বেগম রোকেয়া পাঠাগার

বেগম রোকেয়ার জন্মস্থানে তাঁর নামে একটি পাঠাগার গড়ে তুলেছেন এক শিক্ষানুরাগী ব্যক্তি। তাঁর নাম রফিকুল ইসলাম। পাঠাগারটির কারণে এই এলাকায় সব বয়সী মানুষ বই পড়ায় আগ্রহী হয়ে উঠেছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার
ছবি: মঈনুল ইসলাম

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি জন্মে ছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে। এই মহীয়সী নারীর এলাকায় শিক্ষার হার কম ছিল। তাই এলাকার মানুষের জীবন শিক্ষার আলোয় আলোকিত করতে এগিয়ে এলেন এক ব্যক্তি। স্থাপন করলেন একটি পাঠাগার। নাম দিলেন ‘বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার’। ৩৫ বছর আগে প্রতিষ্ঠিত এ পাঠাগারে এখন শত শত মানুষ বই পড়ার জন্য আসেন।

পাঠাগার প্রতিষ্ঠাতা ওই শিক্ষানুরাগী ব্যক্তির নাম রফিকুল ইসলাম। বাড়ি পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে। ছোটবেলা থেকে বই পড়ায় ব্যাপক আগ্রহ ছিল তাঁর। পড়তে পড়তে জমে যায় অনেক বই। তাঁর বাড়িতে জমে থাকা আড়াই শ বই দিয়ে যাত্রা শুরু করলেন পাঠাগারের। এখন সেই পাঠাগারে সাড়ে পাঁচ হাজার বই আছে।

পাঠাগার প্রতিষ্ঠার পেছনের গল্প

কয়েক দিন আগের কথা। ‘বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার’ প্রতিষ্ঠার পেছনের গল্প সম্পর্কে জানতে এই প্রতিনিধি ছুটে যান খোর্দ্দ মুরাদপুর গ্রামে। সেখানে দেখা হয়ে যায় পাঠাগারটির প্রতিষ্ঠাতা রফিকুলের ইসলামের সঙ্গে। কথায় কথায় তিনি জানান, ১৯৮৫ সালে তিনি একটি ছোট্ট টিনের ঘরে পাঠাগারটি চালু করেন। তখন পাঠক ছিলেন মাত্র ১১ জন। এর মধ্যে তিনজন নারী ও আটজন পুরুষ ছিলেন। এখন পাঠকসংখ্যা চার শতাধিক।

এই অজপাড়াগাঁয়ে কেন পাঠাগার প্রতিষ্ঠার করলেন—এমন প্রশ্নের জবাবে রফিকুল জানান, ‘আমি ছোটবেলা থেকে বই পড়তাম। জমির ধান ও ফসল বিক্রি করে লেখকদের নতুন নতুন বই কিনে পড়তাম। এসব বই পড়তে পড়তে বাড়িতে ঘরে মধ্যে বইগুলো স্তূপ হয়ে থাকত। তখন ভাবলাম, রোকেয়া জন্মভূমির স্থানে একটি পাঠাগার গড়ে তুলব। সামাজিক সচেতনতার বড় মাধ্যম হলো বই। তাই নতুন নতুন পাঠক তৈরিতে পাঠাগার গড়ে তুলি।’

রফিকুল ইসলাম আরও জানান, এই পাঠাগারে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখকসহ অনেক বিশিষ্ট ব্যক্তি পাঠাগার ঘুরে দেখেছেন। এদের মধ্যে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভাষাবিজ্ঞানী মনসুর মুসা, লোকসংগীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী, ইতিহাসবিদ ও লেখক মুনতাসীর মামুন, সৈয়দ আনোয়ার হোসেন, কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, নাট্যকার মামুনুর রশীদ, অভিনেত্রী কবরী সারোয়ার, লেখক রাবেয়া খাতুন, মুক্তিযোদ্ধা দিদারুল আলম (বীর প্রতীক), অধ্যাপক রওশন আরা খান, লতিফা আকন্দ প্রমুখ রয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খোর্দ্দ মুরাদপুর গ্রামে প্রায় আট শ পরিবার আছে। এর মধ্যে অধিকাংশ পরিবারের সদস্যরা এই পাঠাগারের বই পড়েছেন। এখনো পড়ছেন। বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছেন রাজু আহমেদ ও রফিকুল ইসলাম।

বেগম রোকেয়ার বসতভিটার শেষ স্মৃতিচিহ্নের পাশেই এই পাঠাগার। ৩০ ফুট বাই ২০ ফুটের দোচালা একটি ঘর। মাঝখানে একটি টেবিল। চারদিকে বইয়ের সেলফ। টেবিলে একসঙ্গে ২০ থেকে ২৫ জন পাঠক বসে বই পড়তে পারেন। চারদিকের আলমারিগুলোতে থরে থরে বই সাজিয়ে রাখা হয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম
ছবি: মঈনুল ইসলাম

পাঠকদের প্রতিক্রিয়া

খোর্দ্দ মুরাদপুর গ্রামের পাশের সদরপুর গ্রামের সুমাইয়া সীমা জানান, ‘আমি দীর্ঘদিন ধরে এই পাঠাগারের পাঠক। কখনো পাঠাগারে এসে বই পড়ে থাকি। আবার কখনো এখান থেকে বই নিয়ে গিয়ে বাড়িতে পড়ি। এখন কয়েকটি বই বাড়িতে আছে।’

পায়রাবন্দ কলেজের পিয়ন কামাল হোসেন (৪৬) বলেন, ‘এখানে দেশ–বিদেশের অনেক ভালো বই বিনা পয়সায় পড়ার সুযোগ পেয়েছি। নিয়মিত বই পড়ে চলেছি। সন্তানেরাও পাঠাগারে এসে বই পড়ছে।’

পাঠাগারে কথাসাহিত্যিক ও বিশিষ্ট লেখকদের বই থাকায় মুগ্ধ লাইলি বেগম নামের একজন গৃহিণী। তিনি জানান, বই পড়তে ভালো লাগে। পাঠাগার থেকে নিয়মিত বই নিয়ে পড়েন। জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের বই পড়তে তাঁর ভালো লাগে। আনিসুল হকের চিয়ারি বা বুদু ওরাঁও কেন দেশ ত্যাগ করেছিল বইটি তাঁর খুব ভালো লেগেছে।

পাঠাগারে আসা অতিথিদের মন্তব্য লেখার একটি মন্তব্য খাতা রয়েছে। ওই খাতার পাতা উল্টাতে গিয়ে জানা যায়, এখানে দেশ–বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তি এসেছেন। তাঁরা ওই খাতায় মন্তব্য লিখেছেন। এমন উল্লেখযোগ্য কিছু ব্যক্তির মন্তব্য এখানে তুলে ধরা হলো।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস লিখেছেন, ‘বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবে রূপায়িত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী লিখেছেন, ‘আলো দিয়ে আলো জ্বালানোর যে ব্রত বেগম রোকেয়া করেছিলেন, আজও তা অম্লান।’

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লিখেছেন, ‘রোকেয়ার আদর্শকেন্দ্রিক এই পাঠাগারটি দ্রুত আরও বিকশিত হোক।’

এই পাঠাগারে একাত্তরের দলিল, পায়রাবন্দ কাহিনী, একাত্তরের দিনগুলি, আমি বিজয় দেখেছি, স্বাধীনতা ’৭১, মূলধারা ’৭১, লক্ষ প্রাণের বিনিময়ে, নিয়াজির আত্মসমর্পণের দলিল, কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী, চিয়ারি বা বুদু ওরাঁও কেন দেশত্যাগ করেছিল, আয়েশামঙ্গলসহ বেশ কিছু বই রয়েছে।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, পাঠাগারটি গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন রফিকুল ইসলাম। গড়ে প্রতিদিন ৬০ থেকে ৮০ জন পাঠক বই পড়ছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে পাঠাগার।

পাঠাগারের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, ‘পাঠক সৃষ্টির জন্য একসময় বাড়ি বাড়ি বই পৌঁছে দিতাম। বর্তমানে পাঠকেরা নিজেরাই পাঠাগারে আসছেন। এখানে আগে দৈনিক পত্রিকা রাখা হতো। তবে বর্তমানে অর্থের অভাবে দৈনিক পত্রিকা রাখা সম্ভব হচ্ছে না।’ তিনি আরও জানান, পাঠাগারে বই সংগ্রহ হয়ে থাকে অনুদান হিসেবে। কেউ কেউ টাকা দেন বই কেনার জন্য। আবার কেউ কেউ বই পাঠান। আবার অনেকের কাছে বইয়ের তালিকা দেওয়া হলে তাঁরাই বই কিনে পাঠান। এ ছাড়াও মাঝেমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন নিজ উদ্যোগে এখানে বই পাঠিয়ে থাকেন।

পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জার রহমান বলেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধরে রাখার জন্য তিনি (রফিকুল ইসলাম) অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। বই পড়ার আন্দোলন অব্যাহত আছে।