পরচুলায় নারীদের আয়

গাইবান্ধার দুটি উপজেলার পাঁচটি গ্রামের ৩৭০ নারী পরচুলা তৈরির কাজ করেন। প্রতি মাসে তাঁরা অন্তত আট হাজার টাকা আয় করছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার খামারবোয়ালি গ্রামে মাথার চুল দিয়ে পরচুলা তৈরি করছেন এক নারী শ্রমিক। ইনসেটে পরচুলা তৈরির কাজ নারী শ্রমিকদের বুঝিয়ে দিচ্ছেন কারখানার ব্যবস্থাপক
ছবি: প্রথম আলো

সংসারের অভাব দূর করতে কেউ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। কেউ কাজ করতেন দিনমজুরির। যাঁদের কাজ করার উপায় ছিল না, তাঁরা অর্ধাহারে–অনাহারে দিন কাটাতেন। কিছুদিন আগেও তাঁরা এ রকম দুরবস্থার মধ্যে ছিলেন। কিন্তু এখন পরচুলা তৈরি করে তাঁদের অভাব দূর হয়েছে। প্রতি মাসে প্রত্যেকে আয় করছেন ১০ হাজার টাকা। এই টাকায়ই সংসারের সুখ ফিরে এসেছে গাইবান্ধার প্রত্যন্ত এলাকার পাঁচ গ্রামের নারীদের।

গাইবান্ধা জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে খামারবোয়ালি গ্রাম। গ্রামটি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নে। এই গ্রামেই গড়ে তোলা হয়েছে পরচুলা তৈরির কারখানা। এর নাম সততা হেয়ার প্রসেসিং কারখানা। এখানে কাজ করছেন ৩৫০ জন নারী। এই প্রতিষ্ঠানের অধীন দুই উপজেলায় আরও চারটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো সদর উপজেলার তিনমাইল ও বাদিয়াখালী এবং ফুলছড়ি উপজেলার কালিরবাজার ও মদনেরপাড়ায়। এসব স্থানের পাঁচটি কারখানায় ৭৮০ জন নারী কাজ করছেন।

খামারবোয়ালি সততা হেয়ার প্রসেসিং কারখানার কার্যালয় সূত্র জানায়, দিনাজপুর জেলার বাসিন্দা রাজু আহম্মেদ চুল দিয়ে ক্যাপ তৈরির প্রধান উদ্যোক্তা। তাঁর উদ্যোগে প্রথমে গাইবান্ধার খামারবোয়ালি গ্রামে এই কর্মযজ্ঞ শুরু হয়।

পরচুলা তৈরির আদ্যোপান্ত

প্রথম ক্ষুদ্র চুল ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে নারীদের মাথার ঝরে পড়া চুল সংগ্রহ করেন। তাঁরা প্লাস্টিকসামগ্রী, আচার, চকলেটের বিনিময়ে এসব চুল কিনে আনেন। তাঁরা এসব চুল দিনাজপুরের মহাজনদের কাছে বিক্রি করেন। দিনাজপুরের কয়েকটি কারখানায় গুটিবাঁধা এসব চুল প্রাথমিকভাবে প্রক্রিয়াজাত করা হয়। পরে পরচুলা রপ্তানিকারক কারখানাগুলো মহাজনদের কাছ থেকে প্রতি কেজি চুল ১০ হাজার টাকায় কিনে তা চীনে পাঠিয়ে দেয়। চীনে এসব চুল দ্বিতীয়বার প্রক্রিয়াজাত করা হয়। এসব প্রক্রিয়াজাত করা চুল বাংলাদেশে পাঠানো হয়। চীন থেকে প্রতি কেজি প্রক্রিয়াজাত করা চুল ৬০ হাজার টাকায় কিনতে হয়। এরপর চীনের ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী পরচুলা তৈরির কার্যাদেশ দেন। দুই উপজেলার পাঁচটি কারখানায় মাসে প্রায় দেড় হাজার ক্যাপ তৈরি হচ্ছে। কয়েক মাস পরপর চীনে ক্যাপ পাঠানো হচ্ছে। প্রতি ক্যাপে লাভ হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকা।

নারী শ্রমিকদের আয়

পরচুলা তৈরির জন্য নারীদের ৭ থেকে ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেক নারী মাসে ৭ থেকে ১০টি পরচুলা (চুলের ক্যাপ) তৈরি করতে পারেন। আকারভেদে একটি চুলের ক্যাপ তৈরি করতে একজন নারী শ্রমিক ৫০০ থেকে ২০০০ হাজার টাকা পান।

সূত্রটি জানায়, দুই উপজেলার পাঁচটি কারখানায় মাসিক প্রায় দেড় হাজার চুলের ক্যাপ তৈরি হচ্ছে। কয়েক মাস পরপর চীনে ক্যাপ পাঠানো হচ্ছে। উপার্জন হচ্ছে বৈদেশিক মুদ্রা। ক্যাপপ্রতি প্রতিষ্ঠানের লাভ হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকা।

কারখানায় এক দিন

সম্প্রতি খামারবোয়ালি গ্রামে সততা হেয়ার প্রসেসিং কারখানায় গিয়ে পরচুলা তৈরির কর্মযজ্ঞ দেখা গেছে। কারখানার ভেতর নারীরা পরচুলা তৈরিতে ব্যস্ত। কেউ কাজের তদারকি করছেন, কেউ চুল মেপে দিচ্ছেন, কেউ তৈরি করা পরচুলা বুঝে নিচ্ছেন। দেখতে মনে হয়, পোশাক কারখানায় কাজ চলছে।

কাজে ব্যস্ত বোয়ালি ইউনিয়নের খেয়াঘাট গ্রামের রোমানা আকতার। দুই বোন, এক ভাই নিয়ে তাদের পাঁচ সদস্যের সংসার। বাবা রবিউল ইসলাম অন্যের জমি বর্গাচাষ করেন। সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই সংসার চালাতে বাবাকে সহায়তা করতে রোমানা পরচুলা তৈরির কাজ করেন। রোমানা জানান, দুই মাস ধরে তিনি এখানে কাজ করছেন। প্রতি মাসে তাঁর আট হাজার টাকা আয় হচ্ছে। এই টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালানোর পরও সংসারে জোগান দিতে পারছেন।

খামারবোয়ালি গ্রামের রিনা বেগম (৩৪) জানান, তিন ছেলেমেয়ে নিয়ে তাঁর পাঁচ সদস্যের সংসার। স্বামী বাদশা মিয়া রাজমিস্ত্রীর কাজ করেন। তাঁর আয়ে সংসার চলে না। বাধ্য হয়ে তিনি পরচুলা তৈরির কাজ নেন। চুলের কারখানায় কাজ করে তাঁর মাসে ৮ থেকে ১০ হাজার টাকা আয় হচ্ছে।

পরচুলা তৈরির কাজ তদারকির দায়িত্বে থাকা আবদুল করিম বলেন, গ্রামে যাঁরা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন, পরচুলা তৈরির কাজ করে তাঁরাও এখন নিজের পায়ে দাঁড়িয়েছেন।

এসব বিষয়ে সততা হেয়ার প্রসেসিং কারখানার ব্যবস্থাপক ফিরোজ কবির প্রথম আলোকে বলেন, প্রাথমিক অবস্থায় তাঁদের কম লাভ হচ্ছে। তিনি আরও বলেন, এলাকায় কাজ করার মতো দক্ষ শ্রমিক পেলে আরও ২০ থেকে ২৫টি কারখানা তৈরি করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক রবীন চন্দ্র রায় বলেন, উদ্যোক্তারা চাইলে তাঁদের ঋণসহায়তা দেওয়া হবে।