগুলোর ওপর ধারাবাহিক আক্রমণ চালানো।
কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডের বাসায় আমার মন্তব্যের সরাসরি জবাব তাজউদ্দীন আহমদ না দিয়ে জানতে চেয়েছিলেন সার্বিকভাবে বিরাজমান অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ।
আমি তাঁকে বলি, আমরা যারা ঢাকায় ছিলাম, তারা গ্রামাঞ্চলে কী ঘটছে, তা কমই জানতাম। প্রথম রাতের বর্বরতার মাত্রায় নগরবাসী ছিল সম্পূর্ণভাবে আতঙ্কগ্রস্ত। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দূরবর্তীভাবেও যাঁরা সম্পর্কযুক্ত, এমন লোকজনও প্রথমবার কারফিউ ওঠা মাত্রই ঢাকা ছাড়তে শুরু করেছিলেন। সেই মুহূর্তে কী করা উচিত, সে বিষয়ে সাধারণ জনগণের কাছে কোনো রাজনৈতিক দিকনির্দেশনা পৌঁছানো হয়নি।
এদিকে কারফিউর সময় কমিয়ে এনে পাকিস্তানের সেনা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে বলা হয়েছিল তাদের নিজ নিজ কাজে যোগ দিতে। লোকজন কদাচিৎ নিজেদের মধ্যে কথা বলত। না জানি আবার তাদের কথা অনাকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া হয়। ফটাফট গ্রেপ্তার, সঙ্গে সঙ্গে প্রাণদণ্ড অথবা গুম হয়ে যাওয়ার সার্বক্ষণিক ভয় লোকজনকে করে তুলেছিল মারাত্মকভাবে ভীত।
ক্র্যাকডাউনের পর থেকে দুই সপ্তাহ পর্যন্ত জনগণ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কী করণীয়, সে বিষয়ে একটি কথাও শোনেনি। এ সময় সেনাবাহিনীর একজন অপরিচিত বাঙালি মেজর জিয়াউর রহমান স্বাধীনতা–সম্পর্কিত এক চমক সৃষ্টিকারী ঘোষণা দেন ক্র্যাকডাউনের পরপরই। তবে এর প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তা ছাড়া তিনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন না।
৬ অক্টোবর ২০২১ (সংক্ষেপিত)