অটোরিকশা-টেম্পোকে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলা বাসচালক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেনের সঙ্গে তিন গাড়ির সংঘর্ষে পুলিশসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর নাম শহিদুল আলম। আজ বৃহস্পতিবার সকালে জেলার মিরসরাই এলাকা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মিরসরাই থেকে বাসচালক শহিদুলকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক পাশে লোহার বার ফেলা ছিল। অন্য পাশের গেট খোলা থাকায় ওই পাশে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো দাঁড়িয়ে ছিল। ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় জিইসি মোড় থেকে আসা দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও একটি টেম্পোকে ধাক্কা দিয়ে ট্রেনের ওপর আছড়ে ফেলে। নাজিরহাট থেকে ডেমু ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। ওই দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন।
ঘটনার পর বাসচালককে আসামি করে রেলওয়ে থানায় মামলা করে পুলিশ। তবে বাসচালক গ্রেপ্তার হলেও মালিক এখনো পলাতক।
ঘটনার পর গেটম্যান আশরাফুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করতে রেলওয়ে থানা-পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত মঙ্গলবার কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।