আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনে প্রতিষ্ঠা হয় যুবলীগ।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এক বিবৃতিতে বলেন, যুবলীগ বিশ্বাস করে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য দক্ষ ও যোগ্য যুবশক্তি তৈরি করতে হলে মেধা ও মননভিত্তিক রাজনৈতিক চর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে যুবলীগ কাজ করে যাচ্ছে।
যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল আটটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণির কবরে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।